ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সামর্থ্যের মধ্যেই বাজেট করতে হয়েছে : অর্থমন্ত্রী


সামর্থ্যের মধ্যেই বাজেট করতে হয়েছে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন যে, যতটুকু সামর্থ্য রয়েছে, তার মধ্যেই বাজেট করতে হয়েছে। তিনি আরো বলেন, ‘একটি বিধ্বস্ত ও ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে স্থিতিশীলতার পথে নিয়ে গিয়ে আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

এই লক্ষ্য অর্জনের একটি প্রচেষ্টা এই বাজেটে প্রতিফলিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। অর্থমন্ত্রী উল্লেখ করেন, ‘দেশের সামগ্রিক উন্নয়ন ও মানুষের জীবনমানের উন্নয়নকে গুরুত্ব দিয়ে বাজেটের সব বিষয় নির্ধারণ করা হয়েছে। এবারের বাজেটের প্রেক্ষাপটও কিছুটা ভিন্ন।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

দীর্ঘদিন পর একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে। ফলে জাতির প্রত্যাশা ও আকাঙ্ক্ষা অনেক বেশি। সেই প্রত্যাশা, চিন্তা-ভাবনা ও ভবিষ্যৎ লক্ষ্যকে সামনে রেখে বাজেট প্রণয়নের চেষ্টা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের সব নাগরিককে এর অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে। জাতীয় ও অর্থনৈতিক কার্যক্রমে সবাই যাতে অংশ নিতে পারে এবং অর্থনৈতিক উন্নয়নের সুফল যেন সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছায়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্য নিয়ে এই বাজেট প্রণয়ন করা হয়েছে।’ সীমিত সম্পদের মধ্যেও সবাইকে সঙ্গে নিয়ে এই বাজেট বাস্তবায়নের চেষ্টা করা হবে বলে তিনি জানান।

দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম এবং দেশের ৫৫তম জাতীয় বাজেট।

এই বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণের চাপ থেকেই বাজেটের আকার এত বড় হচ্ছে বলে আভাস দিয়েছে অর্থ বিভাগ।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শপথ নিয়ে মাদক ও অপরাধকে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


শপথ নিয়ে মাদক ও অপরাধকে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা

কুমিল্লার দাউদকান্দিতে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা এবং শপথ অনুষ্ঠিত হয়েছে। এ সময় শপথ নিয়ে শিক্ষার্থীরা মাদক ও অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার শহিদনগর এমএ জলিল উচ্চ বিদ্যালয়ের হলরুমে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করে শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক এবং কিশোর অপরাধ রোধে শপথ পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

অনুষ্ঠানে শহিদনগর এমএ জলিল উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি খন্দকার আরিফ হোসেন (এমবিএস)-এর সভাপতিত্বে লাল-সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সাংগঠনিক ফরিদ ভূঁইয়ার সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য তছলিম আহম্মেদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহজাহান, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, বিদ্যালয়ের অভিভাবক সদস্য খন্দকার আরিফ আহমেদ, সাবেক বিদ্যোৎসাহী সদস্য মহিউদ্দিন খান, শিক্ষানুরাগী রিমন খন্দকার, সংগঠনের দাউদকান্দি শাখার সহসাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মারুফ প্রমুখ।

প্রসঙ্গত, সংগঠনটি ৬৪টি জেলায় গত ১৫ বছর ধরে শিক্ষার্থীদের সামাজিক সচেতনতায় কাজ করে যাচ্ছে।

সংগঠনের সব সদস্য বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁরা প্রতি মাসের একটি দিনের টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করতে স্বেচ্ছায় দেশে কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে চার ঘণ্টার অভিযানে ১৫৪ জনের দণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


সিলেটে চার ঘণ্টার অভিযানে ১৫৪ জনের দণ্ড

মাদক ও অপরাধমুক্ত নগর গড়ার ঘোষণা দিয়ে চিরুণী অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে চার ঘণ্টার চিরুণী অভিযানে ১৫৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে। এই অভিযানের পাশাপাশি, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ৩২ ঘণ্টার অভিযান চালিয়ে ১৮৬ জনকে গ্রেফতার ও ১৭৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

সিলেট নগরীকে মাদক ও অপরাধমুক্ত করার যে ঘোষণা এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী দিয়েছেন, সেটি বাস্তবায়নের অংশ হিসেবে গেল কয়েক দিন ধরে নগরীতে চার দিনের চিরুণী অভিযান পরিচালিত হচ্ছে। জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুলিশ এই অভিযান চালাচ্ছে।

যদি প্রমাণসহ হাতেনাতে কোনো মাদকসেবী, কারবারি, ছিনতাইকারী কিংবা জননিরাপত্তবিঘ্নকারী আটক করা হয়, তবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে অর্থ কিংবা কারাদণ্ড প্রদান করা হচ্ছে। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মহানগরীতে পুলিশ চিরুণী অভিযান চালায়। এসময় বিভিন্ন অপরাধের জন্য ১৫৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়। এর মধ্যে কোতোয়ালী থানায় ৩৪ জন, জালালাবাদে ২১ জন, এয়ারপোর্টে ২৬ জন, দক্ষিণ সুরমায় ২৭ জন, মোগলাবাজারে ১৯ জন ও শাহপরাণ থানা এলাকা থেকে ২৭ জনকে আটক করে দণ্ড দেওয়া হয়।

এদিকে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ৩২ ঘণ্টার মহানগরী থেকে ১৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম। এই সময়ে ১৭৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবহাওয়া যেভাবে ফুটবল কৌশলে প্রভাব ফেলে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


আবহাওয়া যেভাবে ফুটবল কৌশলে প্রভাব ফেলে

আসন্ন বিশ্বকাপে প্রচণ্ড গরমের মধ্যে অনেক ম্যাচ অনুষ্ঠিত হবে, এ নিয়ে ইদানীং বেশ আলোচনা চলছে। স্বাভাবিকভাবেই মাঠের তাপমাত্রা কৌশলগত পরিকল্পনা এবং খেলোয়াড়দের পারফরম্যান্সে বড় প্রভাব ফেলবে। তবে আবহাওয়ার প্রভাব কেবল ম্যাচের দিনের পরিস্থিতির মধ্যেই সীমাবদ্ধ নয়। আর্সেন ভেঙ্গার কিংবা ফাবিও কাপেলোর মতো ফুটবলের শীর্ষস্থানীয় বোদ্ধারা মনে করেন, একটি দেশের জলবায়ু সরাসরি তাদের খেলার ধরনকে প্রভাবিত করে এবং সেই অনুযায়ী খেলোয়াড়দের তৈরি করে। ফলে আবহাওয়া দুই স্তরে ফুটবলকে রূপ দেয়; প্রথমত তাৎক্ষণিকভাবে, ম্যাচের সময় দলগুলোর কৌশল বদলে দিয়ে; দ্বিতীয়ত দীর্ঘমেয়াদে প্রজন্মের পর প্রজন্ম ধরে খেলোয়াড়দের প্রশিক্ষণ ও বেড়ে ওঠাকে প্রভাবিত করে।

চ্যাম্পিয়ন্স লীগের পাঁচ মৌসুমের তথ্য বিশ্লেষণ করে ২০২৪ সালের একটি গবেষণায় দেখা গেছে, উচ্চ তাপমাত্রা এবং বাতাসের আর্দ্রতা খেলোয়াড়দের টেকনিক্যাল পারফরম্যান্সে প্রভাব ফেলে। তাপমাত্রা বেশি থাকলে কাউন্টার-অ্যাটাক থেকে শট নেওয়ার প্রবণতা কমে যায়, ড্রিবলিং সফল হয় কম এবং দূরপাল্লার শটের সংখ্যা বাড়ে। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগে রক্ষণভাগ ভাঙার জন্য গতিময় ও ওয়ান-টু-ওয়ান ড্রিবলিংয়ে দক্ষ উইঙ্গারদের ব্যবহার বেড়েছে।

টমাস টুখেলের ইংল্যান্ড দলেও মার্কাস র‍্যাশফোর্ড, অ্যান্থনি গর্ডন বা বুকায়ো সাকার মতো খেলোয়াড়দের অন্তর্ভুক্তি এই কৌশলেরই অংশ। কিন্তু তীব্র গরমে এই গতি ধরে রাখা এবং আক্রমণাত্মক প্রেসিং বজায় রাখা বেশ কঠিন। একই কথা খাটে ডিফেন্সের গভীর থেকে আক্রমণে উঠে আসা ফুল-ব্যাকদের ক্ষেত্রেও। অতিরিক্ত গরমে খেলোয়াড়রা দ্রুত ক্লান্ত হয়ে পড়ায় আক্রমণভাগের ধার কমে যেতে পারে। এই পরিস্থিতি সামাল দিতে দলগুলোকে হয়তো বল পজেশন ধরে রেখে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে হবে।

গত বছরের ক্লাব বিশ্বকাপে প্রচণ্ড গরম ও আর্দ্রতার মধ্যে পিএসজিকে হারিয়ে চেলসি যখন চ্যাম্পিয়ন হয়েছিল, তখন তাদের কোচ এনজো মারেস্কা ম্যাচের শুরুতে চরম আক্রমণাত্মক ‘ম্যান-টু-ম্যান’ প্রেসিং কৌশল বেছে নিয়েছিলেন। ম্যাচের শুরুতে সেই তীব্রতা কাজে লাগিয়ে বড় ব্যবধানে এগিয়ে গেলেও আবহাওয়ার কারণে পরে খেলোয়াড়দের ধরে ধরে পরিবর্তন করতে হয়েছিল। ইংল্যান্ড দলের জন্যও এই গরমের মধ্যে র‍্যাশফোর্ড বা গর্ডনের মতো একই ধরনের বিকল্প খেলোয়াড় থাকাটা বড় সুবিধা দেবে, যা দলের ভারসাম্য না হারিয়েই মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সুযোগ করে দেবে।

ম্যাচের তাৎক্ষণিক প্রভাবের বাইরে জলবায়ু কীভাবে একটি দেশের ফুটবল দর্শন গড়ে তোলে, তা নিয়ে ইতালির সাবেক কোচ ফাবিও কাপেলো একবার বলেছিলেন যে, যুক্তরাজ্যে বাতাস, বৃষ্টি আর ঠান্ডার মধ্যে খেলোয়াড়দের শান্তভাবে টেকনিক শেখানো অসম্ভব। আর এ কারণেই ব্রাজিল বা দক্ষিণ ইতালির মতো উষ্ণ অঞ্চলের খেলোয়াড়রা বেশি টেকনিক্যাল হয়ে থাকেন। প্রায় দুই দশক আগে ইতালির চেয়ে ইংল্যান্ডে বাতাসের গতি গড়ে ৫০ শতাংশ বেশি ছিল, যা অজান্তেই সেখানকার ফুটবলারদের শিক্ষার ধরন বদলে দিয়েছে। লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপও ইংল্যান্ডের ফুটবলকে জার্মানির চেয়ে আলাদা এবং তীব্র বাতাস ও বৈরী আবহাওয়ার কারণে অনেক বেশি ‘ডুয়াল’ (শারীরিক শক্তির) লড়াইনির্ভর বলে উল্লেখ করেছিলেন।

আর্সেনালের কিংবদন্তি কোচ আর্সেন ভেঙ্গারও মনে করতেন, তীব্র বাতাস আর ঠান্ডার কারণে ইংল্যান্ডে অনুশীলনের সময় খেলোয়াড়দের শান্ত রেখে টেকনিক বা ট্যাকটিকস শেখানো যায় না। খেলোয়াড়দের শরীর গরম রাখতে অনবরত দৌড়ের ওপর রাখতে হয়, যা শৈশব থেকেই তাদের অভ্যাসে পরিণত হয়। অবশ্য পেপ গার্দিওলা, ইয়ুর্গেন ক্লপ বা আন্তোনিও কন্তের মতো আধুনিক কোচদের হাত ধরে সাম্প্রতিক বছরগুলোতে ইংল্যান্ডের ফুটবল কৌশলে বিশাল পরিবর্তন এসেছে। বর্তমান কোচ টমাস টুখেল আশা করবেন যে, প্রিমিয়ার লীগের এই আধুনিক শিক্ষা ইংল্যান্ডের খেলোয়াড়দের আন্তর্জাতিক মঞ্চে যেকোনো ঘাটতি পুষিয়ে নিতে সাহায্য করবে। তবে শৈশব থেকে ঠান্ডা, বাতাস আর বৃষ্টিতে অভ্যস্ত ইংলিশ ফুটবলারদের যদি এবার বিশ্বমঞ্চে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হয়, তবে তা করতে হবে সম্পূর্ণ এক অপরিচিত ও প্রতিকূল উষ্ণ জলবায়ুর মুখোমুখি হয়েই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চতুর্থ বিশ্বকাপে ‘ছোট্ট ছেলের মতো’ অনুভূতি সনের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


চতুর্থ বিশ্বকাপে ‘ছোট্ট ছেলের মতো’ অনুভূতি সনের

দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং-মিন জানিয়েছে, চারবারের বিশ্বকাপ অভিজ্ঞতা থাকার পরেও আবেগের জায়গায় কোনো পরিবর্তন হয়নি। বিশ্বকাপের মঞ্চে প্রবেশ করার অনুভূতি তার জন্য প্রতিটি বারই নতুন এবং এখনো তিনি নিজেকে ছোট্ট ছেলের মতোই অনুভব করেন।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে দক্ষিণ কোরিয়া প্রস্তুতি নিচ্ছে। এশিয়ার অন্যতম অভিজ্ঞ দলে ৩৩ বছর বয়সী সন নেতৃত্ব দিচ্ছেন। তিনি জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৪৪ ম্যাচে ৫৬ গোল করেছেন, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে অংশ নেওয়া সন এখন তার চতুর্থ আসরের অপেক্ষায় আছেন। বিশ্বকাপে এখন পর্যন্ত তার খেলা ১১ ম্যাচে গোল ৩টি এবং অ্যাসিস্ট ১টি।

যৌক্তিকতার কারণে দীর্ঘদিন ইউরোপের ফুটবলে খেলার পর বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসিতে খেলেন তিনি। তার অভিজ্ঞতা ও ফর্মকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়া দল ভালো কোনো কিছুর স্বপ্ন দেখছে।

আগামী শুক্রবার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ অভিযান শুরু হবে। এ ম্যাচের আগের সংবাদ সম্মেলনে সন বলেন, "বিশ্বকাপের অভিজ্ঞতা যতবারই হোক, অনুভূতি সব সময় একই থাকে।"

তিনি আরও বলেন, "বিশ্বকাপে ফিরতে পেরে আমি খুব খুশি। এটা আমার প্রথম হোক বা চতুর্থ, আমি এখনও সেই ছোট্ট ছেলেটির মতোই অনুভব করি। বিশ্বকাপ আমার কাছে স্বপ্নের মঞ্চ।"

অতীতে পাওয়া অভিজ্ঞতা অনুযায়ী তিনি বলেন, "আমরা অতীত থেকে শিখেছি। কাতার বিশ্বকাপে আমাদের ভালো ও খারাপ দুই অভিজ্ঞতাই ছিল। এখন আমরা আরও পরিণত ও অভিজ্ঞ দল।”

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আগের ব্যর্থতা নিয়ে বেশি চিন্তিত না হয়ে সন বলেন, "প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। আমরা এক ম্যাচ করে সামনে এগোব।"

দক্ষিণ কোরিয়ার ‘এ’ গ্রুপের অন্যান্য দুই প্রতিপক্ষ হলো মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%