০৪:০৪ পি.এম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু মন্তব্য করেছেন যে, যুবশক্তিকে ধ্বংস করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তরুণদের বিভিন্ন অপরাধে জড়ানোর চেষ্টা করা হয়েছে। তিনি রোববার সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরও উল্লেখ করেন, যুবশক্তি যদি ধ্বংস হয়ে যায়, তবে জাতি হিসেবে আমরা দুর্বল হয়ে পড়ব। বর্তমানে যুবসমাজের একটি বড় অংশ মাদকাসক্ত হয়ে পড়েছে। ক্যাসিনো, অনলাইন বেটিং, জুয়া এবং মাদকাসক্তি বর্তমান তরুণদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক।
আরও পড়ুন: বাংলাদেশের শ্রমিক আন্দোলনের ওপর নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান এবং স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুস সালাম শিকদার।
অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে সনদের পাশাপাশি নিবন্ধিত যুব সংগঠনের জন্য যুব ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে দুজনকে ২ লাখ টাকা করে এবং পাঁচজনকে ৩০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক হস্তান্তর করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন