০৬:০৫ পি.এম
ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশকে ২০ মিলিয়ন ইউরো (যার পরিমাণ প্রায় ২৭৭ কোটি ৩৮ লাখ টাকা) অনুদান প্রদান করবে জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পরিবেশবান্ধব নির্মাণ খাতের উন্নয়নের জন্য।
অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মো. মাকসুদ আলমের স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ ও জার্মানির সরকারের মধ্যে ‘ইকো-বিল্ড: স্কেলিং আপ গ্রিন কনস্ট্রাকশন’ প্রকল্পের বাস্তবায়নের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং জার্মানির পক্ষ থেকে জিআইজেডের ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর মার্ক গমবার্ট এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
আরও পড়ুন: প্রি-পেইড মিটারে রিচার্জের জন্য ডেসকোর জরুরি নির্দেশনা
সমঝোতা স্মারকের অধীনে, প্রকল্পটির জন্য মোট ২০ মিলিয়ন ইউরো আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেখানে জার্মান সরকার ও ইউরোপীয় ইউনিয়ন প্রত্যেকেই ১০ মিলিয়ন ইউরো অনুদান প্রদান করবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় যৌথভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করবে।
প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো দেশের জাতীয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের নির্মাণ শিল্পকে পরিবেশগত এবং জলবায়ুবান্ধব করে তোলা। এ লক্ষ্যে সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, সরকারি ও বেসরকারি অংশীজনের অংশগ্রহণ নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর গুণগত মান নিয়ন্ত্রণ ও নিশ্চিতকরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
জার্মানি ১৯৭২ সাল থেকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে। এ পর্যন্ত দেশটির প্রতিশ্রুত আর্থিক ও কারিগরি সহায়তার মোট পরিমাণ প্রায় ৪ বিলিয়ন ইউরো। বর্তমানে বাংলাদেশে জিআইজেডের ১২১ দশমিক ৬২ মিলিয়ন ইউরো অনুদান সহায়তায় ২১টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী কাল রাজশাহী সফরে, জনসভায় বক্তব্য দেবেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন