ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

‘শয়তান মরেছে’: নানা পাটেকরকে নিয়ে তনুশ্রীর কটাক্ষ


‘শয়তান মরেছে’: নানা পাটেকরকে নিয়ে তনুশ্রীর কটাক্ষ

বলিউডে শোক ও শ্রদ্ধার আবহের মধ্যে অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর পর অভিনেত্রী তনুশ্রী দত্ত তাকে ‘শয়তানের মৃত্যু’ বলে কটাক্ষ করেছেন। তার এই মন্তব্য নেটদুনিয়ায় বিতর্কের সৃষ্টি করেছে ভক্তদের মধ্যে।

২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার শুটিংয়ের সময় নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন তনুশ্রী। এই অভিযোগের ভিত্তিতে ২০১৮ সালে ভারতে মি-টু আন্দোলন শুরু হয়।

যখন নানা পাটেকরকে কিংবদন্তি হিসেবে স্মরণ করা হচ্ছে, তখন তনুশ্রী তার অতীতকে সামনে নিয়ে আসেন। তিনি একটি ইভেন্টে অংশ নিতে বিমানবন্দরে ছিলেন। সেখান থেকে ইনস্টাগ্রাম ভিডিও বার্তায় তিনি বলেন, "সংবাদমাধ্যমগুলো Evil Dead-কে নিয়ে ব্যস্ত। আমি কী ধরনের প্রতিক্রিয়া দেবো ভেবে পাচ্ছি না। তবে হ্যাঁ, পরিবারের প্রতি আমার সমবেদনা রইলো। কিন্তু…।"

আরও পড়ুন: এআই দিয়ে তৈরি বাংলা ওয়েব সিরিজ ‘শান্তি নিবাস’, নির্মাতার ভাবনায় যেমনটা ছিল

তনুশ্রীর মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা ও বিতর্ক শুরু হয়েছে। তবে তিনি সমালোচকদের বিরুদ্ধে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। তার প্রশ্ন হলো, "কেউ মারা গেলেই কি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আর ভুক্তভোগীর যন্ত্রণা মুছে যায়?"

তনুশ্রী দাবি করেছেন, ২০০৮ সালে নানা পাটেকরের কাছে হেনস্তার শিকার হয়ে তিনি দীর্ঘদিন মানসিক যন্ত্রণা সহ্য করেছেন। ২০১৯ সালে মুম্বাই পুলিশ যথেষ্ট প্রমাণের অভাবে নানা পাটেকরকে মামলা থেকে অব্যাহতি দেয়। তিনি অভিযোগ করেছেন, নানা পাটেকর তার প্রভাব খাটিয়ে এবং মূল সাক্ষীদের ভয় দেখিয়ে মামলাটি বন্ধ করিয়েছিলেন। এই কারণে আদালত তাকে নির্দোষ প্রমাণ করতে পারেনি।

২০২০ সালের পর নানার মাধ্যমে তনুশ্রীকে হত্যার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। জীবনের কঠিন সময়ের জন্য দায়ী মানুষটির প্রতি ক্ষোভ প্রকাশ করতে, তাই নানা পাটেকরকে ‘শয়তান’ ও ‘মহাশয়তান’ বলে আক্রমণ করেছেন তনুশ্রী দত্ত।

এদিকে, তনুশ্রীর বক্তব্যের বিরোধিতা করেছে এআইসিডব্লিউএ। সংস্থাটির সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত বলেছেন, "কারও মৃত্যুর পর তাকে ‘শয়তান’ বলে আক্রমণ করা আপত্তিকর, অসংবেদনশীল ও লজ্জাজনক।"

আরও পড়ুন: রাঘব ও রেমো ডিসুজার নতুন ছবি ‘এনি বডি ক্যান ড্রিম’ এর শুটিং শুরু

সূত্র: হিন্দুস্তান টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জমি নিয়ে বিরোধ, আলফাডাঙ্গায় আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই স্থাপনা নির্মাণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


জমি নিয়ে বিরোধ, আলফাডাঙ্গায় আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই স্থাপনা নির্মাণের অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. নাজমুল ইসলাম (৩৮)।

অভিযোগকারী নাজমুল ইসলাম উপজেলার পাকুড়িয়া গ্রামের হাজী চাঁদ মাহমুদ খানের ছেলে। অভিযোগে একই গ্রামের মিজানুর রহমান খান (৬৫), তৌহিদুর রহমান খান (৪৫), মফিজুর রহমান খান (৩৫) ও ফয়সাল খানের (১৮) নাম উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পাকুড়িয়া মৌজার ৪৮ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। এ বিষয়ে আলফাডাঙ্গা সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা নম্বর ৬৮/২১ বিচারাধীন রয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জমিতে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

নাজমুল ইসলামের অভিযোগ, আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও বিবাদীরা বিরোধপূর্ণ জমিতে পাকা স্থাপনা নির্মাণ করছেন। ইতোমধ্যে ভবন নির্মাণের জন্য ভিত্তি ঢালাইয়ের কাজও শেষ হয়েছে বলে দাবি তাঁর।

অভিযোগকারী জানান, বিষয়টি জানার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিবাদীদের আদালতের নির্দেশ মেনে চলার অনুরোধ করা হয়। তবে তাতে সমাধান না হওয়ায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জমি নিয়ে বিরোধের শান্তিপূর্ণ সমাধান ও আইন অনুযায়ী প্রতিকার পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।

অভিযোগে পাকুড়িয়া মৌজার বিএস খতিয়ান নম্বর ২২১ ও ২২৪ এবং হাল দাগ নম্বর ২৩৭ ও ২৩৮-এর ৪৮ শতাংশ জমির উল্লেখ রয়েছে। এর মধ্যে ২৪ শতাংশ জমির ওপর নিজেদের দাবি রয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারী।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মিজানুর রহমান খান বলেন, আমাদের জায়গায় ঘর তোলা হচ্ছে। তারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে বিরোধ করে আসছে। জমির কাগজপত্র আমাদের অনুকূলে রয়েছে।

আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমার মণ্ডল বলেন, আমি সরেজমিনে গিয়েছিলাম। নালিশি জমির ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তাই উভয় পক্ষই সেখানে কোনো ধরনের কাজ করতে পারবে না। কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা সংখ্যা এক হাজারে উন্নীত হবে: কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা সংখ্যা এক হাজারে উন্নীত হবে: কৃষিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যার সংখ্যা এক হাজারে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হবে। তিনি হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বরাদ্দের বিষয়ে উদ্যোগ নেয়ার আশ্বাসও প্রদান করেছেন।

শনিবার (১০ অক্টোবর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইন্টার্ন সমাপনী অনুষ্ঠান (কুম-২৯) ও ডাক্তার পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে তিনি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, সরকার মেডিকেল কলেজের প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বরাদ্দের বিষয়ে তিনি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। এছাড়াও, সরকারি হাসপাতালের চিকিৎসা সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

চিকিৎসকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, রোগীর কথা মনোযোগ সহকারে শোনা, তার শারীরিক সমস্যা সম্পর্কে বিস্তারিত জানা এবং প্রয়োজনীয় পরামর্শ দেয়া চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ। চিকিৎসার পাশাপাশি রোগীর প্রতি আন্তরিকতা ও মানবিক আচরণ প্রদর্শনের মাধ্যমে আস্থা তৈরি করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, পরিবেশদূষণ এবং খাদ্যের গুণগত মান মানুষের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ক্ষতিকর কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। চিকিৎসকদের ওষুধ দেয়ার পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণ এবং স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে মানুষকে সচেতন করার আহ্বান জানান তিনি।

নবীন চিকিৎসকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, মানুষের কল্যাণে কাজ করতে হবে। রোগীদের প্রতি দায়িত্বশীলতা, আন্তরিকতা ও মানবিক আচরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাছুম হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। এ সময় কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনলাইনে চাকরির ফাঁদে ব্যবসায়ী ২৪ লাখ টাকা খোয়ালেন, গ্রেফতার তরুণী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


অনলাইনে চাকরির ফাঁদে ব্যবসায়ী ২৪ লাখ টাকা খোয়ালেন, গ্রেফতার তরুণী

নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের নকল কপি তৈরি করে অনলাইনে পার্টটাইম চাকরি ও বিনিয়োগের প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীর ২৪ লাখ ১৯ হাজার ১৯৯ টাকা আত্মসাতের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কর্তৃক এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া তরুণীর নাম প্রীয়ন্তী সরকার চিত্রা, যিনি ২২ বছর বয়সী। তাকে সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গত ৮ অক্টোবর রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টর এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (১০ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ গণমাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।

সিআইডি জানায়, ২০২৫ সালের আগস্ট মাসে টেলিগ্রাম আইডির মাধ্যমে ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে চক্রটি। তাদের পক্ষ থেকে অনলাইনে পার্টটাইম চাকরির প্রস্তাব দেওয়া হয় এবং নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটের আদলে তৈরি নকল ওয়েবসাইটে কাজ করার কথা বলা হয়। সেখানে বিভিন্ন পর্যটন কেন্দ্রের রেটিং ও মতামত দেওয়ার বিনিময়ে প্রতিদিন ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকা আয়ের প্রলোভন দেখানো হয়।

প্রস্তাবে আকৃষ্ট হয়ে কাজ শুরু করার পর ব্যবসায়ীকে কয়েক দফায় পারিশ্রমিক প্রদান করা হয়। এতে তার বিশ্বাস অর্জন করে চক্রটি। পরে তাকে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হয়, যেখানে প্রতিষ্ঠানের এক বছর পূর্তি উপলক্ষে এক লাখ থেকে ১০ লাখ টাকা বিনিয়োগের জন্য আকর্ষণীয় মুনাফার প্রস্তাব দেওয়া হয়। অন্য সদস্যদের বিনিয়োগের প্রমাণ হিসেবে ব্যাংকে টাকা জমার স্লিপের ছবি দেখিয়ে তাকে বিনিয়োগে উৎসাহিত করা হয়।

সিআইডির কর্মকর্তাদের মতে, ২০২৫ সালের ২২ আগস্ট ব্যবসায়ী তার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে চক্রটির দেওয়া একটি ব্যাংক হিসাবে প্রথমে এক লাখ টাকা পাঠান। পরে ওয়েবসাইটে নির্দিষ্টসংখ্যক ভিজিট সম্পন্ন করা, বিভিন্ন রাউন্ডে অংশ নেওয়া এবং অন্যান্য শর্ত পূরণের কথা বলে তাকে আরও অর্থ পাঠাতে প্ররোচিত করা হয়। এভাবে একই দিনে বিভিন্ন ব্যাংক হিসাব ও ডিজিটাল লেনদেনের মাধ্যমে তার কাছ থেকে মোট ২৪ লাখ ১৯ হাজার ১৯৯ টাকা নেওয়া হয়।

চক্রটি ওই অর্থের একটি অংশ বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করে। তবে প্রতিশ্রুতি অনুযায়ী মুনাফা তো দূরের কথা, বিনিয়োগের মূল টাকাও ফেরত দেওয়া হয়নি। পরে আরও অর্থ দাবি করা হলে ব্যবসায়ীর সন্দেহ হয়। টাকা ফেরত চাইলে তাকে নতুন করে অর্থ পাঠাতে বলা হয়। একপর্যায়ে চক্রের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

এ ঘটনায় ভুক্তভোগী আদালতের মাধ্যমে ২০২৫ সালের ১ নভেম্বর পল্টন থানায় মামলা করেন।

সিআইডির তদন্তে ‘লিজা’ নাম ব্যবহারকারী এক সন্দেহভাজনের নির্দেশনার সঙ্গে অর্থ পাঠানোর সময়ের যোগসূত্র পাওয়া গেছে। তদন্তে আরও উঠে এসেছে যে, ব্যবসায়ীর বিশ্বাস অর্জন করে তাকে ধাপে ধাপে বেশি অর্থ বিনিয়োগে প্রলুব্ধ করার উদ্দেশ্যে প্রীয়ন্তী সরকার চিত্রার নামে নিবন্ধিত একটি মোবাইল আর্থিক সেবার হিসাব থেকে তাকে পারিশ্রমিক পাঠানো হয়েছিল।

তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অর্থ পাঠানোর নির্দেশদাতা সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি গ্রেফতার তরুণী। প্রতারণায় তার সংশ্লিষ্টতা এবং অর্থের উৎস ও গন্তব্য সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত চলছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ আরও জানান, একই মামলায় বিভিন্ন সময়ে আরও ছয়জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে চারজন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

অনলাইনে পার্টটাইম চাকরি, বিভিন্ন কাজ সম্পন্ন করে আয়ের প্রলোভন এবং অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সিআইডি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না: ছাত্রদল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না: ছাত্রদল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মন্তব্য করেছে যে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই দায় এড়াতে পারে না।

সংগঠনটি দাবি করেছে যে প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেফতার করা এবং কঠোর শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। তারা একই সঙ্গে দ্রুত নতুন প্রশ্নপত্রের মাধ্যমে নিয়োগ পরীক্ষা আয়োজনের আহ্বান জানিয়েছে।

শনিবার (১০ অক্টোবর) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব দাবি উত্থাপন করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। অতীতে প্রশ্নফাঁসের প্রমাণিত অভিযোগ থাকা সত্ত্বেও পরীক্ষা চালিয়ে যাওয়ার যে সংস্কৃতি গড়ে উঠেছিল, তার বিপরীতে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া গেলে পরীক্ষা স্থগিত করা শ্রেয়তর পদক্ষেপ।

তবে বিবৃতিতে প্রশ্নফাঁসকে একটি গর্হিত অপরাধ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই দায় এড়াতে পারে না। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোরতম শাস্তি নিশ্চিত করার কোন বিকল্প নেই। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, লক্ষাধিক পরীক্ষার্থী ঢাকায় পরীক্ষা দিতে এসে শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত হওয়ার বিষয়টি অনভিপ্রেত। এতে চাকরিপ্রার্থীদের যে মানসিক, আর্থিক ও শারীরিক ক্ষতি হয়েছে, তা অপরিমেয়। চাকরিপ্রার্থীদের এ ধরনের ক্ষতি ও বিড়ম্বনার বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমব্যথী। তারা এই অমার্জনীয় অপরাধের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে পরিকল্পিতভাবে প্রশ্নপত্র ফাঁসকারী ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে এই নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করতে হবে। ভবিষ্যতে যেকোনো উপায়ে প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%