ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
০৯:৪০ পি.এম
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে মোট ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভাণ্ডারিয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৮ জুন) দুপুর ১২টা ৫৫ মিনিটে ভাণ্ডারিয়া থানাধীন চিংগুড়িয়া খেয়াঘাট জামে মসজিদের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের মৃত রব তালুকদারের ছেলে মুকিম তালুকদার (২৯) এবং চিংগুড়িয়া ৩ নম্বর ওয়ার্ডের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. জহির হাওলাদার (১৯)।
এদিকে একই দিন বিকেল ৩টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পিচঢালা সড়কে অভিযান চালিয়ে আরও ৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন গোলবুনিয়া গ্রামের হুমায়ুন মুন্সির ছেলে জাহিদুল ইসলাম মুন্সি (২৫) এবং মঠবাড়িয়া উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের আব্দুল লতিফ তালুকদারের ছেলে মেহেদী হাসান (২৭)।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ২৪টি ডিম ও ২২ প্যাকেট পাউরুটি আত্মসাতের অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রানীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রেশমা আক্তারকে জরুরি ভিত্তিতে তলব করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
রোববার (২৮ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে সরকারের বাস্তবায়নাধীন স্কুল ফিডিং কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা আত্মসাতের ঘটনা কোনোভাবেই বরদাশত করা হবে না। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ২৫ জুন বিদ্যালয় ছুটি শেষে রেশমা আক্তার স্কুল ফিডিং কর্মসূচির জন্য বরাদ্দকৃত ২৪টি ডিম ও ২২ প্যাকেট পাউরুটি নিজের বাসায় নিয়ে যান। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত হলে তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নজরে আসে।
গণমাধ্যমে খবর প্রকাশের পর জেলা প্রাথমিক শিক্ষা অফিস অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্ত শিক্ষিকার কাছে ব্যাখ্যা চেয়ে অফিস আদেশ জারি করে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী অভিযুক্ত শিক্ষিকাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত খাবার আত্মসাত কিংবা এ ধরনের কোনো অনিয়মের সুযোগ নেই। সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে এ ধরনের অভিযোগের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে প্রশ্ন করেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা আবার একসঙ্গে জেলে যাবেন কি না।
রমবার সংসদে বাজেট আলোচনায় বিরোধী দলের সমালোচনা করে তিনি এ প্রশ্ন তুলে ধরেন।
মন্ত্রী বলেন, “খালেদা জিয়ার নেতৃত্বে কঠিন আন্দোলন করে আজকের এই সংসদে আমরা এসেছি। ঐক্য খুবই জরুরি। ঐক্যের ওপর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। ঐক্য নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বর্তমান বিরোধীদলীয় নেতা, কাশিমপুর জেলখানার কথা তো নিশ্চয়ই মনে পড়ে? আমরা একসঙ্গে ছিলাম, আমরা ভিন্ন ছিলাম না। আমরা নামাজ পড়েছি, খাওয়া-দাওয়া করেছি, আলোচনা করেছি এবং ফ্যাসিস্টদের থেকে মুক্তির জন্য কৌশল নির্ধারণ করেছি।”
এরপর বিরোধীদলীয় নেতা মাইক ছাড়াই কিছু একটা বলেন। তখন শহীদ উদ্দীন চৌধুরী হেসে বলেন, “আবার যাব? ইনশাআল্লাহ।” এরপর তিনি আরো বলেন, “আবার আমাদেরকে যেতে (জেলে) হবে না। কারণ এই দেশের মানুষ তারেক রহমানের সঙ্গে আছে। এদেশের মানুষ প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ছিল, এদেশের মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছিল। বিরোধীদলীয় নেতা, আপনারা আবার যাওয়ার ব্যবস্থা করবেন না।”
পানিসম্পদ মন্ত্রী বিএনপি সরকারের প্রতিহিংসাপরায়ণ হবে না দাবি করেছেন। তার তার ভাষ্য, ভালো কাজের মাধ্যমে সরকার প্রতিশোধ নেবে। তিনি উল্লেখ করেন, “২০ হাজার কিলোমিটার খাল খনন এটি আরেকটা প্রতিশোধ।”
পানিসম্পদ মন্ত্রী বলেন, “পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্রসহ সারাদেশে চার হাজার কিলোমিটার নদী ভাঙন এলাকায় মানুষ মানবেতর জীবনযাপন করছে। তাদের চোখে-মুখে হতাশার ছাপ। তারা বাজেট জানে না, বোঝে না। তারা বাঁচতে চায়। আমি যখন কথা বলছি, তখন ২, ৩, ৪ কিলোমিটার ভাঙনের শিকার হচ্ছে।”
শহীদ উদ্দীন চৌধুরী বলেন, “সাত কোটি মানুষের জন্য পদ্মা ব্যারেজ বাস্তবায়ন এর প্রকল্প হাতে নিয়েছি। এই অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা নামে হোক বা অন্য যেকোনো নামে হোক, আমরা তা বাস্তবায়ন করব। চীন সফরে প্রধানমন্ত্রী আলোচনা করেছেন। চীনের রাষ্ট্রপতির পানি সম্পদের ওপর ব্যাপক জ্ঞান রয়েছে। তিনি এবং চীনের প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, তারা বাংলাদেশের মানুষের পক্ষে রয়েছেন। বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনায় যা কিছু দরকার, চীন সরকার তা করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, "আমাদের পাওয়ার সিস্টেম থেকে দুইটি পাওয়ার স্টেশন বন্ধ হয়ে গেছে।" তিনি উল্লেখ করেন যে, "টেকনিক্যাল ফল্টের কারণেই বন্ধ হয়েছে।" এর ফলে ৩ হাজার মেগাওয়াট সঞ্চালন লাইন থেকে বের হয়ে গেছে। এই বিষয়ে তিনি জানিয়েছেন যে, "বিষয়টি নিয়ে আমি আমাদের বিরোধীদলীয় নেতার সাথেও কথা বলেছি।"
রোববার সংসদের ৩০০ বিধিতে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন।
হাসান মাহমুদ টুকু আরো বলেন, "এ জন্য দেশের বিভিন্ন স্থানে আমাদেরকে লোডশেডিং দিতে হচ্ছে। এমনকি ঢাকাতেও দিতে হবে।" তিনি আশা ব্যক্ত করেন, "আমি আশা করি আগামী দুইদিনের মধ্যে এ পরিস্থিতির উন্নতি হবে।"
এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "আ. লীগের আমলে জেলে থাকলেও সরকার দলীয় অনেক নেতার সম্পদের পরিমাণ বেড়েছে।" নাহিদ ইসলাম উল্লেখ করেন, "নিরাপত্তার কারণে একটি গাড়ি ভাড়া নিয়ে চলাচল করতে হয়।" তিনি আরো বলেন, "চলতি মাস শেষ হতে চলেছে। কিন্তু সেই ভাড়া এখনো দিতে পারিনি।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদারীপুরের শিবচর উপজেলার নিজ বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবমহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক নেত্রী সানজিদা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার একটি দল উপজেলার উমেদপুর ইউনিয়নের কুমেরপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে সানজিদা আক্তারকে গ্রেপ্তার করা হয়। রোববার (২৮ জুন) তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
স্থানীয় সূত্র জানায়, অসুস্থ মাকে দেখতে কয়েকদিন আগে নিজ বাড়িতে এসেছিলেন সানজিদা আক্তার। এ তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
জানা গেছে, সানজিদা আক্তার উপজেলার উমেদপুর ইউনিয়নের বাসিন্দা ইসমাইল কবিরাজের মেয়ে। তিনি ঢাকা ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী। শিক্ষাজীবনে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে তিনি যুবমহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, "নাশকতা মামলায় সানজিদা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ