০১:৫১ পি.এম
পাকিস্তানের সীমান্তবর্তী ওয়াজিরিস্তান অঞ্চলে আফগান তালেবান বেসামরিক মানুষের বাড়িঘর ও একটি বাজার লক্ষ্য করে গুলি চালায়। এই হামলায় একজন নিহত এবং পাঁচজন আহত হন। বুধবার পাকিস্তানের এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা এই তথ্য প্রকাশ করেন।
দক্ষিণ ওয়াজিরিস্তান লোয়ারের ডেপুটি কমিশনার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, মঙ্গলবার কোনো উসকানি ছাড়াই এই হামলা সংঘটিত হয়। তিনি আরও জানান, পাকিস্তানি বাহিনী এই ঘটনার জবাবে জোরালোভাবে পাল্টা ব্যবস্থা নিচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের সঙ্গে যোগাযোগ করেছিল এ ঘটনার বিষয়ে মন্তব্য জানতে, তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আফগান তালেবান সম্প্রতি দাবি করেছে, পাকিস্তানের সঙ্গে তাদের বিরোধ কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। কিন্তু এর কয়েক দিন পরেই নতুন করে সহিংসতার এই ঘটনা ঘটে। এক সময়ের মিত্র দেশ হলেও পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বর্তমানে বিরোধ বৃদ্ধি পাচ্ছে। সীমান্তে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা দুই দেশের বিরোধের প্রধান কারণ। পাকিস্তান অভিযোগ করেছে, আফগানিস্তানের রাজধানী কাবুলের তালেবান সরকার সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের আশ্রয় দিচ্ছে।
আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা
তবে তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, জঙ্গি তৎপরতা পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। চলমান সংঘাতে এ বছর দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী দেশের মধ্যে শত শত মানুষ নিহত হয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন