১০:১০ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা দেশের সংগঠনের প্রতিনিধিত্ব করে। সংগঠনটি দেশের স্বার্থে বহুমুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে কাজ করে, যেখানে জনগণের প্রত্যাশা পূরণ করা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে, সংগঠনটি চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, এজন্য দায়িত্বশীল ও জনশক্তির জ্ঞান চর্চার মাধ্যমে জ্ঞানের গভীরতা বৃদ্ধি করা প্রয়োজন। কারণ, ইলমের বিষয়টি সর্বপ্রথম আল্লাহ তায়ালা তার প্রিয় হাবিব রাসূল (সা.)-এর কাছে পৌঁছে দিয়েছেন। এটি মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার দিনব্যাপী অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, মজলিশে শূরার অধিবেশন সকাল ৯টায় শুরু হয়ে সন্ধ্যা সাতটায় শেষ হয়।
আরও পড়ুন: বিএনপি নেতার হাতে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিলেন
সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়েবে আমির, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য (পুরুষ ও মহিলা) এবং কেন্দ্রীয় মজলিসে শূরার (পুরুষ ও মহিলা) সদস্যরা।
ডা. শফিকুর রহমান বলেন, দায়িত্বশীল ও জনশক্তিকে আল্লাহ ও রাসূলের প্রতি সম্পূর্ণ আনুগত্য করতে হবে। আমাদের সকল কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কিছু নয়। এজন্য রিয়া কিংবা প্রদর্শনেচ্ছা থেকে সংগঠন ও দায়িত্বশীলদের মুক্ত রাখতে হবে, কারণ এটি অত্যন্ত বিপজ্জনক।
তিনি আরও বলেন, বর্তমান সমাজ অশিক্ষা, কুশিক্ষা ও মাদকে ভরা হয়ে গেছে। নিজেদের সন্তান ও আওলাদদের এই ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে তাদের প্রতি যত্নশীল হতে হবে। আল্লাহর সাহায্য ও রহমত কামনা করা প্রয়োজন। তাদের হক আদায় করতে হবে।
তিনি উল্লেখ করেন, দেশের সামগ্রিক অবস্থা কঠিন হয়ে পড়েছে। তবে, আমরা ভীত নই। আমরা কোনো হঠকারী পদক্ষেপ গ্রহণ করবো না, তবে অন্যায়কেও প্রশ্রয় দেবো না। কারো উপর জুলুম করবো না, কেউ জুলুম করলে উপযুক্ত জবাব দেব। আমরা সব সময় মধ্যমপন্থা অবলম্বন করবো। উগ্র কিংবা অধমপন্থার দিকে যাবো না। আমাদের দুর্ভাগ্য হলো, বর্তমান সরকারে থাকা ব্যক্তিরা জাতিকে আস্থায় আনতে পারছে না, জনগণ তাদের উপর আস্থা রাখছে না।
আরও পড়ুন: জালে জড়িয়ে ডুবল নৌকা, স্ত্রী-সন্তানকে উদ্ধার করা হলেও প্রাণ গেল আব্দুল আজিজের
আমিরে জামায়াত বলেন, জাতীয় ঐক্যের প্রশ্ন উঠলে আমরা নীতিগতভাবে জাতীয় ঐক্যের পক্ষে। তবে, এটি হবে জাতির স্বার্থে। জামায়াত দলীয় অবস্থান থেকে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে সর্বোচ্চ চেষ্টা করবে, ইনশাআল্লাহ।
ডা. শফিকুর রহমান বলেন, দায়িত্বশীল হিসেবে প্রত্যেককেই বিনয়ী হতে হবে এবং সকল ক্ষেত্রে ঔদ্ধত্যপূর্ণ আচরণ পরিহার করতে হবে। মানুষের সাথে উত্তম ব্যবহার করতে হবে- এমনকি শত্রু হলেও। লেনদেনের বিষয়ে সংগঠনের সকল পর্যায়ের জনশক্তিকে সতর্ক থাকতে হবে। কারণ, লেনদেন মানুষের চরিত্রের অর্ধেক। এজন্য এটিকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই।
তিনি বলেন, দেশকে নিয়ে বিশেষ করে আমাদের আদর্শ ও ঈমান নিয়ে অভ্যন্তরীণ, আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র চলছে। সে বিষয়ে আমাদের দায়িত্বশীলদের সতর্ক দৃষ্টি এবং ভূমিকা রাখতে হবে। জনগণ আমাদের ভালোবাসে আমাদের আদর্শ ও কর্মের কারণে- এটি খেয়াল রাখতে হবে।
আমিরে জামায়াত বলেন, জামায়াত দলীয় সামর্থ্যের আলোকে এবং নিজস্ব অবস্থান থেকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনে চব্বিশের জুলাই আন্দোলনে অবদান রাখা ব্যক্তি ও ব্যবসায়ীসহ সকল স্তরের মানুষের সাথে দায়িত্বশীলদের যোগাযোগ বৃদ্ধি করতে হবে। সমাজের অতি সাধারণ মানুষ জামায়াতের আহ্বানে সাড়া দিয়েছে, বিগত নির্বাচনে ভোট দিয়েছে। এজন্য আমাদের চ্যালেঞ্জ বৃদ্ধি পেলেও মানুষের প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামী অঙ্গীকারাবদ্ধ। দেশ ও জাতিকে বঞ্চিত করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে সকলকে প্রস্তুত থাকতে হবে।
আরও পড়ুন: বিএনপির সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা রেজাউল করিম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন