০৭:৪১ পি.এম
চুয়াডাঙ্গায় নিয়োগ পাওয়া ৪৫ জন সার ডিলারের মধ্যে ৪২ জন বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি, স্বজনপ্রীতি এবং দলীয়করণের অভিযোগ করেছেন চুয়াডাঙ্গার দুই সংসদ সদস্য। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ তুলে ধরেন।
সম্মেলনে জানানো হয়, জেলার চারটি উপজেলায় নতুন করে ৪৫ জনকে বিসিআইসি সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ৪২ জনকে রাজনৈতিক কারণে নিয়োগ দেওয়া হয়েছে, যাদের অধিকাংশই স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়া, তাদের মধ্যে নেতাদের স্ত্রী এবং স্বজনরাও রয়েছেন। এমনকি, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এই তালিকায় অন্তর্ভুক্ত। কিছু ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগও রয়েছে।
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল অভিযোগ করেন, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে বিগত সময়ের সমস্ত অনিয়মের রেকর্ড ভেঙে দেওয়া হয়েছে। পূর্বে যারা সার ডিলার ছিলেন, তারা তৎকালীন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের অন্তর্ভুক্ত ছিলেন না। অথচ, এই দলীয়করণের জন্য তড়িঘড়ি করে নীতিমালা পরিবর্তন করা হয়েছে, যাতে জনপ্রতিনিধিদের বাইরে রেখে প্রশাসনের কর্মকর্তারা ইচ্ছামতো দলীয়করণ বা সরকারিকরণের অসদুপায় অবলম্বন করতে পারেন।
আরও পড়ুন: লালপুরে মাদকবিরোধী অভিযানে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমীন বলেন, বর্তমান সার ডিলার নিয়োগপ্রাপ্তদের মধ্যে কেউ ব্যবসায়ী নন। নথিপত্র পরীক্ষা করলে দেখা যাবে, তারা নতুন করে ট্রেড লাইসেন্স এবং ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন। কিছু ক্ষেত্রে রাজনৈতিক দলের নেতার স্ত্রী এবং সন্তানও রয়েছেন। পুরো জেলায় এভাবে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এই দলীয়করণের জন্য নিয়োগ কমিটির প্রধান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উভয়েই দায়ী। জেলা প্রশাসক দলীয় দায়িত্ব পালনের উদ্দেশ্যে দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই ধরনের কার্যক্রম পরিচালনা করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, জীবননগর উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, চুয়াডাঙ্গা পৌর আমির হাসিবুল ইসলাম এবং সেক্রেটারি মোস্তফা কামাল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন