০৪:৫০ পি.এম
ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনার পর বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (৬ জুন) রাত থেকে রোববার (৭ জুন) সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায়, বিশেষত হবিরবাড়ী ও বাটাজোড়ায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন— ইমন শেখ (২৮), মো. ফরহাদ হোসেন (২৮), নাজিম উদ্দিন (২৫), মো. ফারুক হাসান (৩৮), মো. মনির হোসেন (২৯), মো. মেহেদী হাসান দুলাল (৩৫), মো. ইকবাল তালুকদার (৩০), রনি ঘোষ (৩৭) এবং সাইফুল (৪০)। পুলিশ জানিয়েছে, তারা প্রত্যেকেই আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত এবং ভালুকার স্থানীয় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।
আরও পড়ুন: ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
এর আগে শনিবার দুপুরে, ভালুকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খান রাফির নেতৃত্বে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় একটি ঝটিকা মিছিল করা হয়।
এই ঘটনার প্রতিবাদ হিসেবে ওইদিন বিকেলে একই এলাকায় উপজেলা ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল করে। ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান ও যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবুর নেতৃত্বে এই বিক্ষোভ প্রদর্শিত হয়। নিষিদ্ধ সংগঠনের এই প্রকাশ্য কার্যক্রমের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেই অভিযানে নামে পুলিশ।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিলের খবর পাওয়ার পরপরই পুলিশ সক্রিয় অবস্থানে যায়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপতৎপরতা রুখতে রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ভালুকায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলটনের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর র্যালি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন