০৩:০০ পি.এম
ভারতের অন্ধপ্রদেশের বিখ্যাত তিরুমালা ভেক্টেশ্বর মন্দিরে আবারও দেখা মিলল বলিউডের তরুণ প্রজন্মের অভিনেত্রী জাহ্নবী কাপুরের। আসন্ন সিনেমা 'পেড্ডি'র সাফল্য কামনায় খালি পায়ে প্রায় ৩ হাজার ৫৫০টি সিঁড়ি অতিক্রম করে মন্দিরে পৌঁছান অভিনেত্রী। সেই যাত্রার ছবি ও ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
মন্দিরের দিকে যাত্রাকালে জাহ্নবীকে দেখা যায় ঐতিহ্যবাহী দক্ষিণ ভারতীয় পোশাকে। লেহেঙ্গা-চোলিতে সজ্জিত জাহ্নবী কোনো তারকাসুলভ আড়ম্বর ছাড়াই সাধারণ ভক্তদের মতো ভক্তিভরে সিঁড়ি বেয়ে উপরে উঠেছেন। তার এই সরলতা ও আন্তরিকতাই প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের মধ্যে।
দীর্ঘ পথ অতিক্রম করার পর মন্দিরে পৌঁছানোর পরে ভোরের আলোয় ধরা দিয়েছেন এক অনিন্দ্যসুন্দর রূপে। তিনি বেগুনি রঙের রেশমি শাড়িতে সেজেছিলেন। সাথে ছিল গলার হার, কানের দুল, চুড়ি ও কোমরবন্ধনীর মতো ঐতিহ্যবাহী অলংকার।
আরও পড়ুন: দেশের অর্থনীতি তিন কাঠামোগত ফাঁদে আটকে, দারিদ্র্য ও বিনিয়োগে স্থবিরতা
তবে পুরো সাজেই দেখা গেছে পরিমিতি ও সৌন্দর্যের মেলবন্ধন। তার স্বাভাবিক কেশসজ্জার সঙ্গে এই মার্জিত রূপের ভিডিও দ্রুতই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। এক সাক্ষাৎকারে জাহ্নবী জানিয়েছিলেন, এই মন্দিরের সঙ্গে তার সম্পর্ক শুধু ধর্মীয় নয়, গভীরভাবে আত্মিকও। ছোটবেলায় মা শ্রীদেবীর হাত ধরে বহুবার এখানে এসেছেন তিনি। মায়ের স্মৃতি, মানসিক প্রশান্তি এবং আত্মিক শক্তির খোঁজে এখনও প্রায় প্রতি বছরই তিরুপতি বালাজির দর্শনে আসেন এই অভিনেত্রী।
ধর্মীয় বিশ্বাস, পারিবারিক আবেগ এবং পেশাগত সাফল্যের প্রার্থনা- সব মিলিয়ে জাহ্নবীর এই তিরুপতি সফর ভক্তদের কাছে আরও একবার তার ব্যক্তিত্বের মানবিক ও আধ্যাত্মিক দিকটিকে তুলে ধরেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন