০৬:৪৫ পি.এম
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ সদর উপজেলার একটি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে এই জরিমানা করা হয়। রবিবার (২১ জুন) দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত জেলা কার্যালয় সিপাহিপাড়া চৌরাস্তা এলাকায় নিয়মিত বাজার তদারকি ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করে।
অভিযান চলাকালে চিজি বান্স রেস্টুরেন্টে পরিদর্শনে একাধিক অনিয়ম ধরা পড়ে। পরিদর্শনকালে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছে। রান্না করা খাবার উন্মুক্ত অবস্থায় রাখা হয়েছিল। এছাড়া রেস্টুরেন্টের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ চিজ পাওয়া যায়। ডাস্টবিন উন্মুক্ত অবস্থায় রাখা এবং কর্মীদের হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা না থাকায় খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিষয়টি নিশ্চিত হয়।
আরও পড়ুন: রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২
এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানের মালিক জাহেদ হাসানকে ১০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ এবং বিক্রয়ের জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা নূর-ই-আলম সোহাগ এবং ব্যাটালিয়ন আনসার, মুন্সীগঞ্জের একটি দল অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান ভবিষ্যতে নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন