০৯:০৬ পি.এম
শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবন, গবেষণা, নেতৃত্ব ও পেশাগত দক্ষতা বিকাশে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-তে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে চারটি নতুন চ্যাপ্টার আইইইই আইইউবিএটি স্টুডেন্ট ব্রাঞ্চের অধীনে।
নতুন চ্যাপ্টারগুলো হলো—আইইইই রোবোটিকস অ্যান্ড অটোমেশন সোসাইটি (আরএএস) স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার, আইইইই ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন অ্যান্ড বায়োলজি সোসাইটি (ইএমবিএস) স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার, আইইইই কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স সোসাইটি (সিআইএস) স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন চ্যাপ্টারগুলো বিদ্যমান আইইইই কম্পিউটার সোসাইটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের সঙ্গে যুক্ত হয়ে আইইইই আইইউবিএটি স্টুডেন্ট ব্রাঞ্চকে আরও শক্তিশালী করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সুযোগ পাবেন গবেষণা, প্রযুক্তিগত কার্যক্রম, আন্তঃবিষয়ক প্রকল্প, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা, উদ্যোক্তা উন্নয়ন এবং আন্তর্জাতিক পেশাগত নেটওয়ার্কে অংশ নেওয়ার।
আরও পড়ুন: ১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিতের আহ্বান
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আইইইইর বিশিষ্ট ব্যক্তিরা। বক্তব্যদাতাদের মধ্যে ছিলেন অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ, অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ এবং অধ্যাপক ড. এম. ফিরোজ মৃধা। বক্তারা কারিগরি জ্ঞান, নেতৃত্ব, গবেষণাদক্ষতা এবং বৈশ্বিক যোগাযোগ বৃদ্ধিতে পেশাজীবী সংগঠনের ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইউবিএটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. দেওয়ান মুহাম্মদ নূরুজ্জামান, স্কুল অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. উৎপল কান্তি দাস এবং আইইইই আইইউবিএটি স্টুডেন্ট ব্রাঞ্চের কাউন্সেলর ড. খাদিজা আক্তার।
বক্তারা উল্লেখ করেন, আইইউবিএটি বিশ্বমানের প্রকৌশলী, গবেষক ও প্রযুক্তিনেতা তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। বক্তারা শিক্ষার্থীদের আহ্বান জানান আইইইইর বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন, আন্তঃবিষয়ক সহযোগিতা, উদ্যোক্তা কার্যক্রম এবং সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, রোবোটিকস অ্যান্ড অটোমেশন সোসাইটি চ্যাপ্টার রোবোটিকস, স্বয়ংক্রিয় প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নিয়ন্ত্রণব্যবস্থা নিয়ে কাজ করে এগিয়ে যাবে। ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন অ্যান্ড বায়োলজি সোসাইটি প্রকৌশল, স্বাস্থ্যসেবা ও জীবচিকিৎসাবিজ্ঞানের মধ্যে গবেষণা জোরদার করবে। কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স সোসাইটি শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা, যন্ত্রশিক্ষণ, নিউরাল নেটওয়ার্ক ও অন্যান্য উদীয়মান প্রযুক্তিতে সম্পৃক্ত করবে। উইমেন ইন ইঞ্জিনিয়ারিং অ্যাফিনিটি গ্রুপ প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে নারী শিক্ষার্থী ও পেশাজীবীদের নেতৃত্ব বিকাশ এবং অংশগ্রহণ বৃদ্ধিতে কাজ করবে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে জামায়াতের দুই এমপির সংবাদ সম্মেলন
বিশ্ববিদ্যালয়ের মতে, নতুন এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য আরও সমৃদ্ধ একাডেমিক ও পেশাগত পরিবেশ সৃষ্টি করবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তির অগ্রগতিতে অবদান রাখতে সহায়তা করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন