ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

বোরহানউদ্দিনে শিক্ষার্থীদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের পরিচ্ছন্নতা কার্যক্রম


বোরহানউদ্দিনে শিক্ষার্থীদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের পরিচ্ছন্নতা কার্যক্রম

‘পরিচ্ছন্ন বিদ্যালয়, সুস্থ জীবন’ এই বার্তাকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, হাত ধোয়া কর্মসূচি এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা তৈরি করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে ধারণা দেওয়ার উদ্দেশ্যে উত্তর পূর্ব ছোট মানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয় বসুন্ধরা শুভসংঘ বোরহানউদ্দিন উপজেলা শাখার পক্ষ থেকে।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি আবদুর রহমান, ইভেন্ট সম্পাদক তাওহিদ ইসলাম তাহিন, প্রচার সম্পাদক শাহিন আহমেদ, কার্যকরী সদস্য ইসরাত জাহান তিষা, নুসরাত জাহান তিনা, ফারিয়া, তামজিদ, রিহাদ সহ অন্যান্য সদস্যরা।

আরও পড়ুন: টাঙ্গাইলে বাংলাদেশ শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিয়মিত হাত ধোয়া এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতন করা হয়।

হাত ধোয়া কর্মসূচিতে শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়। খাবার গ্রহণের আগে ও পরে, টয়লেট ব্যবহারের পর এবং বাইরে থেকে বিদ্যালয়ে ফেরার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধুমাত্র নিজের জন্য নয়, বরং পরিবার ও সমাজকে সুস্থ রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে শিক্ষার্থীদের জানানো হয়।

সেমিনারে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বাড়ি ও বিদ্যালয়ের আশপাশে জমে থাকা পানি নিয়মিত অপসারণ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা কিংবা অন্য কোনো স্থানে পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। পাশাপাশি জ্বরসহ ডেঙ্গুর সম্ভাব্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্বও তুলে ধরা হয়।

বক্তারা বলেন, শিশুদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির অভ্যাস গড়ে তুলতে পারলে তা তাদের ভবিষ্যৎ জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে। শুধু বিদ্যালয়ে নয়, শিক্ষার্থীদের মাধ্যমে এসব সচেতনতার বার্তা পরিবার ও সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়া সম্ভব। তাই স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন সমাজ গঠনে শিক্ষার্থীদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: মাদক নির্মূলে পরিবারকেই প্রধান ভূমিকা রাখতে হবে: ডিএনসি মহাপরিচালক

বসুন্ধরা শুভসংঘ বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি আবদুর রহমান জানান, বসুন্ধরা শুভসংঘ নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও স্বাস্থ্য, পরিবেশ, শিক্ষা ও সামাজিক সচেতনতা নিয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, বসুন্ধরা শুভসংঘের সদস্যরা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরিচ্ছন্নতা কার্যক্রম ও হাত ধোয়া কর্মসূচির পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের মাঝে একদিকে যেমন পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার বার্তা দেওয়া হয়, অন্যদিকে ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ প্রতিরোধে সম্মিলিতভাবে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

বসুন্ধরা শুভসংঘের সদস্যদের প্রত্যাশা, বিদ্যালয় থেকে শুরু হওয়া এই সচেতনতার বার্তা ছড়িয়ে পড়বে শিক্ষার্থীদের পরিবার ও পুরো সমাজে।

আরও পড়ুন: ইবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবির অধ্যাপক জামাল উদ্দিন সন্ত্রাসবিরোধী আইনে ফের গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


ঢাবির অধ্যাপক জামাল উদ্দিন সন্ত্রাসবিরোধী আইনে ফের গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক ডা. আ ক ম জামাল উদ্দিন (৫৬) কে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্তের প্রেক্ষিতে আসামি হিসেবে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। পল্টন থানার উপ-পরিদর্শক মো. নুরুজ্জামান আসামিকে আদালতে হাজির করে আটক রাখার জন্য আবেদন করেন।

আদালতে আসামিপক্ষের আইনজীবী খায়ের উদ্দিন শিকদার জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটক রাখার আবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১৮ মে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য, অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতারা রাজধানীর গুলিস্তান, বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে সমবেত হন। ওই সময় পুলিশ সদস্যরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের বিপরীত পাশে হোটেল ইম্পেরিয়ালের সামনে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করেন। এ সময় অজ্ঞাতনামা প্রায় ১৪০ থেকে ১৫০ জন বিভিন্ন দিকে পালিয়ে যান।

পুলিশের দাবি, তদন্তে আ ক ম জামাল উদ্দিনের বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তিনি নিষিদ্ধ সংগঠনের সদস্যপদ গ্রহণ, সংগঠনের আদর্শ ও কর্মকাণ্ড সমর্থন, অপরাধের ষড়যন্ত্র ও প্রচেষ্টার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া ঢাকার বিভিন্ন সরকারবিরোধী মিছিল-মিটিংয়ে তার নেতৃত্ব দেওয়ার তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া গেছে। ওই ঘটনায় ১৯ মে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।

এর আগে একই আইনের মামলায় গ্রেপ্তার হয়ে গত ১১ মার্চ থেকে তিনি কারাগারে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভয়নগরের অন্ধ ইমাম আকবরের জীবনে ২ হাজার টাকায় সংসার চালাতে অভাবের দীর্ঘশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


অভয়নগরের অন্ধ ইমাম আকবরের জীবনে ২ হাজার টাকায় সংসার চালাতে অভাবের দীর্ঘশ্বাস

নওয়াপাড়া বাজারে প্রতিদিন হাজারো মানুষের ব্যস্ত চলাচল লক্ষ্য করা যায়। কেউ বাজার করতে আসছেন, কেউ কর্মস্থলে ছুটছেন। এই ব্যস্ততার মাঝে হাফেজ ইমাম আকবর আলী (৫৫) নীরবে মানুষের কাছে সহায়তা প্রার্থনা করেন। তিনি জন্মগতভাবে দৃষ্টিপ্রতিবন্ধী, কিন্তু তাঁর পরিচয় শুধুমাত্র এটুকু নয়—তিনি একজন ইমাম। প্রতিদিন মসজিদে দাঁড়িয়ে অন্যদের নামাজ পড়ান এবং ধর্মীয় দায়িত্ব পালন করেন। তবে, নিজের সংসারের ন্যূনতম প্রয়োজন মেটাতে তাঁকে মানুষের সহায়তার ওপর নির্ভর করতে হয়।

অভয়নগর উপজেলার চাপাতলা এলাকার শালবাগানের বাসিন্দা আকবর আলী। তাঁর বাবা আজগর আলী মোল্লা। আকবর আলী চেঙ্গুটিয়া কাঁচা বাজার মসজিদে ইমামতি করেন। মসজিদ থেকে মাসে তাঁর সম্মানী মাত্র ২ হাজার টাকা। এই সামান্য আয়েই তিনি স্ত্রীকে নিয়ে সংসার চালানোর চেষ্টা করেন।

আকবর আলীর দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। বর্তমানে তিনি স্ত্রীকে নিয়ে ছোট সংসার চালান। তবে সংসার ছোট হলেও প্রয়োজন তো থেমে থাকে না। প্রতিদিনের খাবার, ওষুধ, পোশাকসহ নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে ২ হাজার টাকা কোনভাবেই যথেষ্ট নয়। ফলে মসজিদের দায়িত্ব পালন শেষে প্রয়োজনের তাগিদে তাঁকে নওয়াপাড়া বাজারে মানুষের কাছে সহায়তা চাইতে হয়।

এটি তাঁর কাছে আনন্দের বিষয় নয়। বরং প্রয়োজনের কাছে আত্মসমর্পণের মতো মনে হয়। কারও কাছে কিছু চাইতে তাঁরও নিশ্চয়ই কষ্ট হয়। কিন্তু পেটের দায়, সংসারের প্রয়োজন এবং সীমাবদ্ধ জীবনযাপন তাঁকে সেই কঠিন বাস্তবতার মুখোমুখি করেছে।

দৃষ্টিশক্তি না থাকলেও ধর্মীয় দায়িত্ব পালনে আকবর আলীর আন্তরিকতার ঘাটতি নেই। প্রতিদিন মানুষের সামনে দাঁড়িয়ে নামাজ পড়ান তিনি। অন্যের জীবনে আলোর পথ দেখানোর দায়িত্ব পালন করলেও নিজের জীবনের অভাবের অন্ধকার কাটাতে পারছেন না।

চেঙ্গুটিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক বদরুল আলম বলেন, “আকবর আলী দীর্ঘদিন ধরে ইমামতি করছেন। তাঁর অবস্থা খুবই কষ্টের। মাত্র ২ হাজার টাকা সম্মানী দিয়ে সংসার চালানো সম্ভব নয়। প্রয়োজনের কারণেই তাঁকে মানুষের সহায়তা নিতে হয়।”

কলেজ শিক্ষক আবুল হোসেন বলেন, আকবর আলীর জীবন অনেকটা পরিচিত। তাঁকে কেউ করুণার চোখে দেখতে চান না। বরং তাঁদের মতে, দীর্ঘদিন ধর্মীয় দায়িত্ব পালন করা এই মানুষটির জন্য এমন একটি ব্যবস্থা হওয়া প্রয়োজন, যাতে তাঁকে সংসারের খরচ জোগাতে মানুষের কাছে যেতে না হয়।

আকবর আলীর কষ্টের জায়গাটা এখানেই—তিনি কাজ করতে চান, দায়িত্ব পালন করতে চান, নিজের সম্মান নিয়েই স্ত্রীকে নিয়ে বাঁচতে চান। কিন্তু জন্মগত দৃষ্টিপ্রতিবন্ধকতা এবং সামান্য সম্মানীর কারণে তাঁর সেই পথটি কঠিন হয়ে উঠেছে।

তাঁর জীবনের এই গল্প তাই করুণার নয়, দায়িত্ববোধেরও। সমাজের সামর্থ্যবান মানুষ, স্থানীয় প্রতিষ্ঠান এবং মসজিদ কর্তৃপক্ষ সম্মিলিতভাবে পাশে দাঁড়ালে হয়তো তাঁর জীবনের এই অনিশ্চয়তা অনেকটাই কমতে পারে। মানুষের কাছে সহায়তার জন্য হাত বাড়ানোর বদলে ইমাম আকবর আলী যেন নিজের দায়িত্ব পালন করেই স্ত্রীকে নিয়ে একটু স্বস্তি ও মর্যাদার সঙ্গে বাঁচতে পারেন—এটাই হতে পারে তাঁর প্রতি সবচেয়ে বড় সহমর্মিতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিরাইয়ের পূর্বাঞ্চলের হাওরের পানি শুকিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক, ব্যাহত নৌকা চলাচল

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


দিরাইয়ের পূর্বাঞ্চলের হাওরের পানি শুকিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক, ব্যাহত নৌকা চলাচল

সুনামগঞ্জের দিরাই উপজেলার পূর্বাঞ্চলের বিভিন্ন হাওরের পানি দ্রুত শুকিয়ে যাওয়ার ফলে কৃষক ও হাওরপাড়ের মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পানি কমে যাওয়ার কারণে নৌকা চলাচলে সমস্যা দেখা দিয়েছে, পাশাপাশি আগামী কৃষি মৌসুমে ধানের চারা লাগানোর বিষয়েও শঙ্কা দেখা দিয়েছে।

হাওরের পানি যদি এভাবে কমতে থাকে, তাহলে অনেক জমি দ্রুত শুকিয়ে যেতে পারে। এর ফলে প্রয়োজনীয় সময়ে জমিতে পর্যাপ্ত পানি পাওয়া কঠিন হয়ে পড়বে। কৃষকদের জন্য ধানের চারা রোপণ ও জমি প্রস্তুতের কাজেও সমস্যা দেখা দিতে পারে।

স্থানীয় কৃষকদের আশঙ্কা, যদি সময়মতো পানি না পাওয়া যায়, তাহলে জমিতে পানির সংকট সৃষ্টি হবে এবং ধানের চারা লাগাতে তাদের বাড়তি ভোগান্তি পোহাতে হবে। বিশেষ করে হাওরনির্ভর কৃষকদের জন্য বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে, হাওরের পানি কমে যাওয়ার ফলে বিভিন্ন নৌপথে নৌকা চলাচলও কঠিন হয়ে পড়েছে। হাওরের অগভীর অংশে নৌকা চলাচলে সমস্যা হওয়ায় কৃষক, জেলে ও সাধারণ মানুষের যাতায়াতে ভোগান্তি বৃদ্ধি পাচ্ছে। কৃষিপণ্য ও প্রয়োজনীয় সামগ্রী পরিবহনেও এর প্রভাব পড়তে পারে।

হাওরপাড়ের কৃষকরা বলছেন, কৃষিকাজের জন্য প্রয়োজনীয় পানি নিশ্চিত করা না গেলে সঙ্কট আরও বাড়বে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি মুহিদ ৪ দিনের রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি মুহিদ ৪ দিনের রিমান্ডে

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া খাঁনকে হত্যা মামলার প্রধান আসামি মুহিদ হাসান রণিকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এই আদেশটি সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মন্ডল প্রদান করেন।

মুহিদ হাসান বণি (২০) সাতক্ষীরা শহরতলীর ইটাগাছার ফিরোজউদ্দিনের সন্তান।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানিয়েছেন, কলেজছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় পুলিশ শনিবার ভোরে মুহিদ হাসান রণিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরদিন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। বুধবার উভয়পক্ষের শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের আদেশ হাতে পাওয়ার পর তাকে পুলিশ হেফাজতে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট অজয় কুমার সরকার। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন সিএসআই মাজাহারুল ইসলাম।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণী সম্পদ কর্মকর্তার অফিসের প্রধান ফটকের পাশে চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে বিরোধের কারণে নাহিদসহ কয়েকজন তাকে মারপিট করে। তাকে বাঁচাতে গিয়ে নাহিদের ছুরিকাঘাতে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এইচএসসি ফলপ্রত্যাশী জাকারিয়া মারা যায়।

এই ঘটনার পর নিহতের ভাই শাহারিয়ার খাঁন বাদি হয়ে শনিবার রাতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামি নাহিদ হাসান এবং তার সহযোগী অমিত হাসান শিপনকে মঙ্গলবার ভোরে কালিগঞ্জের শুইলপুর থেকে গ্রেপ্তার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%