০৬:৩৩ এম
নোয়াখালীর সেনবাগে সাত বছর বয়সী শিশুকে যৌন হয়রানির অভিযোগে মো.সোহেল (৩৫) নামে একজন অটোরিকশা চালককে মারধর করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
রবিবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে শিশুটিকে যৌন হয়রানির অভিযোগ উঠে অভিযুক্তের বিরুদ্ধে।
আটক সোহেল উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের সিদ্দিক উল্যার নতুন বাড়ির ছেলে।
আরও পড়ুন: কুয়াকাটায় অনুমোদনহীন নির্মাণের অভিযোগে ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১টায় ভিকটিমের বাবা স্থানীয় একটি বাজার থেকে ১৫টি তালের ডাবি কিনে নেন। পরবর্তীতে শিশুটিকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সোহেলের অটোরিকশায় তুলে দেন। একপর্যায়ে, ভিকটিমকে বহনকারী অটোরিকশাটি ভিকটিমের বাড়ির সামনে পৌঁছলে সেখানে একটি তালের ডাব পড়ে যায়। ওই অজুহাতে অটোরিকশা চালক শিশুটিকে যৌন হয়রানি করে। শিশুটির মা ঘটনাটি দেখতে পেলে অভিযুক্ত চালক পালিয়ে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযুক্ত চালককে নতুন বাজার এলাকা থেকে আটক করা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয় স্থানীয়রা। এরপর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার বলেন, অভিযুক্ত বর্তমানে থানা হেফাজতে রয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন