০২:৫১ পি.এম
ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন দেশে ফেরার উদ্দেশ্যে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিনি আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন।
সোমবার, ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এই বিষয়ে একটি ই-মেইল পাঠিয়েছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইন পরামর্শক প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’। দিল্লি হাইকমিশন ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, চিঠিটি পাওয়ার পর তারা ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে পরবর্তী করণীয় সম্পর্কে অবহিত করেছে।
চিঠিতে শেখ হাসিনার আইনজীবী উল্লেখ করেছেন, ‘আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনি পরামর্শদাতা (আইনজীবী) হিসেবে আমার ক্ষমতাবলে এই চিঠি লিখছি। অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক আমাদের মক্কেলের (শেখ হাসিনা) বর্তমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করার খবরের প্রেক্ষিতে আমি আপনাকে আমাদের মক্কেলের জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।’
আরও পড়ুন: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার
শেখ হাসিনার আইনজীবী আরো লিখেছেন, ‘আমাদের এই অনুরোধটি তার (শেখ হাসিনা) বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে, বাংলাদেশের আইন অনুযায়ী যেকোনো বাধ্যবাধকতা এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের প্রযোজ্য বাধ্যবাধকতা অনুসারে করা হয়েছে। হাইকমিশন যদি এই বিষয়টি পরীক্ষা করে দেখে এবং আবেদনগুলো দ্রুত প্রক্রিয়া করার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও নথিপত্রের বিষয়ে আমাদের পরামর্শ দেয়, তবে আমরা কৃতজ্ঞ থাকব। আমরা আশা করি, এই অনুরোধটি সময়মতো বিবেচনা করবেন। আপনার সদয় দৃষ্টি ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন