১১:১৩ পি.এম
ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণের প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত ভূমিমালিকদের ন্যায্যমূল্য ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবিতে হবিগঞ্জের মাধবপুরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত ভূমিমালিক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে বক্তব্য রাখেন মাসুম বিল্লাহ, হাজী শফিকুল ইসলাম, শাওন মিয়া, হুমায়ুন আহমেদসহ আরও অনেক বক্তা।
বক্তারা উল্লেখ করেন, ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত হলে দেশের যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে। তবে, উন্নয়নের নামে সাধারণ মানুষের ন্যায্য অধিকার থেকে যেন বঞ্চিত না হন, সেই বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।
তারা অভিযোগ করেন, দীর্ঘকাল ধরে ভোগদখলে থাকা জমি অধিগ্রহণের ফলে অনেক পরিবার বসতভিটা, কৃষিজমি ও ব্যবসাপ্রতিষ্ঠান হারানোর ঝুঁকিতে রয়েছে। অথচ, জমির প্রকৃত বাজারমূল্য অনুযায়ী ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে তাদের মধ্যে উদ্বেগ বিদ্যমান। এই প্রেক্ষাপটে অধিগ্রহণ করা জমির ন্যায্য মূল্য নির্ধারণ এবং দ্রুত ক্ষতিপূরণ পরিশোধের দাবি জানানো হয়।
আরও পড়ুন: ত্রিশালে বিশ্ব হাত ধোয়া দিবসে র্যালি ও দোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
ক্ষতিগ্রস্ত ভূমিমালিকরা জানান, তারা বৃহৎ এই উন্নয়ন প্রকল্পের বিরোধিতা করছেন না। বরং, উন্নয়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার ও স্বার্থ রক্ষার দাবি করছেন। জমির যথাযথ মূল্য ও ক্ষতিপূরণ নিশ্চিত না হলে অনেক পরিবার আর্থিক ও সামাজিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। মানববন্ধন থেকে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া পুনর্বিবেচনা, প্রকৃত বাজারমূল্যের ভিত্তিতে ক্ষতিপূরণ নির্ধারণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সরকারের এই বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ভূমিমালিকদের স্বার্থও সমান গুরুত্ব পাবে এবং কেউ যেন তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন