০৯:১৪ এম
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত কঠোর সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন। ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি উল্লেখ করেন, একটি পারমাণবিক ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য একটি ‘অত্যন্ত বাস্তব ও বড় ধরনের হুমকি’। তিনি বলেন, ট্রাম্প সেই হুমকিকে সঠিকভাবে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছিলেন।
রুবিও স্বীকার করেন যে, ট্রাম্পের এই পদক্ষেপটি হয়তো সবক্ষেত্রে জনপ্রিয় বা সর্বজনগ্রাহ্য ছিল না। তবে, দেশের নিরাপত্তার স্বার্থে এটি অপরিহার্য ছিল। তিনি মন্তব্য করেন, ‘অনেক সময় দেশের জন্য সঠিক কাজটি করা এবং কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করা জনপ্রিয় না হলেও অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ে। ট্রাম্প ঠিক সেই কাজটাই করেছেন, যা আগের অনেক মার্কিন প্রেসিডেন্ট করতে ব্যর্থ হয়েছিলেন।’
রুবিও আশা প্রকাশ করেন যে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত থাকা উচিত। তিনি বলেন, ‘একসময় যুক্তরাষ্ট্রে এ বিষয়ে সর্বসম্মত স্বীকৃতি ছিল যে, পারমাণবিক অস্ত্রধারী ইরান কেবল ইসরায়েল বা মধ্যপ্রাচ্যের জন্যই নয়, বরং সম্পূর্ণ বিশ্ব এবং যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত বিপজ্জনক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’
আরও পড়ুন: অভিবাসনবিরোধী নীতি অতিরিক্ত কঠোর ছিল, বললেন ট্রাম্প
এদিকে, ইরান শুরু থেকেই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে যে, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পিত বা ধারাবাহিক প্রচেষ্টার প্রমাণ তাদের হাতে নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন