০৯:২৪ এম
উত্তরাঞ্চলের বঞ্চনা নিরসন, গণভোটে রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনার দ্রুত রোডম্যাপ ঘোষণাসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবির সাথে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট। এসব দাবি আদায়ে তারা আগামী ১১ জুলাই রংপুরে বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় রংপুর মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জোটের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেন, দেশের জনগণ দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক অস্থিরতা, গণতান্ত্রিক অধিকার হরণ, দমন-পীড়ন ও বৈষম্যের শিকার হয়েছে। লোকজনের ঐক্যবদ্ধ আন্দোলন ও গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় জাতীয় নির্বাচন ও গণভোটে জনগণ তাদের সুস্পষ্ট মতামত প্রদান করেছে। কিন্তু জনগণের দেয়া সেই গণরায়ের বাস্তবায়নে এখনও প্রত্যাশিত অগ্রগতি দেখা যাচ্ছে না, যা সাধারণ মানুষের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
আরও পড়ুন: বিএমপি কমিশনারের উদ্যোগে পুলিশ লাইন্সের পুকুরে মৎস্যপোনা অবমুক্ত, উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণের প্রত্যাশা
তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে জনগণের মতামত ও রায়। জনগণ যে সিদ্ধান্ত দিয়েছে তা বাস্তবায়ন করা রাষ্ট্র ও সরকারের সাংবিধানিক, রাজনৈতিক এবং নৈতিক দায়িত্ব। জনগণের রায়কে উপেক্ষা করে কিংবা বাস্তবায়নে গড়িমসি করে একটি গণতন্ত্র কখনোই শক্তিশালী হতে পারে না।’
সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশিজ নাগরিক হত্যা ও পুশইন বন্ধে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের দাবিও জানানো হয়।
এছাড়া সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর মহানগর আমির এ টি এম আযম খান, রংপুর জেলা আমির ও রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, মহানগর সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক এবং মহানগর প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলী উপস্থিত ছিলেন।
এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক আল মামুন, মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর মহানগর সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ৭নং জগদল ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত, ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়নের দাবি
আগামী ১১ জুলাই রংপুরে অনুষ্ঠেয় বিভাগীয় সমাবেশে সর্বস্তরের জনগণ, কৃষক, শ্রমিক, ছাত্র, যুবসমাজ, পেশাজীবী, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী এবং সচেতন নাগরিকদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার জন্য আহ্বান জানানো হয়। নেতারা আশাবাদী যে, এই সমাবেশ উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবিদাওয়া ও জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে নতুনভাবে সামনে নিয়ে আসবে এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নের আন্দোলনকে আরও বেগবান করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন