রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:২৭ পি.এম
বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে ১০০ কোটি মার্কিন ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনার লক্ষ্যে নিউইয়র্কে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নিয়ে একটি সম্মেলন আয়োজন করেছে গ্লোবাল ডিজিটাল অপারেটর ভিওন এবং এর বাংলাদেশি শাখা বাংলালিংক।
গত বৃহস্পতিবার, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে নিউইয়র্ক সিটিতে এই বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাও!’ উদ্যোগের আওতায় এটি ছিল প্রথম আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন।
সম্মেলনে বৈশ্বিক বিনিয়োগকারী, উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগের সুযোগ, সম্ভাবনা এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের পরিবেশ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
ভিওন চলতি বছরের শুরুতে ‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাও!’ উদ্যোগটি চালু করে। বাংলাদেশ সরকারের সঙ্গে প্রস্তাবিত পাবলিক-প্রাইভেট অংশীদারিত্বের আওতায় প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। তারা বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে মোট ১০০ কোটি ডলারের এফডিআই আনার লক্ষ্য নির্ধারণ করেছে।
সম্মেলনে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনিসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধি, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং ব্ল্যাকরক, রথসচাইল্ড, আন্তর্জাতিক ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরাও সম্মেলনে উপস্থিত ছিলেন।
ভিওন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কান তেরজিওগ্লো মন্তব্য করেন, বাংলাদেশের ডিজিটাল রূপান্তর দেশটিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের বিশাল সুযোগ তৈরি করেছে। এই সুযোগ কাজে লাগাতে ভিওন ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের এফডিআই আনতে আন্তর্জাতিক অংশীদারদের যুক্ত করার কার্যক্রম চলছে।
তিনি আরও বলেন, বাংলালিংকের মাধ্যমে ভিওন কানেক্টিভিটি থেকে ডিজিটাল সেবায় কার্যক্রম সম্প্রসারণ করছে। এর ফলে গ্রাহকদের অর্থ পরিশোধ, বিভিন্ন সেবা গ্রহণ এবং দেশের অর্থনীতিতে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
ভিওনের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা অগি কে ফাবেলা জানান, যেসব দেশের ডিজিটাল সম্ভাবনা এখনো বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে যথাযথভাবে পৌঁছেনি, সেসব দেশে বিনিয়োগ করে আসছে ভিওন। প্রতিষ্ঠানটি বাংলাদেশের বড় তরুণ জনগোষ্ঠী ও দ্রুত বিকাশমান ডিজিটাল অর্থনীতিকে ভবিষ্যৎ বিনিয়োগের গুরুত্বপূর্ণ সম্ভাবনা হিসেবে দেখছে।
সম্মেলনে বাংলালিংকের ডিজিটাল সেবা সম্প্রসারণের সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছ থেকে স্টারলিংকের ডিরেক্ট-টু-সেল বা স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালুর অনুমোদন। এর ফলে প্রচলিত মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থাকা এলাকায় উপযুক্ত মোবাইল ফোন সরাসরি স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবে। প্রতিষ্ঠানটির দাবি, দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসেবে বাংলাদেশে এ সেবা চালু হচ্ছে।
এছাড়া, ভিওন ও স্কয়ার গ্রুপের অংশীদারিত্বে নতুন ডিজিটাল ব্যাংক চালুর অনুমোদনের বিষয়টিও সম্মেলনে তুলে ধরা হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ অনুমোদনের কথা জানান। একই সপ্তাহে বাংলালিংক তাদের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করে। প্ল্যাটফর্মটির মাধ্যমে অর্থ স্থানান্তর, মার্চেন্ট ও বিল পরিশোধ এবং অর্থ বিতরণের সুবিধা পাওয়া যাবে।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান বুসে বলেন, ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে বাংলালিংকের রূপান্তরের যাত্রায় নিউইয়র্কের এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশ্বের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী ও উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠানগুলোকে একত্র করার মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল খাতে বাস্তব ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইয়েমেনের তাইজ প্রদেশে একটি বাজারে সংঘটিত ভয়াবহ হামলায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুরাও অন্তর্ভুক্ত রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হুতিদের নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রবিবারের হামলায় বাজারের বিভিন্ন দোকানকে লক্ষ্যবস্তু করা হয়। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে হামলাকারীদের পরিচয় স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।
রয়টার্সকে ইয়েমেন সরকারের তিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, হামলার পূর্বে হুতিরা ওই বাজারের নিকটবর্তী একটি সামরিক ক্যাম্প স্থাপন করেছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, রাসুলুল্লাহ (সা.) মানুষের প্রতি ভালোবাসা, দয়া প্রদর্শন, সত্য কথা বলা, আমানত রক্ষা এবং অসহায়ের পাশে দাঁড়ানোর শিক্ষা দিয়েছেন। তাঁর আদর্শ বাস্তবায়নই নবীজির প্রতি ভালোবাসার প্রকৃত প্রকাশ।
তিনি উল্লেখ করেন, সংগঠনের নেতাকর্মীদের নিজেদের উপজেলা নিয়ে কাজ করার প্রয়োজন রয়েছে। আগামী তিন মাসের মধ্যে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন সম্পন্ন করতে হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবি দিঘির মোড়স্থ ডায়মন্ড পার্ক কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ এবং ইসলামী ছাত্রসেনা আনোয়ারা উপজেলা শাখা যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আনোয়ারা শাখার সভাপতি মাওলানা মো. ইদ্রিস আল কাদেরী।
সেমিনারের উদ্বোধন করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য কাজী মাওলানা জাকের হোসাইন আনসারী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক স.ম. শওকত আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এস.এম. ফরিদ উদ্দিন, অধ্যক্ষ এম. ইব্রাহিম আত্তারী, যুগ্ম মহাসচিব স.ম. হায়েদ হোসাইন, স.ম. শহিদুল হক ফারুকী, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নির্বাহী সদস্য পীরজাদা এরশাদুল্লাহ রজায়ী, ইসলামিক যুবফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সচিব মাওলানা মুহাম্মদ নুরুল আলম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সহ-অর্থ সম্পাদক এম. ওয়াহেদ মুরাদ, দপ্তর সম্পাদক এ.এম. মঈন উদ্দিন চৌধুরী হালিম, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য এইচ.এম. আবদুল মান্নান, এস.এম. নজরুল ইসলাম ও মাস্টার জামাল উদ্দিন এবং ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা কাজী মুহাম্মদ ইফাজ উদ্দিন।
সেমিনারে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা সেলিম উদ্দিন আনোয়ারী, অধ্যক্ষ মাওলানা মুজিবুল হক আনোয়ারী, উপাধ্যক্ষ মাওলানা নাছির উদ্দিন আনোয়ারী, মাওলানা মহিউদ্দিন তাহেরী, মাওলানা ইদ্রিচ তাহেরী, মাওলানা নুরজ্জামান আল কাদেরী, মাওলানা রফিকুল ইসলাম আনোয়ারী, মাওলানা মুসলিম উদ্দিন আনোয়ারী ও গাজী মাওলানা মোজাম্মেল হক কাদেরী।
অনুষ্ঠানে প্রস্তুতি কমিটির আহ্বায়ক এম. নুরুল আবছার কফিল এবং সচিব স.ম. সিরাজুল মনিরসহ স্থানীয় আলেম-ওলামা, ইসলামিক ফ্রন্ট, যুবফ্রন্ট ও ছাত্রসেনার নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) কর্তৃক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, যেখানে সরকারি চাকরিতে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভেরিফিকেশনের নামে নিয়োগ থেকে বাদ দেওয়ার অভিযোগ তোলা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাকসু ও হল সংসদের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন যে, পরীক্ষার বিভিন্ন ধাপ পেরিয়ে উত্তীর্ণ হওয়ার পরও ভেরিফিকেশনের মাধ্যমে অনেক প্রার্থীকে নিয়োগ থেকে বাদ দেওয়া হচ্ছে। তাদের দাবি, যেকোনো প্রার্থীকে বাদ দেওয়া হলে তার জন্য সুনির্দিষ্ট কারণ জানাতে হবে এবং অভিযোগ প্রমাণিত না হলে তাদের নিয়োগ দিতে হবে।
রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়েদা হাফসা বলেন, “সরকারি চাকরিতে উত্তীর্ণ হওয়ার পরও ভেরিফিকেশনের নামে প্রার্থীদের বাদ দেওয়া হচ্ছে। কেন বাদ দেওয়া হয়েছে, সেটি তাদের জানানো হয়নি। প্রার্থীদের বিরুদ্ধে স্পষ্ট কোনো প্রমাণ না থাকলে অবিলম্বে তাদের চাকরিতে নিয়োগ দিতে হবে।”
রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেন, “প্রিলিমিনারি, লিখিত ও ভাইভায় উত্তীর্ণ হওয়ার পর ভেরিফিকেশনের নামে কেন প্রার্থীদের বাদ দেওয়া হবে? অবিলম্বে ভেরিফিকেশনের নামে বাদ দেওয়া প্রার্থীদের নিয়োগ দিতে হবে।”
রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ভেরিফিকেশনের নামে প্রার্থীদের বাদ দেওয়ার প্রক্রিয়া বন্ধ করতে হবে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে শিক্ষার্থীরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
মানববন্ধনে বক্তারা ভেরিফিকেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান, বাদ পড়া প্রার্থীদের কারণ জানানো এবং অভিযোগের যথাযথ তদন্তের দাবি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইফতেখার রাফসান, যিনি রাফসান দ্য ছোটভাই নামে পরিচিত। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে সালমানের দীর্ঘ পথচলার কথা উল্লেখ করে এই কঠিন সময়ে তার পাশে থাকার বার্তা দিয়েছেন।
শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনার পর সালমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে স্টুডিওর বিভিন্ন স্থানে ভাঙচুরের চিহ্ন দেখা যায়। ভিডিওতে দেখা যায়, চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বেশ কিছু আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় কয়েকজন কর্মীকেও কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
ঘটনার পর সালমানের প্রতি সমর্থন জানিয়ে রাফসান তার সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের কথাও বলেন। তিনি জানান, সালমানের ক্যারিয়ারের শুরুর সময় থেকেই তাকে অনুসরণ করছেন এবং পরে ব্যক্তিগতভাবে তাকে জানার সুযোগ হয়েছে। রাফসান বলেন, "সালমান শান্ত স্বভাবের একজন মানুষ এবং নিজের পরিশ্রমে অনেক দূর এগিয়েছেন।"
স্টুডিওটি গড়ে তুলতে সালমানের শ্রম, সময় ও ভালোবাসার কথা উল্লেখ করে রাফসান ভাঙচুরের ঘটনায় নিজের ক্ষোভ প্রকাশ করেন। তিনি একই সঙ্গে সালমানকে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "এই ঘটনা তার পথচলা থামিয়ে দিতে পারবে না।"
এদিকে, সালমানের স্টুডিওতে হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আরও কয়েকজন তারকা ও কনটেন্ট নির্মাতা প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা ঘটনার নিন্দা জানিয়ে সালমানের প্রতি সমর্থন প্রকাশ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ