ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

ফুটবল ইতিহাসে নিজের নাম লিখেছি : নেইমার


ফুটবল ইতিহাসে নিজের নাম লিখেছি : নেইমার

বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল শিবিরে চলছে তীব্র উন্মাদনা। তবে দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রের চোট ও ফিটনেস নিয়ে তৈরি হয়েছে বড় সংশয়।

এখনো চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ব্রাজিলের প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারেননি এই ফরোয়ার্ড। এমনকি বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের জার্সিতে তাকে দেখা যাবে কি না, তা নিয়েও কাটেনি অনিশ্চয়তার মেঘ।

তবে চোটের এই কালো মেঘও সমর্থকদের আকাশচুম্বী প্রত্যাশায় চির ধরাতে পারেনি। দীর্ঘ দুই যুগ (২৪ বছর) ধরে বিশ্বকাপের সোনালি ট্রফি অধরা ব্রাজিলের। সমর্থকদের বিশ্বাস, এবার ৩৪ বছর বয়সি এই মহাতারকার হাত ধরেই ষষ্ঠ শিরোপা বা ‘হেক্সা’ নিশ্চিত করবে সেলেসাওরা, আর নেইমার নিজেকে নিয়ে যাবেন ফুটবল ইতিহাসের অমরত্বে।

আরও পড়ুন: ইউপি নির্বাচনে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধসহ আহত ৩

ভক্তদের এমন পাহাড়সম চাপ ও প্রত্যাশার মাঝেও বেশ শান্ত ও আত্মবিশ্বাসী নেইমার। সম্প্রতি ‘রেডবুল আলটিমেট সকার চ্যালেঞ্জ’-এ অংশ নিয়ে এক সাক্ষাৎকারে নিজের লিগ্যাসি বা ফুটবলীয় ঐতিহ্য নিয়ে কথা বলেন তিনি। বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুকে থাকলেও নেইমার মনে করেন, ফুটবলের ইতিহাসে তার স্থায়ী জায়গা ইতোমধ্যে তৈরি হয়ে গেছে।

সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি মনে করি ফুটবলে আমার লিগাসি তৈরি হয়ে গেছে। ফুটবলের কথা উঠলে যে কেউই কোনো না কোনোভাবে আমাকে মনে রাখবে। তাই আমি অত্যন্ত আনন্দিত যে আমি ইতিহাস গড়তে পেরেছি, ফুটবলের ইতিহাসে নিজের নাম খোদাই করে রেখেছি। একদিন আমি আমার সন্তানদের, নাতি-নাতনিদের বলতে পারব, দেশের জন্য আমি কত গুরুত্বপূর্ণ কাজ করেছি।’

ফুটবল বিশ্বে নিজের খেলার ধরন ও নিবেদন নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরো যোগ করেন, সান্তোস, বার্সেলোনা, পিএসজি কিংবা আল হিলাল—যে ক্লাবের হয়েই তিনি খেলেছেন, মাঠে সব সময় নিজের চনমনে আসল রূপেই হাজির হয়েছেন। বিশেষ করে ব্রাজিল জাতীয় দলের জন্য প্রতিবারই তিনি মাঠে নিজের শতভাগ উজাড় করে দিয়েছেন।

এদিকে আন্তর্জাতিক ক্যারিয়ারের পাশাপাশি নেইমারের ক্লাব ফুটবল ভবিষ্যৎ নিয়েও গুঞ্জন চলছে। সান্তোসে ফেরা এই তারকা নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে জানান, ক্লাবের সঙ্গে তার এখনো এক বছরের চুক্তি বাকি রয়েছে এবং তিনি সেটি পূর্ণ করতে চান। আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে নিজের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে পরবর্তী ক্যারিয়ারের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এই ব্রাজিলিয়ান ফুটবলের এ পোস্টার বয়।

আরও পড়ুন: আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আপাতত কোটি ভক্তের প্রার্থনা, সব অনিশ্চয়তা কাটিয়ে চোট কাটিয়ে দ্রুতই মাঠে ফিরবেন নেইমার এবং সাম্বার ছন্দে ব্রাজিলকে এনে দেবেন বহুল কাঙ্ক্ষিত সেই বিশ্বকাপ ট্রফি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীর পরশুরামে পুলিশের বিশেষ অভিযানে মাদক সম্রাজ্ঞী ফাতেমা আক্তার গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০২:১৯ এম


ফেনীর পরশুরামে পুলিশের বিশেষ অভিযানে মাদক সম্রাজ্ঞী ফাতেমা আক্তার গ্রেপ্তার

ফেনীর পরশুরামের পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলার আসামি, যিনি ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত, সেই ফাতেমা আক্তার (৩৫)-কে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৬ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে, পরশুরাম মডেল থানা পুলিশের একটি দল উত্তর বাউরখুমা তালুকপাড়া এলাকার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ফাতেমা আক্তার এই এলাকার বাসিন্দা।

সূত্রে জানা যায়, ফেনীর পুলিশ সুপারের নির্দেশনায় পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ গোলাম হক্কানী ও এসআই মোস্তফা কামালের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

থানা সূত্রে জানা গেছে, সিডিএমএস যাচাই করে ফাতেমার বিরুদ্ধে ফেনী সদর ও পরশুরাম থানাসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা পাওয়া গেছে। এ মামলাগুলোর মধ্যে ২০০৯, ২০১৭, ২০১৮, ২০২১, ২০২২ এবং ২০২৫ সালের একাধিক মামলা অন্তর্ভুক্ত রয়েছে। গ্রেপ্তারের পর, ফাতেমাকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

পরশুরাম মডেল থানা পুলিশ জানাইছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যাশনাল মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো ঢাবি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০২:৩৫ এম


ন্যাশনাল মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো ঢাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘চতুর্থ প্রফেসর ড. খবির উদ্দিন আহমেদ ন্যাশনাল মুট কোর্ট কম্পিটিশন ২০২৬’। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রানার্সআপ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্থান অর্জন করেছে।

৫ ও ৬ জুন চবি আইন অনুষদে অনুষ্ঠিত হয় দুই দিন ব্যাপী এ প্রতিযোগিতা। এর প্রতিপাদ্য ছিল ‘ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ল’। দেশের ৪২টি বিশ্ববিদ্যালয়ের ৬৩টি দলের মধ্যে বাছাইয়ের পর ১৬টি দল মূল পর্বে অংশগ্রহণ করে।

চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় দলের সদস্য হিসেবে ছিলেন জান্নাতুল মাওয়া সূচি, জায়েদ ইকরাম ও নাফিসা তাবাস্সুম। আর রানার্সআপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দলের সদস্যরা ছিলেন মাশরুরা হক ওয়াফা, মুমতাহিনা ইমরোজ ও সাকিব হোসেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিচারপতি রেজাউল করিম, চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাফর উল্লাহ তালুকদার। অতিথিরা তাদের বক্তৃতার মাধ্যমে এ ধরনের একাডেমিক প্রতিযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, মুট কোর্ট আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ একাডেমিক প্রতিযোগিতা, যেখানে তারা কাল্পনিক মামলায় বিচারকদের সামনে আইনগত যুক্তি উপস্থাপন করে। তাদের এই কার্যক্রমের মাধ্যমে গবেষণা, আদালতে মামলা পরিচালনা ও মৌখিক উপস্থাপনার দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনে ২ বার দাঁত ব্রাশ করা উচিত: সকালে নাশতার পর এবং রাতে ঘুমানোর আগে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০২:৪০ এম


দিনে ২ বার দাঁত ব্রাশ করা উচিত: সকালে নাশতার পর এবং রাতে ঘুমানোর আগে

প্রতিদিন কতবার দাঁত মাজবেন? দাঁতের স্বাস্থ্যের জন্য কত সময় ধরে দাঁত মাজা উচিত? দাঁতের স্বাস্থ্য নিয়ে আমাদের গুরুত্ব দেওয়া হয় না। তবে দাঁতে ব্যথা হলে সব ব্যথা ভুলিয়ে দেয়। তাই দাঁতের যত্ন নিন।

ছোট বেলা থেকে শেখানো হয়, প্রতিদিন দু’বার দাঁত মাজতে হবে। এবং প্রত্যেকবার অন্তত ২ মিনিট ধরে মাজতে হবে। কিন্তু অনেকেই এই সময়ের হিসাব রাখছেন না। মুখ ধোয়ার আগেই ব্রাশ করতে ভুলে যান। কখনও কখনও, দাঁত মাজার সময় এক মিনিটেরও কম হয়ে যায়।

সাম্প্রতিক গবেষণা বলছে, দুই মিনিট দাঁত মাজাও দাঁতের স্বাস্থ্যের জন্য যথেষ্ট নয়। দাঁতের সব ময়লা দূর করার জন্য যত বেশি সময় ধরে দাঁত মাজা যায়, ততই ভালো।

গবেষণায় দেখা গেছে, তিন-চার মিনিট দাঁত মাজলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। দাঁতের গায়ে যে ধরনের জীবাণু থাকে, তা দূর করার জন্যই মূলত আমরা ব্রাশ করি। এগুলি যথেষ্ট আঠালো, তাই দীর্ঘক্ষণ ধরে ব্রাশ না করলেই পুরোপুরি দূর করা সম্ভব নয়।

তবে, দিনে ২ বারের বেশি ব্রাশ করা বা কঠিন মুখের টুথব্রাশ ব্যবহার করাও দাঁতের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নরম ব্রাশ যুক্ত এবং ভালো টুথপেস্ট দিয়ে দাঁত দুবার ভালো করে ব্রাশ করুন। দিনের অন্য সময় মাঝে মাঝেই পরিষ্কার পানি দিয়ে মুখ ধোয়ার অভ্যাস গড়ে তুলুন।

ব্রাশ করার সময় মাথায় রাখতে হবে, যেন দাঁতের সব কোণে ব্রাশ পৌঁছায়। তা নাহলে খুব তাড়াতাড়ি আবার জীবাণু জমে দাঁতের মাড়িতে প্রদাহ সৃষ্টি করতে পারে। ফলে সংক্রমণ এবং ব্যথা হতে পারে।

তথ্যসূত্র: নিউজ এইটিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্ত হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০২:৪৫ এম


সীমান্ত হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

সীমান্ত হত্যা বা বর্ডার কিলিং নিয়ে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যের প্রতি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি মন্তব্য করেন, সীমান্তে ভারতীয় বাহিনীর নির্বিচার হত্যার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের বক্তব্য খুবই আপত্তিকর এবং অপমানজনক। এরকম মন্তব্য সরকারিভাবে দায়িত্বশীল কোনো ব্যক্তির কাছে শোনা জাতি হিসেবে আমাদের জন্য এক লজ্জার বিষয়।

শনিবার (৬ জুন) রাতে গণমাধ্যমের মাধ্যমে পাঠানো বার্তায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম জানিয়েছেন, গত তিন দিন অতিবাহিত হলেও সালাহউদ্দিন আহমদ তার বক্তব্য প্রত্যাহার কিংবা ব্যাখ্যা করেননি। তাছাড়া, সরকারের পক্ষ থেকেও এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে কোন নিন্দা বা আপত্তি জানানো হয়নি। এই কারণে, আমরা ধরে নিতে বাধ্য হচ্ছি যে, সীমান্ত হত্যার বিষয়ক সালাহউদ্দিন আহমদের মন্তব্যই সরকারের আনুষ্ঠানিক অবস্থানকে প্রকাশ করে।

তিনি আরো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ‘সীমান্ত হত্যা’ শব্দটির সংজ্ঞাকে সংকুচিত করে সংকটটিকে ছোট করে দেখানোর চেষ্টা করছেন। তিনি যুক্তি দিয়েছেন যে, এই শব্দটি শুধু শূন্যরেখা (জিরো লাইন) এ সংঘটিত মৃত্যুর ক্ষেত্রে প্রযোজ্য। তার দাবি অনুযায়ী, সীমান্ত সংক্রান্ত অপরাধ বা অবৈধ অনুপ্রবেশে জড়িত ব্যক্তিরা সংশ্লিষ্ট দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভ্যন্তরীণ এখতিয়ারের আওতাভুক্ত। এই যুক্তির ভিত্তিতে তিনি বলেন, এসব মৃত্যুকে সীমান্ত হত্যা হিসেবে উল্লেখ করা সঙ্গত নয়।

নাহিদ ইসলাম আরও বলেন, কিন্তু জাতিসংঘের মানবাধিকার নীতিমালা এবং জেনেভা কনভেনশনসহ আন্তর্জাতিক আইন বেসামরিক নিরস্ত্র মানুষের ওপর বেআইনি গুলি, নির্যাতন বা নিষ্ঠুর আচরণকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। জেনেভা কনভেনশন এবং এর অতিরিক্ত প্রোটোকলসমূহ যুদ্ধ বা সশস্ত্র সংঘাতের সময়েও বেসামরিক জনগণের বিরুদ্ধে সহিংসতা নিষিদ্ধ করেছে। তদুপরি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য প্রণীত জাতিসংঘের নীতিমালা অনুযায়ী নিরাপত্তা বাহিনী শুধুমাত্র প্রয়োজনীয় ও আনুপাতিক মাত্রার বলপ্রয়োগ করতে পারে। অতিরিক্ত বা নির্বিচার প্রাণঘাতী শক্তির ব্যবহার আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন হিসেবে গণ্য হয়।

এনসিপির আহ্বায়ক বলেন, এর আগে ২০২০ সালে শেখ হাসিনা সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও সীমান্ত হত্যার বিষয় নিয়ে অনুরূপ মন্তব্য করে সমালোচনার সৃষ্টি করেছিলেন। ভারতের প্রতি মোমেনের নতজানু অবস্থান সর্বজনবিদিত। সেই আনুগত্যের ফলস্বরূপ ওই সরকার ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। এই প্রেক্ষাপটে, পরবর্তী বিপ্লবী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর এমন আপসকামী বক্তব্য গুরুতর উদ্বেগের সৃষ্টি করছে।

তিনি বলেন, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%