০৯:২৬ পি.এম
চাঁদপুরে ছোটখাটো ভুলত্রুটির জন্য মানবিক দিক বিবেচনায় অতিরিক্ত জরিমানা না করার দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ রিকশাচালকরা, যাঁরা দিনমজুর। তাঁরা একই সঙ্গে অসহায় রিকশাচালকদের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং পৌরসভার প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে চাঁদপুরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে 'আমরা দিনমজুর রিকশাওয়ালা' ব্যানারে সংক্ষিপ্ত পরিসরে শান্তিপূর্ণ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়ে থাকে। এতে অংশ নেন চাঁদপুর শহরের বিভিন্ন এলাকার সাধারণ দিনমজুর রিকশাচালকরা।
মানববন্ধনে রিকশাচালকরা বলেন, আমরা অসহায় দিনমজুর। রিকশা চালিয়ে কষ্ট করে সন্তান-সন্ততি ও পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করে থাকি। প্রচণ্ড শীত, গরম ও বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন রাস্তায় রিকশা চালিয়ে যে আয় করেন, তা দিয়েই কোনো রকমে সংসার চলে। কিন্তু পথে চলাচলের সময় সামান্য ভুলত্রুটি হলে ট্রাফিক পুলিশের মামলার পাশাপাশি তাদের ওপর বড় অঙ্কের জরিমানা করে থাকেন।
আরও পড়ুন: উচ্চশিক্ষায় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে ইউনাইটেড ট্রাস্ট, মাসে মিলবে ১,৫০০ থেকে ৩,০০০ টাকা
তাদের দাবি, এসব জরিমানা অনেক ক্ষেত্রেই কয়েক দিনের আয়ের চেয়েও অনেক বেশি। ফলে জরিমানার টাকা পরিশোধ করতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের জন্য আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। তাঁরা জানান, 'আমরা আইন অমান্য করার পক্ষে নই। তবে ছোটখাটো ভুলের ক্ষেত্রে অসহায় দিনমজুর রিকশাচালকদের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে মানবিক আচরণ প্রত্যাশা করছি।'
রিকশাচালকরা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং দরিদ্র শ্রমজীবী মানুষের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে জরিমানা আরোপের ক্ষেত্রে মানবিক নীতি অনুসরণ করবে। স্মারকলিপিতে এও বলা হয়, 'কোনো ভুল হলে অসহায় দিনমজুর রিকশাচালকদের দিকটি মানবিকভাবে বিবেচনা করে ক্ষমা করার পাশাপাশি বিপুল অঙ্কের জরিমানা না করার জন্য অনুরোধ জানানো হয়।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন