কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
১০:২৭ এম
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই সম্প্রীতির বার্তা নিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ১১টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল মান্নান মিয়া আব্বাস।
মঙ্গলবার রাতে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পূজামণ্ডপগুলোতে আর্থিক সহায়তা প্রদান করেন।
পরিদর্শনকালে আব্দুল মান্নান মিয়া আব্বাস পূজামণ্ডপের আয়োজক, ভক্ত ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। আমি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী পূজামণ্ডপগুলোর আয়োজকদের সহযোগিতা করেছি। পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, পূজামণ্ডপের আয়োজক, ভক্ত এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ) ১৪৭ জন ফুটবল ক্লাব কর্মকর্তাকে ৪৫ দিনের জন্য নিষিদ্ধ করেছে বেটিং-সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগে। এদের মধ্যে তুরস্কের শীর্ষ ফুটবল ক্লাব ত্রাবজোনস্পর-এর সভাপতি এরতুঘরুল দোগানও অন্তর্ভুক্ত রয়েছেন।
গত মাসে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাজি ধরার অভিযোগে ৪৪৮ জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি তুর্কি ফুটবল ফেডারেশনের পেশাদার ফুটবল শৃঙ্খলা বোর্ডে পাঠানো হয়েছে।
টিএফএফ, ফিফা এবং উয়েফা-এর নিয়ম অনুযায়ী, খেলোয়াড়, কোচ এবং ম্যাচ কর্মকর্তাদের কোনো ধরনের বেটিং কার্যক্রমে অংশগ্রহণ করা নিষিদ্ধ।
অভিযুক্তদের মধ্যে ১৪৭ জনকে বেটিং-সংক্রান্ত নিয়ম ভঙ্গের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে, যাদের গত পাঁচ বছরে তুরস্কের শীর্ষ দুই ফুটবল বিভাগের বিভিন্ন ক্লাবে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
নিষেধাজ্ঞার ফলে, এই ১৪৭ জনকে ফুটবল-সংশ্লিষ্ট কোনো দায়িত্ব পালন করতে দেওয়া হবে না। অন্যদিকে, বাকি ৩০১ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার মতো যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
গত এক বছরে তুরস্কের ফুটবল কর্তৃপক্ষ খেলাধুলায় বেটিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ২০২৫ সালের নভেম্বরে টিএফএফ-এর তদন্তের পর ১৪৯ জন রেফারি এবং ১,২০৪ জন খেলোয়াড়কে নিষিদ্ধ করা হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বের ১২৬টি শহরের মধ্যে দূষণের দিক থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা আজ ষষ্ঠ অবস্থানে রয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) অনুযায়ী, ঢাকার বায়ুমান ১৬৭ স্কোর নিয়ে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার বায়ুমান স্কোর ২৬৫। এই বাতাসের মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়।
বুধবার (২১ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) প্রকাশিত সূচক থেকে এই তথ্য জানা যায়। আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, এদিন বিশ্বের বায়ুদূষণ শহরগুলোর তালিকার শীর্ষে পাকিস্তানের লাহোর রয়েছে, যার বায়ুমান স্কোর ২৬৫। এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়। এছাড়া, বায়ুমান স্কোর ২৫৭ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, ১৮২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে মালয়েশিয়ার কুয়ালালামপুর, ১৮১ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ভারতের মুম্বাই এবং পঞ্চম স্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৭৬।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ এবং ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য করা হয়।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, যা হলো বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বেড়ে গেছে। এর ফলে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে একটি পর্যটকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার ফলে আহত হয়েছেন আরও ৩৪ জন। মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
দেশটির সংবাদপত্র আল-আহরাম জানাচ্ছে, কায়রো-আসিউত ওয়েস্টার্ন ডেজার্ট সড়কে বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ফলে ১৩ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, দুর্ঘটনার পর একটি ক্রেনের সাহায্যে দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি সরানো হয়। সংঘর্ষের ফলে বাসটির সামনের অংশ সম্পূর্ণভাবে ছিন্নভিন্ন হয়ে যায়। সড়কজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে ছিল বাসের ভাঙা ধাতব অংশ ও অন্যান্য ধ্বংসাবশেষ।
আল-আহরামের প্রতিবেদনে বলা হয়েছে, আহত ব্যক্তিদের গিজা এলাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
মিসরে সড়ক দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং ট্রাফিক আইন প্রয়োগে দুর্বলতা এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়।
দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর মিসরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
সূত্র: আরব নিউজ
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
উত্তর ইতালির বিভিন্ন শহরে বিশৃঙ্খলা ও তাণ্ডব ছড়িয়ে পড়ার পর ইতালির সরকার দাঙ্গা ও সহিংসতা দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) ইতালি সরকার নতুন নিরাপত্তাব্যবস্থা অনুমোদন করেছে, যার আওতায় বিক্ষোভে সহিংস অংশগ্রহণকে নতুন অপরাধ হিসেবে গণ্য করা হবে। দাঙ্গাকারীদের শাস্তি বাড়ানোর পাশাপাশি নাবালকরা যদি ভাঙচুর ও লুটপাটে জড়িত হয়, তবে তাদের বাবা-মাকে আর্থিক দায়ভার বহন করতে হবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অধ্যাদেশ উন্মোচন করার সময় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, "ভাঙচুর ও চুরি কোনো প্রতিবাদ হতে পারে না, এগুলো স্রেফ অপরাধমূলক কাজ।"
অবিলম্বে কার্যকর হওয়া এই নিরাপত্তা প্যাকেজের আওতায়, অন্তত পাঁচজনের কোনো দলে অংশ নিয়ে জননিরাপত্তা বিপন্ন করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। মুখ ঢেকে অপরাধ করা বা কেউ আহত হলে শাস্তির মাত্রা আরো বাড়বে। বিপদের আশঙ্কা থাকলে ১৪ থেকে ১৭ বছর বয়সী কিশোরদের আগাম আটক করা যাবে এবং নাবালকদের করা যেকোনো ক্ষয়ক্ষতির আর্থিক জরিমানা সরাসরি তাদের বাবা-মাকে পরিশোধ করতে হবে।
সম্প্রতি উত্তর ইতালির প্রধান অর্থনৈতিক কেন্দ্র মিলানসহ একাধিক শহরে একদল তরুণ তাণ্ডব চালিয়েছে। তারা দোকানপাটের কাচ ভেঙে লুটপাট করেছে এবং পুলিশ কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নতুন অশান্তির আশঙ্কায় মিলানে ২০২৬ সালের শেষ পর্যন্ত পুলিশের পাশাপাশি ৫০০ সেনা মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
উত্তর ইতালির সহিংসতার পাশাপাশি দেশটির দক্ষিণ অঞ্চলেও চাপ বাড়ছে। জ্বালানি তেলের (ডিজেল) আকাশছোঁয়া দাম ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ট্রাকচালকরা সড়ক অবরোধ সৃষ্টি করায় ইতালিজুড়ে সরবরাহব্যবস্থা থমকে গেছে। এর প্রভাবে বেশ কিছু পাস্তা কারখানা উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে এবং ফল ও সবজি পচে নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
২০২৭ সালের আসন্ন জাতীয় নির্বাচনের আগে এই অর্থনৈতিক অসন্তোষ ও সহিংসতা মেলোনি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ