০৫:৫৩ পি.এম
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে বাংলাদেশে জলবায়ু সংকট মোকাবিলায় তরুণ সমাজ ও গণমাধ্যমের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ প্রেক্ষাপটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আয়োজিত "জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গণমাধ্যম ও যুবসমাজের ভূমিকা" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে জলবায়ু সংকটের বাস্তবতা, জনসচেতনতা তৈরিতে সংবাদমাধ্যমের দায়িত্ব এবং তরুণদের অংশগ্রহণের বিভিন্ন দিক উঠে আসে। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশরাফুল আলম। এসময় তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গণমাধ্যম ও তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ এজেন্ট হিসেবে উল্লেখ করেন। কিনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন শাহ ইশরাত আজমেরী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন কেবল পরিবেশগত সংকট নয়; বরং এটি অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও গভীর চ্যালেঞ্জ তৈরি করছে। এ সংকট মোকাবিলায় তরুণ শক্তি, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি একই সাথে উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে শিশু, নারী ও বয়স্ক জনগোষ্ঠী। সেমিনারে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন দ্য ডেইলি স্টারের চিফ রিপোর্টার পিনাকী রায়। তিনি বলেন, সমুদ্রের পানি বেড়ে যাওয়া বা মেরু অঞ্চলের বরফ গলে যাওয়াই কেবল জলবায়ু পরিবর্তন নয়; কৃষকের সেচের পানি না পাওয়া মৃত্যুর সমান। তিনি উল্লেখ করেন, রাজশাহী ও খুলনা অঞ্চলের কৃষকরা এরইমধ্যে সেচ সংকটের মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন, যা জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাব। তিনি আরও বলেন, কৃষকদের এই সংকট সমাজের সামনে তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব, যাতে বিশেষজ্ঞরা কার্যকর সমাধানে কাজ করতে পারেন। একই সাথে তরুণদের নিজ নিজ কর্মক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। সেমিনারের শেষে নোয়াখালীর নিঝুম দ্বীপে ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরা হয়। শেষে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাইস উদ্দিন এবং ট্রেজারার ড. সাবিনা শারমিন। অনুষ্ঠান শেষে শাহ ইশরাত আজমেরী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা উপহার দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন