০৪:৪৩ পি.এম
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী হানি সিংকে মহারাষ্ট্রের সাইবার পুলিশ প্রায় দুই ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে। শুক্রবার (১৬ অক্টোবর) ৪৩ বছর বয়সী এই গায়ক দিল্লির একটি কনসার্টে যৌনতা নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তদন্ত কর্মকর্তাদের সামনে হাজির হন। এর আগে তিনবার তলব করা হলেও তিনি হাজির হননি। চতুর্থবার তলবের পর তার বক্তব্য রেকর্ড করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারিতে দিল্লির ওই কনসার্টে হানি সিংয়ের কথিত আপত্তিকর মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, তিনি গাড়ির মধ্যে যৌন সম্পর্ক নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলেছিলেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে। পরে মুম্বাইয়ের এক বাসিন্দা সাইবার পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হানি সিং বিদেশে থাকার কারণে এর আগে তিনবার তলব করা হলেও হাজির হননি। সর্বশেষ ১৬ অক্টোবর তাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে তিনি ২২ অক্টোবর পর্যন্ত সময় চেয়ে আবেদন করলে পুলিশ তা নাকচ করে দেয়।
আরও পড়ুন: গুলিকাণ্ডের পর আসিফ আকবরের বক্তব্য, পুলিশ তদন্ত করছে
নির্ধারিত সময়ে হাজির না হলে তার বিরুদ্ধে দেশত্যাগে বাধা দেওয়ার লক্ষ্যে সতর্কতামূলক নোটিশ জারির প্রক্রিয়া শুরুর হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। তবে শুক্রবার তদন্ত কর্মকর্তাদের সামনে হাজির হয়ে প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তিনি গণমাধ্যমের প্রশ্নের উত্তর না দিয়েই চলে যান।
কনসার্টের ভিডিও নিয়ে বিতর্ক শুরু হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চান হানি সিং। তিনি জানান, তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করতে গিয়ে এমন ভাষা ব্যবহার করেছিলেন, যা অনেকের কাছে আপত্তিকর মনে হয়েছে।
তিনি স্বীকার করেন যে, নিজের বক্তব্য প্রকাশের ধরন যথাযথ ছিল না এবং কাউকে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না। কনসার্টের মন্তব্য নিয়ে তদন্ত চলাকালীন হানি সিং বাদশাহর সঙ্গে সংশ্লিষ্ট পুরোনো গান ‘ভলিউম ওয়ান’ নিয়েও আইনি জটিলতার মুখে পড়েন। চলতি বছরের ২ এপ্রিল দিল্লি হাইকোর্ট গানটির লিংক সামাজিক যোগাযোগমাধ্যম ও ফাইল আদান-প্রদানের বিভিন্ন মাধ্যম থেকে সরানোর নির্দেশ দেন।
আদালত গানটির কথাকে অশালীন ও নারীর প্রতি অবমাননাকর বলে মন্তব্য করে। শিল্পীর স্বাধীনতা কিংবা মতপ্রকাশের অধিকারের দোহাই দিয়ে এ ধরনের বিষয়কে গ্রহণযোগ্য করা যায় না বলেও পর্যবেক্ষণে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: টম ক্রুজের ‘ডিগার’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার কারণ জানা গেল
গানটি নিয়ে বিতর্কের সূত্রপাত আরও আগে। ২০২৫ সালের মার্চে দিল্লির একটি কনসার্টে গানটির কিছু অংশ পরিবেশনের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক আবেদনকারী। পরে ওই বছরের মে মাসে এ বিষয়ে হানি সিংয়ের কাছে হলফনামাও চেয়েছিলেন আদালত।
‘ব্রাউন রং’, ‘লুঙ্গি ড্যান্স’ ও ‘দেশি কালাকার’-এর মতো জনপ্রিয় গানের জন্য পরিচিত হানি সিং এক দশকের বেশি সময় ধরে ভারতীয় সংগীতজগতে আলোচিত নাম। তবে সাম্প্রতিক অভিযোগ ও আইনি পদক্ষেপের কারণে তার গান এবং প্রকাশ্য বক্তব্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দিল্লির কনসার্টে করা মন্তব্যের অভিযোগে পুলিশের তদন্ত এখনো চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন