০৪:০০ পি.এম
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যার সংখ্যা এক হাজারে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হবে। তিনি হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বরাদ্দের বিষয়ে উদ্যোগ নেয়ার আশ্বাসও প্রদান করেছেন।
শনিবার (১০ অক্টোবর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইন্টার্ন সমাপনী অনুষ্ঠান (কুম-২৯) ও ডাক্তার পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে তিনি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, সরকার মেডিকেল কলেজের প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বরাদ্দের বিষয়ে তিনি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। এছাড়াও, সরকারি হাসপাতালের চিকিৎসা সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক, সচিবালয় স্থানান্তরের প্রস্তাব আলোচনায়
চিকিৎসকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, রোগীর কথা মনোযোগ সহকারে শোনা, তার শারীরিক সমস্যা সম্পর্কে বিস্তারিত জানা এবং প্রয়োজনীয় পরামর্শ দেয়া চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ। চিকিৎসার পাশাপাশি রোগীর প্রতি আন্তরিকতা ও মানবিক আচরণ প্রদর্শনের মাধ্যমে আস্থা তৈরি করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, পরিবেশদূষণ এবং খাদ্যের গুণগত মান মানুষের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ক্ষতিকর কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। চিকিৎসকদের ওষুধ দেয়ার পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণ এবং স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে মানুষকে সচেতন করার আহ্বান জানান তিনি।
নবীন চিকিৎসকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, মানুষের কল্যাণে কাজ করতে হবে। রোগীদের প্রতি দায়িত্বশীলতা, আন্তরিকতা ও মানবিক আচরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাছুম হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। এ সময় কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন