ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

জলবায়ু ও ভূরাজনৈতিক সংকটের মধ্যে শুরু হলো কপ-৩১ সম্মেলন


জলবায়ু ও ভূরাজনৈতিক সংকটের মধ্যে শুরু হলো কপ-৩১ সম্মেলন

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : বিশ্বজুড়ে তাপমাত্রার বৃদ্ধি অব্যাহত থাকায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা ক্রমবর্ধমান। তবে অর্থনৈতিক সংকট এবং ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বৈশ্বিক সহযোগিতা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।

এমন প্রেক্ষাপটে আজ সোমবার তুরস্কে শুরু হচ্ছে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ-৩১।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আরও পড়ুন: অভিবাসনবিরোধী নীতি অতিরিক্ত কঠোর ছিল, বললেন ট্রাম্প

ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর আন্তালিয়ার একটি বিশাল প্রদর্শনী কেন্দ্রে আগামী দুই সপ্তাহব্যাপী এ সম্মেলনে ১ লাখের বেশি মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।

প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা জ্বালানি ব্যবস্থায় দ্রুত পরিবর্তন আনার পাশাপাশি জলবায়ু সংকটের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে কঠিন আলোচনায় বসবেন।

তবে পর্যবেক্ষকদের মতে, সম্মেলনে বড় কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম। কারণ, বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ার পাশাপাশি ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এবং ইউক্রেনে রাশিয়ার সংঘাতের কারণে ভূরাজনৈতিক উত্তেজনা আন্তর্জাতিক সহযোগিতার পথে বাধা সৃষ্টি করছে।

এদিকে চলতি বছরেও জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব অব্যাহত রয়েছে। ইউরোপের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহের কারণে বিপর্যয় ঘটেছে, ইন্দোনেশিয়ায় দাবানল ছড়িয়ে পড়েছে এবং নেপালে হিমবাহ ধসের ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।

আরও পড়ুন: ইরানের সঙ্গে ফের যুদ্ধের সম্ভাবনা খুবই কম: ট্রাম্প

চলতি বছরের শেষ দিকে অত্যন্ত শক্তিশালী এল নিনো জলবায়ু পরিস্থিতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে চরম আবহাওয়ার ঘটনা আরও বৃদ্ধি পেতে পারে। এমনকি ২০২৬ বা ২০২৭ সাল ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর হতে পারে।

ভবিষ্যত পরিস্থিতি নিয়ে উদ্বেগও বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘ গত সেপ্টেম্বর মাসে সতর্ক করে জানিয়েছে, বৈশ্বিক তাপমাত্রা শিল্পায়ন-পূর্ব সময়ের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়ার পথে রয়েছে। এর ফলে প্যারিস জলবায়ু চুক্তিতে নির্ধারিত উচ্চাভিলাষী তাপমাত্রা নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা ভেঙে যেতে পারে।

ইউনিয়ন অব কনসার্নড সায়েন্টিস্টসের জলবায়ু কর্মসূচির পরিচালক র‌্যাচেল ক্লিটাস বলেছেন, ‘বিশ্বনেতাদের অবশ্যই বিশ্বকে এই বিপর্যয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর অঙ্গীকার করতে হবে। বর্তমান জ্বালানি ব্যয়ের সংকটও এ উদ্যোগের প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করেছে।’

পরিচ্ছন্ন বিদ্যুতায়ন নিয়ে বিতর্ক

আরও পড়ুন: ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প-বাইডেনের উত্তরসূরি হতে সম্ভাব্য প্রার্থীরা

এবারের কপ-৩১ সম্মেলনের সভাপতিত্ব করছে তুরস্ক। তবে সম্মেলনের আলোচনায় নেতৃত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। সম্মেলনের আয়োজক দেশ নির্ধারণ নিয়ে বিরোধের অবসানে অস্বাভাবিক এক সমঝোতার মাধ্যমে এই ব্যবস্থা করা হয়েছে।

তুরস্ক এবং অস্ট্রেলিয়া এবারের সম্মেলনকে ‘বাস্তবায়নের সম্মেলন’ হিসেবে তুলে ধরছে। অর্থাৎ, বছরের পর বছর ধরে দেওয়া প্রতিশ্রুতি ও উচ্চাভিলাষী ঘোষণাগুলোকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার লক্ষ্যই হবে এর মূল উদ্দেশ্য।

আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি তুরস্ক একটি ‘কর্মপরিকল্পনা’ এগিয়ে নিচ্ছে। এর আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে শুরু করে বর্জ্য ব্যবস্থাপনা পর্যন্ত বিভিন্ন বিষয়ে দেশগুলোকে বাধ্যতামূলক নয়, এমন কিছু অঙ্গীকারে যুক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

এই কর্মপরিকল্পনার অন্যতম প্রধান উদ্যোগ হলো বিশ্বব্যাপী বিদ্যুতের ব্যবহার বাড়ানো। বর্তমানে বিশ্বের মোট জ্বালানি চাহিদার প্রায় ২০ শতাংশ বিদ্যুতের মাধ্যমে পূরণ হয়। ২০৩৫ সালের মধ্যে এ হার ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

আরও পড়ুন: জার্মানি প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে

তবে এই উদ্যোগ নিয়েই মতবিরোধ দেখা দিতে পারে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ‘পরিচ্ছন্ন বিদ্যুতায়নের’ আহ্বান জানিয়েছে। তুরস্কের প্রস্তাবে জীবাশ্ম জ্বালানির ভূমিকা কী হবে, তা নিয়ে এ শব্দবন্ধ নতুন বিতর্কের জন্ম দিতে পারে।

২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ-২৮ সম্মেলনে দেশগুলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার ঐতিহাসিক অঙ্গীকার করেছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি কীভাবে বাস্তবায়ন করা হবে, তা নিয়ে এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি দেশগুলো।

কপ-৩০ সম্মেলন শেষ হয়েছিল এমন একটি চুক্তির মাধ্যমে, যেখানে জীবাশ্ম জ্বালানির বিষয়ে সরাসরি কোনো উল্লেখ ছিল না। তেল উৎপাদনকারী দেশগুলোর আপত্তির কারণে এ বিষয়ে স্পষ্ট ভাষা রাখা সম্ভব হয়নি।

আরও পড়ুন: ট্রাম্প: ইসরায়েলকে অপছন্দ করছে আমেরিকানরা, এটাও হারের কারণ

এর পরিবর্তে ব্রাজিল জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধাপে ধাপে বন্ধ করার বিষয়ে একটি স্বেচ্ছামূলক ‘রোডম্যাপ’ বা পথনকশা তৈরি করেছিল। এতে প্রতিটি দেশকে নিজস্ব পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

জলবায়ু অর্থায়ন নিয়ে টানাপোড়েন

অন্যদিকে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং চরম আবহাওয়াজনিত দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতে উন্নয়নশীল দেশগুলোকে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি পূরণে ইউরোপীয় ইউনিয়নসহ উন্নত দেশগুলোর ওপর চাপ বাড়ছে।

তবে ইইউর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, অতিরিক্ত অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেওয়ার বিষয়ে রাজনৈতিক সদিচ্ছা থাকবে না।

আরও পড়ুন: ইরানের দাবিগুলো অত্যন্ত আপত্তিকর, হাস্যকর ও অবাস্তব: রুবিও

আফ্রিকার দেশগুলো কপ-৩১ সম্মেলনের আলোচ্যসূচিতে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য বরাদ্দ অর্থ তিন গুণ করার দাবি জানিয়েছে।

এই অর্থ দিয়ে দরিদ্র দেশগুলো সমুদ্রের পানি ঠেকাতে বাঁধ নির্মাণ, খরা সহনশীল ফসলের চাষসহ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।

এদিকে জলবায়ু কূটনীতিতে এখনো একটি গুরুত্বপূর্ণ দেশের অনুপস্থিতি রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহার করে নিয়েছেন। পাশাপাশি কপ-৩১ সম্মেলনে অংশ নিতে দেশটির সরকারি কোনো প্রতিনিধিও পাঠাননি।

তবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি প্রতিনিধিদল আন্তালিয়ায় আসবে। গত সপ্তাহের ঐতিহাসিক মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর ডেমোক্র্যাট প্রতিনিধিরা বেশ উচ্ছ্বসিত রয়েছেন।

দুই সপ্তাহব্যাপী কঠিন আলোচনা সামনে থাকলেও সম্মেলনের পরিবেশ বেশ ইতিবাচক বলে জানিয়েছেন আজারবাইজানের প্রধান আলোচক ইয়ালচিন রাফিয়েভ।

তিনি এএফপিকে বলেন, ‘আলোচনার পরিবেশ বেশ ভালো।’

তিনি আরও বলেন, অনুকূল পরিবেশে তৈরি হওয়া এই ইতিবাচক মনোভাবকে বাস্তব এবং সফল ফলাফলে রূপ দিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাফে খেলতে ঢাকায় হামজা চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


সাফে খেলতে ঢাকায় হামজা চৌধুরী

বাংলাদেশের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে হামজা চৌধুরী ঢাকায় এসে পৌঁছেছেন। আজ সকালে তিনি দেশে আসেন। প্রথম ম্যাচে ভুটানের বিরুদ্ধে খেলতে না পারলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে জাতীয় দলের সঙ্গে তার অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।

ফিফা উইন্ডো শুরু না হওয়ায় হামজাকে তার ক্লাব শেফিল্ড ইউনাইটেড ছাড়তে বাধ্য করা হয়নি প্রথম ম্যাচের আগে। ওই সময় ক্লাবেরও ম্যাচ থাকায় তিনি বাংলাদেশ দলে যোগ দিতে পারেননি। তবে আজ থেকে নভেম্বরের ফিফা উইন্ডো শুরু হওয়ায় জাতীয় দলের জন্য খেলোয়াড়দের ছাড়তে বাধ্য ক্লাবগুলো। এর ফলে হামজার বাংলাদেশে আসার পথে আর কোনো বাধা রইল না।

আজ বিকেলেই বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে হামজার। ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচের প্রস্তুতি হিসেবে এবিজি স্পোর্টস সিটিতে অনুশীলন করবে দল।

বাংলাদেশ ইতিমধ্যে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। প্রথম ম্যাচে ভুটানকে পরাজিত করার পর শ্রীলঙ্কা ও ভুটানের ম্যাচ ড্র হওয়ার ফলে এক ম্যাচ হাতে রেখেই শেষ চার নিশ্চিত করেছে স্বাগতিকরা। হামজার অন্তর্ভুক্তিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগে বাংলাদেশের শক্তি আরও বৃদ্ধি পেল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানি প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


জার্মানি প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে

জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিতে যাচ্ছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ, বাভারিয়ার রাজ্য পার্লামেন্টের স্পিকার ইলসে আইগনারকে। নির্বাচিত হলে, তিনি জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

রোববার রাতে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) নেতাদের সঙ্গে এক নৈশভোজে মের্জ এই সিদ্ধান্তের কথা জানান। আইগনার জার্মানির বাভারিয়ান রাজ্যভিত্তিক দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) সদস্য। সিএসইউ সিডিইউর ঘনিষ্ঠ মিত্র দল হিসেবে পরিচিত। সোমবার সিডিইউ ও সিএসইউর বৈঠকে তার মনোনয়ন চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

ক্ষমতাসীন জোটের শরিক সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) ইতোমধ্যে প্রেসিডেন্ট পদে আইগনারের প্রতি সমর্থন জানিয়েছে। জার্মানির প্রেসিডেন্ট নির্বাচন করে ফেডারেল কনভেনশন। এই বিশেষ নির্বাচনী সংস্থায় ফেডারেল পার্লামেন্টের সদস্যদের পাশাপাশি রাজ্যগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আগামী ৩০ জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে।

বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার ২০১৭ সালে দায়িত্ব গ্রহণ করেন। পাঁচ বছর মেয়াদ শেষে ২০২৭ সালের মার্চে তার দায়িত্ব শেষ হবে। জার্মানির প্রেসিডেন্টের দায়িত্ব মূলত আনুষ্ঠানিক। তিনি আইন অনুমোদন করেন, মন্ত্রীদের আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেন এবং দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে কাজ করেন।

চলতি বছরের শুরুতে সিএসইউ প্রেসিডেন্ট পদে আইগনারের নাম প্রস্তাব করেছিল। তবে মের্জ শুরুতে অন্য একজনকে প্রার্থী করার কথা ভাবায় সিডিইউ তার প্রতি সমর্থন জানাতে দেরি করে। এ নিয়ে দুই মিত্র দলের মধ্যে কিছুটা টানাপোড়েনও তৈরি হয়েছিল।

আইগনার স্থানীয় রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৯৮ সালে জার্মানির ফেডারেল পার্লামেন্টে নির্বাচিত হন। পরে সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকারের কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর বাভারিয়ার রাজনীতিতে ফিরে ২০১৮ সালে রাজ্য পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডসে বর্ষসেরা ক্যাথে প্যাসিফিক, ইউএস-বাংলা তিন স্বর্ণপদক পেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডসে বর্ষসেরা ক্যাথে প্যাসিফিক, ইউএস-বাংলা তিন স্বর্ণপদক পেল

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : ‘একাদশ শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস, ২০২৬’-এর অনুষ্ঠানে ক্যাথে প্যাসিফিক এবছরের সেরা এয়ারলাইন হিসেবে নির্বাচিত হয়েছে। পাশাপাশি, ইউএস-বাংলা এয়ারলাইন্স ‘ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার’সহ তিনটি স্বর্ণপদক অর্জন করেছে।

গতকাল রোববার রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ার পোর্ট হোটেলে বিমান চলাচল ও পর্যটন বিষয়ক সাময়িকী ‘দ্য বাংলাদেশ মনিটর’ আয়োজিত এ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার বিষয়টি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী।

ক্যাথে প্যাসিফিক বেশ কয়েকটি বিভাগে রৌপ্যপদকসহ ‘বেস্ট ইকোনমি ক্লাস’ বিভাগে স্বর্ণপদক অর্জন করেছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স ‘ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার’, ‘মোস্ট ইমপ্রুভড এয়ারলাইন’ এবং ‘বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক)’—এই তিন বিভাগে স্বর্ণপদক পেয়েছে।

মোট ২৬টি সেবার বিভাগে এ পুরস্কার প্রদান করা হয়। অনলাইনে নিয়মিত আকাশপথে ভ্রমণকারীদের ভোট এবং বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।

২১ জুলাই থেকে ২৫ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এ ভোটে গত বছরের ভ্রমণ-অভিজ্ঞতার ভিত্তিতে প্রায় ২ হাজার ৪০০ নিয়মিত আকাশপথের যাত্রী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ‘বেস্ট ইন-ফ্লাইট মিল ইন ইকোনমি ক্লাস’ এবং ‘বেস্ট ওয়েজ-আর্নার-ফ্রেন্ডলি এয়ারলাইন’ বিভাগে স্বর্ণপদক অর্জন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

অন্যদিকে, এমিরেটস চারটি বিভাগে স্বর্ণপদক লাভ করেছে। বিভাগগুলো হলো—‘বেস্ট বিজনেস ক্লাস’, ‘বেস্ট ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট’, ‘বেস্ট ইন-ফ্লাইট মিল ইন বিজনেস ক্লাস’ এবং ‘বেস্ট লয়্যালটি প্রোগ্রাম’ (এমিরেটস স্কাইওয়ার্ডস)।

‘বেস্ট কেবিন সার্ভিস ইন ইকোনমি ক্লাস’ এবং ‘বেস্ট এয়ারলাইন কেবিন ক্রু’ বিভাগে স্বর্ণপদক পেয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। অন্যদিকে, ‘বেস্ট লং-হল এয়ারলাইন’ ও ‘আউটস্ট্যান্ডিং কমিউনিটি সার্ভিস’ বিভাগে পুরস্কার জিতেছে টার্কিশ এয়ারলাইন্স।

এ আয়োজনে ‘বেস্ট মিডিয়াম-হল এয়ারলাইন’ নির্বাচিত হয়েছে কাতার এয়ারওয়েজ এবং ‘বেস্ট শর্ট-হল এয়ারলাইন’ নির্বাচিত হয়েছে থাই এয়ারওয়েজ।

‘বেস্ট বাজেট এয়ারলাইন’ পুরস্কার পেয়েছে ইন্ডিগো, ‘বেস্ট স্টুডেন্ট-ফ্রেন্ডলি এয়ারলাইন’ হয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্স এবং ‘কার্গো এয়ারলাইন অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে সৌদিয়া কার্গো।

যাত্রী পরিবহন এবং জনমতের ভিত্তিতে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ১০টি এয়ারলাইন ব্র্যান্ডকেও অনুষ্ঠানে স্বীকৃতি দেওয়া হয়।

বিমানসেবার উৎকর্ষ স্বীকৃতি এবং দেশের বিমান পরিবহন খাতে সেবার মানোন্নয়নে উৎসাহিত করার উদ্দেশ্যে ২০০৭ সালে ‘দ্য বাংলাদেশ মনিটর’ এ পুরস্কার প্রবর্তন করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প-বাইডেনের উত্তরসূরি হতে সম্ভাব্য প্রার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৭ পি.এম


২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প-বাইডেনের উত্তরসূরি হতে সম্ভাব্য প্রার্থীরা

যুক্তরাষ্ট্রে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা এখন থেকেই শুরু হয়ে গেছে। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। তার শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। অন্যদিকে, ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় কমলা হ্যারিস, জশ শ্যাপিরো, গ্যাভিন নিউসমসহ একাধিক নেতার নাম রয়েছে।

মধ্যবর্তী নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পরবর্তী নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে। রিপাবলিকান পার্টি থেকে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে জেডি ভ্যান্স এগিয়ে আছেন। অনেকে তাকে ট্রাম্পের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে দেখছেন। তবে ইরান যুদ্ধের প্রভাব এবং নির্বাচনে দলের বিপর্যয় তার জন্য বড় বাধা হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

রিপাবলিকানদের সম্ভাব্য প্রার্থী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসের নামও আলোচনায় রয়েছে। রুবিওর ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা এবং দলের সমর্থকদের মধ্যে জনপ্রিয়তা ইতিবাচক হলেও, প্রেসিডেন্ট পদে লড়তে হলে তাকে প্রশাসন ছাড়তে হতে পারে।

অন্যদিকে, মধ্যবর্তী নির্বাচনে ফ্লোরিডায় রিপাবলিকানদের অবস্থান ধরে রাখায় ডিস্যান্টিসের রাজনৈতিক সম্ভাবনা টিকে আছে। সমরমন্ত্রী পিট হেগসেথের নাম আলোচনায় থাকলেও, ইরান যুদ্ধ নিয়ে বিতর্ক তার রাজনৈতিক ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে।

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয় নতুন করে দলটির প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের চাঙ্গা করেছে। এর মধ্যে পেনসিলভানিয়ার গভর্নর জশ শ্যাপিরো সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন। গভর্নর নির্বাচনে বড় ব্যবধানে জয় এবং গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের আসন বাড়াতে ভূমিকা তাকে মনোনয়ন দৌড়ে এগিয়ে নিয়ে যেতে পারে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম তার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী।

ডেমোক্র্যাট শিবিরে আরও কয়েকজন পরিচিত মুখের নাম আলোচনায় রয়েছে। সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দলীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন। ২০২৪ সালে নির্বাচনের কয়েক মাস আগে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর ডেমোক্র্যাটদের প্রার্থী হন কমলা হ্যারিস। ওই নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হওয়ার পর ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে লড়তে চাইলে তাকে দলের ভেতরে সমর্থন পুনর্গঠন করতে হবে।

এ ছাড়া, প্রগতিশীল ভোটারদের মধ্যে জনপ্রিয় নিউইয়র্কের কংগ্রেস সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%