ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পূর্বাচলে ডিআইজির ভাড়া বাসায় অভিযান, ৮৫ জনের সাজা নিয়ে বিতর্ক


পূর্বাচলে ডিআইজির ভাড়া বাসায় অভিযান, ৮৫ জনের সাজা নিয়ে বিতর্ক

ঢাকার পূর্বাচলে পুলিশের এক অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাসায় অভিযান চালিয়ে ৮৫ জনকে কারাদণ্ড দেওয়ার ঘটনায় নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। আটক ব্যক্তিদের মাদক গ্রহণের পরীক্ষা ছাড়াই সাজা দেওয়া, অভিযানের ভিডিও ছড়িয়ে পড়া এবং সিসিটিভি ক্যামেরার মেমোরি কার্ড জব্দ তালিকায় না রাখাসহ একাধিক বিষয় নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

১৯ অক্টোবর দিবাগত রাতে ভাটারার পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ এলাকার ‘গোল্ডেন সানরাইজ’ নামের তিনতলা বাড়িতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান চালায়। অভিযানে আটক ৮৫ জনের মধ্যে ২৬ জন নারী ছিলেন। নারীদের ১৫ দিন এবং পুরুষদের এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে নারীদের ৫০০ ও পুরুষদের এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে একজন বাদ্যযন্ত্রশিল্পী রয়েছেন। তার বাবার দাবি, অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানোর কাজ পেয়ে ছেলে সেখানে গিয়েছিলেন। মাদক গ্রহণের পরীক্ষা ছাড়াই তাকে সাজা দেওয়া হয়েছে। কয়েকজন সাজাপ্রাপ্তের স্বজনের অভিযোগ, মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে কাগজে সই নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: দুর্যোগে বিচ্ছিন্ন পরিবারগুলোকে মেলানোর মানবিক কারিগর রেড ক্রিসেন্ট: মো. মোস্তাক মিয়া

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, রাত সাড়ে ১২টার দিকে ডিবির ৪০ থেকে ৫০ সদস্যের একটি দল বাড়িটিতে প্রবেশ করে। পরে উপস্থিত ৮৫ জনকে দুটি কক্ষে আটকে রাখা হয়। তল্লাশির সময় প্রথম দফায় কোনো মাদক পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। দ্বিতীয় দফায় দুটি খালি মদের বোতল উদ্ধার করা হয়।

তবে ডিবির জব্দ তালিকায় চারটি মদের বোতল— একটি খালি, একটি পূর্ণ ও দুটি আংশিক পূর্ণ উদ্ধারের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি একটি ইয়াবা বড়ি, ইয়াবা সেবনের সরঞ্জাম ও সামান্য পরিমাণ কুশ উদ্ধারের তথ্যও রয়েছে।

অভিযানের সময় বাড়ির ছয়টি সিসিটিভি ক্যামেরার মধ্যে চারটি খুলে নেওয়া হয় এবং বাকি দুটির সংযোগ বিচ্ছিন্ন করে মেমোরি কার্ড নেওয়া হয় বলে সূত্রের দাবি। তবে এসব কার্ড জব্দ তালিকায় উল্লেখ না থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে।

ডিএমপির উত্তরা বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান আটক ব্যক্তিদের সাজা দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মাদক গ্রহণ করে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিঘ্নিত করা, বিরক্তিকর আচরণ কিংবা গাড়ি চালানোর জন্য শাস্তির বিধান রয়েছে।

আরও পড়ুন: বটিয়াঘাটায় তিন গুলির ঘটনায় গ্রেফতার নেই, ওসি প্রত্যাহার

ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান বলেন, আসামিরা দোষ স্বীকার করায় তাদের সাজা দেওয়া হয়েছে। তবে সাজা দেওয়ার আগে মাদক গ্রহণের পরীক্ষা করা হয়নি বলে তিনিও উল্লেখ করেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, শুধু দোষ স্বীকারের ভিত্তিতে মাদক গ্রহণের দায়ে সাজা দেওয়া যথেষ্ট নয়। মাদক পরীক্ষার মাধ্যমে অভিযোগ প্রমাণের সুযোগ ছিল।

অভিযানে আটক ব্যক্তিদের ভিডিও পুলিশ সদস্যরা ধারণ করেন। পরে ভিডিওগুলো ছড়িয়ে পড়লে ব্যক্তিগত গোপনীয়তা ও আইনগত সীমাবদ্ধতা নিয়ে বিতর্ক দেখা দেয়।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এসব ভিডিও ছড়িয়ে থাকলে তা আইনগত সীমা লঙ্ঘন করেছে কি না, খতিয়ে দেখা প্রয়োজন।

আরও পড়ুন: এনআইডি সার্ভারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে নির্বাচন কমিশন

বাড়িটির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। অভিযান ও তা নিয়ে সংবাদ প্রকাশের পর তাকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

পুলিশের সংশ্লিষ্ট সূত্রের দাবি, বদলি ও পদায়ন নিয়ে পুলিশের প্রভাবশালী একটি পক্ষের সঙ্গে তার বিরোধ ছিল। তবে এ বিরোধের সঙ্গে অভিযানের কোনো যোগসূত্র রয়েছে কি না সেটি নিশ্চিত হয়নি।

ডিবির উত্তরা বিভাগের উপকমিশনার ইলিয়াস কবীরের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালানো হয়েছে। বাড়িটিতে দীর্ঘদিন ধরে অবৈধ মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল। অন্যদিকে আবদুল্লাহ আল জহির বলেন, তার বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটি যাচাই করা যেত।

এ ঘটনায় স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন ১০১ জন নাগরিক। ব্লাস্ট, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, নারীপক্ষ ও সপ্রাণ যৌথভাবে দেওয়া বিবৃতিতে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

আরও পড়ুন: বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন্দুয়ায় ৩২ বস্তা সার ও অটোরিকশা জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৬ এম


কেন্দুয়ায় ৩২ বস্তা সার ও অটোরিকশা জব্দ

পুলিশ নেত্রকোনার কেন্দুয়া থেকে তাড়াইলে পাচারের সময় ৩২ বস্তা ডিএপি সারসহ একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করেছে।

মঙ্গলবার দুপুরে চিরাং-তাড়াইল সড়কে স্থানীয়রা অটোরিকশাটি আটক করেন। চালক পালিয়ে যাওয়ার সময় ঘটে এই ঘটনা।

পুলিশ পরে ঘটনাস্থলে গিয়ে সার ও অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

স্থানীয় কৃষকদের অভিযোগ, তারা চাহিদামতো সার না পেয়ে বাড়তি দামে কিনতে বাধ্য হচ্ছেন। কিছু ডিলার কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অন্য উপজেলায় বিক্রি করছেন বলেও অভিযোগ রয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানিয়েছেন, খবর পাওয়ার পর পুলিশ ৩২ বস্তা ডিএপি সার জব্দ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শক্তিশালী ডানপন্থি সরকার গঠন করতে হবে: নেতানিয়াহুর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৭ এম


শক্তিশালী ডানপন্থি সরকার গঠন করতে হবে: নেতানিয়াহুর আহ্বান

দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, মঙ্গলবারের নির্বাচনে দেশের ডানপন্থি দলগুলো একটি ‘নির্ধারক সংখ্যাগরিষ্ঠতা’ অর্জনের পথে রয়েছে। তিনি একইসঙ্গে একটি শক্তিশালী ‘জাতীয় ডানপন্থি সরকার’ গঠনের জন্য আহ্বান জানিয়েছেন।

নেতানিয়াহুর এই বক্তব্যটি ভোটগ্রহণ শেষে প্রকাশিত বুথফেরত জরিপের পর এসেছে, যেখানে কোনো পক্ষই পরিষ্কার জয় পাবে না বলে ইঙ্গিত করা হয়েছে। জরিপগুলোতে দেখা যাচ্ছে, নেতানিয়াহুর বর্তমান জোট এবং প্রধান বিরোধী দলগুলোর শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, এবং দুপক্ষই সমান আসনে অবস্থান করছে। তবে, কোনো পক্ষই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সক্ষম হয়নি।

বুধবার জেরুজালেমে লিকুদ পার্টির সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী জানান, তার দল ‘লিকুদ পার্টি’ এখনও ইসরাইলের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে টিকে রয়েছে। তিনি বলেন, "আমরা একটি শক্তিশালী নতুন জাতীয় ডানপন্থি সরকার গড়ব।"

দেশটির দুটি প্রধান গণমাধ্যমের সংশোধিত জরিপ অনুযায়ী, নেতানিয়াহুর ডানপন্থি জোট এবং আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট—উভয় শিবিরই সমান ৫১টি করে আসন পেয়ে সমানে-সমান অবস্থানে রয়েছে।

এই পরিস্থিতিতে ১২০ আসনের পার্লামেন্টে (নেসেট) কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা (৬১ আসন) নিশ্চিত করতে পারছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সাঁতারে পদকজয়ীদের প্রাইজমানি বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪২ এম


জাতীয় সাঁতারে পদকজয়ীদের প্রাইজমানি বাতিল

জাতীয় সাঁতারে পদক অর্জন করলে গত বছরও আর্থিক পুরস্কার প্রদান করা হতো। স্বর্ণপদক বিজেতার জন্য পুরস্কার ছিল দুই হাজার টাকা, রৌপ্যজয়ীকে এক হাজার টাকা এবং ব্রোঞ্জজয়ীকে দেওয়া হতো ৫০০ টাকা। তবে এবারে সেই পুরস্কারগুলো বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) পল্টনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ্‌-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের মাধ্যমে সুইমিং ফেডারেশন প্রতিযোগিতার বিস্তারিত তথ্য তুলে ধরেছে। সংবাদ সম্মেলনে পদকজয়ীদের জন্য আর্থিক পুরস্কার না রাখার বিষয়টি প্রকাশ পায়।

যদিও রেকর্ড গড়ার জন্য পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়ার ব্যবস্থা রয়েছে, তবুও সাধারণ পদকজয়ীদের জন্য বাংলাদেশ সুইমিং ফেডারেশন কোনো আর্থিক পুরস্কার রাখেনি।

বুধবার থেকে শুরু হতে যাচ্ছে ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৭৪টি দলের প্রায় ৪৭০ জন পুরুষ ও ১০২ জন নারী সাঁতারু অংশগ্রহণ করবে।

গত বছর অনুষ্ঠিত ৩৪তম জাতীয় সাঁতারে স্বর্ণপদকজয়ীরা দুই হাজার টাকা, রৌপ্যপদকজয়ীরা এক হাজার টাকা এবং ব্রোঞ্জপদকজয়ীরা ৫০০ টাকা করে পুরস্কার পেয়েছিলেন। এবারের পুরস্কার কেন নেই, এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল সরাসরি কোনো উত্তর দেননি। বরং তিনি রেকর্ডধারীদের জন্য পাঁচ হাজার টাকা পুরস্কারের ব্যবস্থা থাকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘রেকর্ডধারীদের অনুপ্রাণিত করতেই পাঁচ হাজার টাকা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।’ তবে গত বছরও রেকর্ড গড়লে পাঁচ হাজার টাকা পুরস্কারের নিয়ম ছিল।

এবারের প্রতিযোগিতায় সাঁতারে মোট ৪২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। বিশ্ব অ্যাকোয়াটিক্সের ইভেন্ট কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে গত বছর থেকে পুরুষদের ৮০০ মিটার ফ্রিস্টাইল, নারীদের ১ হাজার ৫০০ মিটার ফ্রিস্টাইল, ৪×১০০ মিটার মিক্সড ফ্রিস্টাইল রিলে এবং ৪×১০০ মিটার মিক্সড মিডলে রিলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া গত বছর থেকে জাতীয় পর্যায়ে নারীদের জন্য তিনটি ডাইভিং ইভেন্ট চালু হয়েছে। ডাইভিংয়ে পুরুষদের তিনটি ও নারীদের তিনটি ইভেন্টের পাশাপাশি ওয়াটার পোলো মিলিয়ে মোট ৪৯টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার অংশ হিসেবে বুদ্ধিপ্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী সাঁতারুদের জন্য একটি প্রদর্শনী সাঁতার ইভেন্টও রাখা হয়েছে।

বুধবার বিকাল ৩টায় ৩৫তম জাতীয় সাঁতারের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উপস্থিত থাকবেন এবং প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ১৫০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে অন্ধ্রপ্রদেশের উপকূলে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪২ এম


ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ১৫০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে অন্ধ্রপ্রদেশের উপকূলে

ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে মধ্যরাতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। প্রবল আকারে ‘ল্যান্ডফল’ ঘটছে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে।

মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার নিকটবর্তী পুদুচেরীর ইয়ানামের কাছে ‘ল্যান্ডফল’ ঘটে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার বেগে বইছে। যা পরে বৃদ্ধি পেয়ে ১৫০ কিলোমিটার পর্যন্ত উঠছে বলে জানিয়েছে ভারতের মৌসম ভবন।

মৌসম ভবন বুলেটিনে জানানো হয়েছে, রাত ১টা ২০ মিনিটে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়। ঘূর্ণিঝড়টির কেন্দ্রস্থল অন্ধ্রপ্রদেশের বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূল এবং ইয়ানামের দক্ষিণের কাছাকাছি অবস্থান করছে। এ সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার, সর্বোচ্চ গতি ১৫০ কিলোমিটার। প্রক্রিয়া সম্পূর্ণ হতে চার ঘণ্টা মতো সময় লাগবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

‘ল্যান্ডফল’ প্রক্রিয়া শুরু হওয়ার পর অন্ধ্রপ্রদেশে ঝড়ের দাপট আরও বেড়ে গেছে। উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশার কিছু অংশে ভারি বৃষ্টি হচ্ছে। ঝোড়ো হাওয়ার গতিবেগও বৃদ্ধি পেয়েছে। বেশ কিছু স্থানে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে ইয়ানামের কাছে জাতীয় সড়কে বেশ কয়েকটি গাছ উপড়ে পড়েছে। ঝোড়ো হাওয়ার কারণে গাছগুলোর ক্ষতি হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত গাছগুলো সরানোর ব্যবস্থা করছে। ঝড়ের কারণে অন্ধ্রপ্রদেশের তিনটি বিমানবন্দরে বিমান পরিবহন স্থগিত রাখা হয়েছে। বেশ কিছু বিমান বাতিল করা হয়েছে। পাশাপাশি ট্রেন পরিষেবাও বাতিল করা হয়েছে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের কারণে যাতে কারও কোনো ক্ষতি না হয়, সেই চেষ্টা করা হচ্ছে। প্রায় দুই হাজারেরও বেশি আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। উপকূল এলাকা থেকে ইতোমধ্যেই বহু মানুষকে সরিয়ে এই কেন্দ্রগুলোতে নিরাপদে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। গর্ভবতী নারীদের চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

পশ্চিমবঙ্গের উপকূলেও ঝড়বৃষ্টি হচ্ছে। রাতের সময় কলকাতা সহ অন্যান্য জেলাতেও ঝড়ের প্রভাব দেখা গেছে। রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। চার জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারি (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই চার জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। ওই দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। শুক্রবার ঝড়বৃষ্টির জন্য সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়।

বৃহস্পতি এবং শুক্রবার ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। বর্ষণের কারণে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। আগামী শনিবার পাহাড় এবং সংলগ্ন পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%