ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ বিমান বাহিনীতে প্রভোস্ট সপ্তাহ-২০২৬ উদ্বোধন


বাংলাদেশ বিমান বাহিনীতে প্রভোস্ট সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বাংলাদেশ বিমান বাহিনীতে প্রভোস্ট সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) বিমান বাহিনী সদর দপ্তরে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার প্রধান অতিথি হিসেবে এই প্রভোস্ট সপ্তাহের উদ্বোধন করেন।

তিনি প্রভোস্ট পেশার বিমান সেনাদের নির্দেশনা প্রদান করেন যাতে তারা শৃঙ্খলা প্রয়োগের পাশাপাশি নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি, দুর্ঘটনা প্রতিরোধ এবং সংকটকালে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিমান বাহিনীর কার্যক্ষমতা ও সুনাম অক্ষুণ্ণ রাখতে সততা, নিরপেক্ষতা, সংযম ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, এসআরবি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিআরটিএ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর প্রভোস্ট মার্শাল পরিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় বিমান বাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ, অনিয়ম প্রতিরোধ, শৃঙ্খলার মানোন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং প্রভোস্ট পেশার বিমানসেনাদের সততা, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও কর্মতৎপরতা বৃদ্ধির উদ্দেশ্যে ১১-১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিট এলাকায় প্রভোস্ট সপ্তাহ-২০২৬ একযোগে পালিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি ঘোষণা, নতুন পরিপত্র জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি ঘোষণা, নতুন পরিপত্র জারি

সরকার জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন বা পালন সংক্রান্ত একটি নতুন পরিপত্র জারি করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ রোববার (১১ অক্টোবর) এই পরিপত্রটি প্রকাশ করে।

নতুনভাবে জারি করা পরিপত্রে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করার কথা উল্লেখ করা হয়েছে এবং এই উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। পূর্বে, গত ১১ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন বা পালন সংক্রান্ত পরিপত্রটি বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, জাতীয় পর্যায়ের উৎসবসমূহ বাদে সাধারণভাবে দিবস পালনের ক্ষেত্রে কিছু নির্দেশনা গৃহীত হয়েছে। এর মধ্যে সাজসজ্জা ও বড় ধরনের বিচিত্রানুষ্ঠান পরিহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

রেডিও ও টেলিভিশনে আলোচনা এবং সীমিত আকারে সেমিনার বা সিম্পোজিয়াম আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। তবে কর্মদিবসে সমাবেশ বা শোভাযাত্রা আয়োজন থেকে বিরত থাকতে হবে।

কোনো সপ্তাহ পালনের ক্ষেত্রে অনুষ্ঠানসূচি সাধারণভাবে তিন দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। সরকারিভাবে গৃহীত কর্মসূচিগুলি অফিসের কর্মকাণ্ডে ব্যাঘাত সৃষ্টি না করে, তা নিশ্চিত করতে হবে এবং আলোচনা বা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি ছুটির দিনে অথবা অফিস সময়ের পরে আয়োজনের চেষ্টা করতে হবে।

নগদ বা উপকরণ আকারে অর্থ বা সম্পদ ব্যয়ের প্রয়োজন হবে না—এমন সাধারণ ইভেন্টসমূহ ছুটির দিনে কিংবা কার্যদিবসে আয়োজন করা যাবে। রাজধানীর বাইরে থেকে বা জেলা পর্যায় হতে কর্মকর্তা বা কর্মচারীদের ঢাকায় আনা যতটা সম্ভব পরিহার করা হবে।

সরকারি ব্যয় সাশ্রয়ের ধারাবাহিকতা রক্ষার্থে, মন্ত্রণালয়/বিভাগসমূহের অধিক্ষেত্রে সমধর্মী জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আন্তর্জাতিক দিবস উদ্যাপনকে প্রাধান্য দিয়ে একই তারিখে একত্রে পালন করা আবশ্যক। মন্ত্রণালয়/বিভাগসমূহ প্রযোজ্য ক্ষেত্রে এতদ্বিষয়ক সারসংক্ষেপ মন্ত্রিসভা-বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবে।

সিদ্ধান্তগুলো যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে অনুরোধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্দায় অন্তরঙ্গ দৃশ্য দেখে সিডনির পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


পর্দায় অন্তরঙ্গ দৃশ্য দেখে সিডনির পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া

বিনোদন জগতের একজন অভিনয়শিল্পীর জন্য রুপালি পর্দার চরিত্র এবং বাস্তব জীবনের চরিত্র দুটি আলাদা সত্তা। তবে পরিবারের সদস্যদের কাছে এই সীমারেখা সবসময় স্পষ্ট থাকে না। বিশেষ করে যখন প্রিয় মানুষটিকে পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে দেখা হয়, তখন পরিবারের অন্যান্য সদস্যরা অস্বস্তিতে পড়তে পারেন। হলিউড অভিনেত্রী সিডনি সুইনিকেও এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে।

২০১৯ সালে শুরু হওয়া একটি সিরিজে সিডনির চরিত্রের গুরুত্বপূর্ণ অংশজুড়ে ছিল সম্পর্ক, যৌনতা, সামাজিক দৃষ্টিভঙ্গি ও মানসিক টানাপোড়েন। চরিত্রটির প্রয়োজনেই বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য তুলে ধরতে হয়েছিল তাকে। তবে সিরিজটি দেখার আগে পরিবারের সদস্যদের এসব বিষয়ে কিছু জানাননি সিডনি।

২০২৩ সালে এনবিসির সানডে টুডে উইথ উইলি গাইস্ট অনুষ্ঠানে সিডনি তার পরিবারের প্রতিক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে জানান, তার মা আগে থেকেই জানতেন সিরিজে কী ধরনের দৃশ্য থাকতে পারে। কারণ তিনি কয়েকবার শুটিং সেটে গিয়েছিলেন এবং মেয়ের চরিত্র ও গল্প নিয়েও আলোচনা হয়েছিল। কিন্তু বাবাকে এসব কিছু জানাননি সিডনি।

বাবার সঙ্গে সাধারণত তার কাজের বিষয়ে আলোচনা খুব বেশি হয় না। তাই ‘ইউফোরিয়া’তে তার চরিত্রে কী আছে, সেটি বাবাকে কীভাবে বলবেন, তা বুঝতে পারছিলেন না। তবে মজার বিষয় হচ্ছে— তাকে না জানিয়েই তার বাবা-মা ও দাদার সঙ্গে বসে সিরিজটি দেখতে শুরু করেন। অর্থাৎ সিডনির বাবা ও দাদা দুজনেই একসঙ্গে সিরিজটি দেখতে বসেছিলেন। কিন্তু পর্দায় মেয়েকে এমন দৃশ্যে দেখার পর তারা খুব বেশি সময় তা দেখতে পারেননি। তার বাবা ও দাদা সিরিজটি বন্ধ করে দিয়ে ঘর থেকে বেরিয়ে যান।

২০২৩ সালের ওই সাক্ষাৎকারে ঘটনাটি বলতে গিয়ে সিডনি হেসে ফেলেন। তবে পরিবারের অন্য সদস্যদের প্রতিক্রিয়া ছিল ভিন্ন। সিডনি বলেন, "আমার দাদি বরং তার কাজের বড় ভক্ত ছিল। আমি বিভিন্ন দেশে শুটিংয়ে গেলে অনেক সময় দাদিকেও সঙ্গে নিয়ে যেতাম। কোনো কোনো প্রজেক্টে দাদিকে অতিরিক্ত চরিত্র হিসেবেও ক্যামেরার সামনে আনার চেষ্টা করতাম।"

সিডনির জন্য ‘ইউফোরিয়া’ সিরিজের অন্তরঙ্গ দৃশ্যের বিষয়টি শুধু পরিবারের অস্বস্তিতেই সীমাবদ্ধ ছিল না। বরং সিরিজটি জনপ্রিয় হওয়ার পর তার চরিত্রের নগ্নদৃশ্যের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আরও অস্বস্তিকর বিষয় ছিল, সেসব ছবি তার পরিবারের সদস্যদের ট্যাগ করেও ছড়ানো হয়।

এর আগে ২০২২ সালে এক সাক্ষাৎকারে সিডনি বলেছিলেন, "সামাজিক মাধ্যমে আমার চরিত্রের দৃশ্যের ছবি ছড়িয়ে পড়ার বিষয়টি কষ্ট দিয়েছিল। ছোট ভাইয়ের অ্যাকাউন্টেও এসব পোস্টের ট্যাগ পৌঁছায়। আমাকে নিয়ে পরিবারের সদস্যদের এমন পরিস্থিতির মধ্যে পড়তে হবে, যা আমার জন্য অসম্মানজনক ও কষ্টদায়ক।"

সামাজিক মাধ্যমে পরিবারের কাছের মানুষ তার নগ্নদৃশ্যের স্ক্রিনশট নিয়ে ট্রল করেছিল। অভিনেত্রী বলেন, পর্দায় তিনি যে চরিত্রে অভিনয় করেন, সেটি তার ব্যক্তিগত জীবনের পরিচয় নয়। তাই চরিত্রের দৃশ্য কেন্দ্র করে পরিবারের সদস্যদের টেনে আনা তার কাছে অন্যায্য। ২০২২ সালে দ্য ইনডিপেনডেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেছিলেন, অভিনয় নিয়ে গর্বিত। কিন্তু নগ্নদৃশ্যের কারণে অনেকে আমার অভিনয়ের দিকটি নিয়ে আলোচনা করেন না।

সিডনির মতে, পর্দায় নগ্নতার ক্ষেত্রে নারী অভিনয়শিল্পীদের জন্য একটি দ্বৈত মানদণ্ড কাজ করে। তিনি বলেন, পুরুষ অভিনেতা অন্তরঙ্গ দৃশ্য বা শরীর দেখালেও অনেক সময় সেটি অভিনয়ের অংশ হিসেবেই মূল্যায়িত হয়। কিন্তু নারী অভিনেত্রীর ক্ষেত্রে নগ্নদৃশ্যটিই আলোচনার কেন্দ্র হয়ে ওঠে।

‘ইউফোরিয়া’ সিরিজে ক্যাসি হাওয়ার্ড এমন এক তরুণীর চরিত্র, যে ভালোবাসা, সম্পর্ক, শরীর এবং অন্যের স্বীকৃতির মধ্যে নিজের পরিচয় খুঁজতে থাকে। চরিত্রটির জীবনের নানা সংকট তুলে ধরতে সিরিজটিতে অন্তরঙ্গতা ও নগ্নতাকে গল্প বলার একটি উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে। তবে বাস্তব জীবনে সিডনি সুইনি এবং তার অভিনীত ক্যাসি এক ব্যক্তি নন। অভিনেত্রী নিজেও বারবার এই পার্থক্যের কথা বলেছেন। তার পরিবারের সদস্যদের সামনে সিরিজটি দেখার অভিজ্ঞতা সেই পার্থক্যটাকেই আরও স্পষ্ট করে দেয়; দর্শকের কাছে যা একটি চরিত্রের দৃশ্য, পরিবারের কাছে সেটি তাদের পরিচিত একজন মানুষকে পর্দায় দেখার অভিজ্ঞতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাজীবনের অর্জিত মেধা ও উদ্ভাবনী শক্তিকে দেশের কল্যাণে উৎসর্গ করতে হবে: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


শিক্ষাজীবনের অর্জিত মেধা ও উদ্ভাবনী শক্তিকে দেশের কল্যাণে উৎসর্গ করতে হবে: শিক্ষামন্ত্রী

ঢাকা, ১১ অক্টোবর, ২০২৬ : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেছেন যে, শিক্ষার প্রকৃত সার্থকতা তখনই প্রকাশ পায়, যখন মানুষের কাজের মাধ্যমে অন্যদের জীবন আরো সুন্দর ও সমৃদ্ধ হয়।

তিনি আরও বলেন, ‘শিক্ষাজীবন শেষে অর্জিত মেধা ও উদ্ভাবনী শক্তিকে দেশ ও সমাজের কল্যাণে উৎসর্গ করতে হবে।’

আজ গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৮তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ড. মো. কায়কোবাদ বক্তব্য রাখেন।

আইইউটির উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন বিন ইবনে রিয়াজ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশে এমন মানবসম্পদ প্রয়োজন, যারা প্রযুক্তিকে দেশের বাস্তবতা ও চাহিদার সাথে সামঞ্জস্য রেখে কাজে লাগাতে পারেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত পরিবর্তনের যুগে শিক্ষার্থীদের নতুন প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠতে হবে। বিশেষ করে যারা ব্যয়বহুল প্রযুক্তি ব্যবহারের সামর্থ্য রাখেন না, তাদের কাছে সহজ ও সাশ্রয়ী প্রকৌশল সমাধানের মাধ্যমে মৌলিক সেবা পৌঁছে দেওয়াই প্রকৌশলীদের মূল লক্ষ্য হওয়া উচিত।’

সমাবর্তনকে শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করে ড. এহছানুল হক মিলন বলেন, এটি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি, অভিভাবকদের ত্যাগের সার্থকতা এবং শিক্ষকদের জন্য আনন্দের মুহূর্ত।

আইইউটি-কে ওআইসি ও বাংলাদেশের মধ্যকার গভীর সম্পর্কের প্রতিফলন আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এখানে শিক্ষা অর্জনের মাধ্যমে একটি যৌথ প্ল্যাটফর্ম পান, যা ভবিষ্যতে গবেষণা, শিল্প ও শিক্ষার ক্ষেত্রে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বে রূপ নেবে। এই বিশ্ববিদ্যালয়ের প্রতি অব্যাহত সমর্থনের জন্য তিনি ওআইসি এবং এর সদস্য রাষ্ট্রগুলোকে ধন্যবাদ জানান।

সমাবর্তন অনুষ্ঠানে ৬৫৯ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৭ জন শিক্ষার্থীকে গোল্ড মেডেল প্রদান করা হয়।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আহমেদ রানী ‘ওআইসি গোল্ড মেডেল’ এবং অপর ৬ জন শিক্ষার্থী ‘আইইউটি গোল্ড মেডেল’ লাভ করেন। শিক্ষামন্ত্রী তাদের হাতে মেডেল ও সনদপত্র তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে নবগ্রাম রোড-চৌমহনীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


বরিশালে নবগ্রাম রোড-চৌমহনীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান

বরিশাল মহানগরীর ফুটপাত এবং রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশন অবশেষে সাঁড়াশি অভিযান শুরু করেছে।

রোববার (১১ অক্টোবর) নগরীর নবগ্রাম রোড-চৌমহনী এলাকায় মেজর জলিল সড়ক ও জাতীয় মহাসড়কের ওপর সিটি করপোরেশনের লোগো সংবলিত ইস্পাত অবকাঠামোর সবগুলো অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে নগর ভবনের পক্ষ থেকে।

এর আগে, গত বুধবার সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ্জামান ওইসব অবৈধ দখলদারদের সরে যাওয়ার নির্দেশনা প্রদান করেছিলেন। গত বৃহস্পতিবার নগর ভবনের উচ্ছেদ শাখা একই এলাকায় অভিযান চালিয়ে কিছু দোকানপাট উচ্ছেদ করতে সক্ষম হলেও জাতীয় মহাসড়ক দখল করে স্থাপন করা দোকানপাট সরানো সম্ভব হয়নি। রোববার সকালের মধ্যে তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হলেও বেশির ভাগ অবৈধ দখলদার তা মানেনি।

রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সিটি করপোরেশনের নিরাপত্তাকর্মীসহ পে-লোডার ও ট্রাক নিয়ে সবগুলো অবৈধ দোকান তুলে মহাসড়কটি জঞ্জালমুক্ত করা হয়।

সাধারণ মানুষ এবং এলাকাবাসী নগর ভবনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে নগর প্রশাসককে ধন্যবাদ জানিয়েছেন। তবে এখনো চৌমহনী লেকের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম পাড়ে অনেক অবৈধ দোকান রয়ে গেছে। এসব দোকান অফিস ছুটির পরে বসিয়ে গভীর রাত পর্যন্ত ওই এলাকায় পসরা সাজিয়ে বসে থাকে। এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকার অনেক অবৈধ দোকানির বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগও রয়েছে।

অতি সম্প্রতি প্রায় কোটি টাকা ব্যয় করে চৌমহনী লেকের অভ্যন্তরে আলো-শব্দের ফোয়ারা স্থাপন, ফুটপাতের সংস্কার ও দৃষ্টিনন্দন আলোকমালায় সজ্জিত করা হলেও অবৈধ দখলদারদের কালো থাবায় সব কিছু ম্লান হয়ে গেছে।

এই বিষয়টি নিয়ে নগর প্রশাসন বিব্রত। শাসক দলের নাম ভাঙিয়ে কতিপয় চিহ্নিত চাঁদাবাজ দৈনিক মাসোহারার ভিত্তিতে লেকটির দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম পাড়ে পথ খাবারের দোকান বসিয়ে নগরবাসীর চলাচলের পথ রুদ্ধ করছে।

গত সপ্তাহে চৌমহনীর মেজর জলিল সড়ক ও সংযুক্ত জাতীয় মহাসড়কের ওপর বড় মাপের দোকান বসিয়ে দখলবাজির সঙ্গেও ওই চাঁদাবাজ চক্র পরোক্ষভাবে জড়িত বলে অভিযোগ রয়েছে। লেকটির পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে একাধিকবার নগর প্রশাসন অভিযান চালালেও তা টেকসই হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%