০৬:১৫ এম
বোরহানউদ্দিন পৌর পূর্ববাজারের একটি মুদিদোকান থেকে ১৩ বস্তা মসুর ডাল উদ্ধার করা হয়েছে। ছবি: আমার দেশ
ভোলার বোরহানউদ্দিনে টিসিবির মসুর ডাল খোলা বাজারে অবৈধভাবে বিক্রি ও মজুত রাখার অভিযোগে আটক করা হয়েছে এক মুদিদোকানিকে। এই ঘটনার সময় ওই দোকান থেকে ১৩ বস্তা ডাল উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিলারের খোঁজে প্রশাসন মাঠে নেমেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ববাজারে ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মুদিদোকানি জসিমের দোকান থেকে ১৩ বস্তা মসুর ডাল জব্দ করা হয়। এই সময় মুদিদোকানি জসিমকে আটক করা হয়।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
আটক মুদিদোকানি জসিম সাংবাদিকদের জানিয়েছেন, তিনি কাচিয়া চৌমুহনী বাজারের টিসিবি ডিলার জুয়েলের কাছ থেকে ১৩ বস্তা মসুর ডাল কিনে এনেছিলেন।
অভিযান পরিচালনাকারী বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস বলেন, বৃহস্পতিবার বিকেল বেলা পৌর পূর্ববাজারে অভিযান চালানো হয়েছে। এই সময় টিসিবির পণ্য অবৈধভাবে খোলা বাজারে বিক্রির অভিযোগে ১৩ বস্তা মসুর ডাল জব্দ করা হয়েছে এবং মুদিদোকানি জসিমকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, টিসিবির ডিলারের সন্ধান চলছে এবং ডিলারকে পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন