প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হার্ট অ্যাটাক যে কোনো সময় ঘটতে পারে। বর্তমান সময়ে বয়সের বিষয়টিও হৃদরোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। তবে শীতকালে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। শীতে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের স্বাভাবিক প্রতিক্রিয়ায় রক্তনালী সংকুচিত হয়ে যায় এবং রক্ত জমাট বাঁধার প্রবণতা বৃদ্ধি পায়, যার ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল বা হৃদরোগের পূর্ব ইতিহাস রয়েছে, তাদের জন্য এ ঝুঁকি বেশি থাকে। তাপমাত্রা কমলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। কিন্তু কেন? এবং কীভাবে হৃদরোগের আশঙ্কা এড়ানো সম্ভব?
শীতে ঝুঁকি বাড়ানোর একটি প্রধান কারণ হচ্ছে শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া। ভারতের বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টারের কার্ডিয়োলজি বিভাগের ডিরেক্টর ডা. অঞ্জন সিয়োটিয়া মন্তব্য করেছেন, ‘ঠান্ডায় আপনার শরীরের তাপমাত্রা কমে গেলে রক্তনালিগুলো সংকুচিত হয়ে যায়। এর ফলে রক্তনালির অভ্যন্তরের পরিসর কমে যায় এবং রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়। এর ফলে রক্তচাপ বৃদ্ধি পায়। তখন সারা শরীরে রক্ত পৌঁছে দিতে হৃদযন্ত্রকে অধিক পরিশ্রম করতে হয়। ফলে হার্টের ওপর চাপ বৃদ্ধি পায়। যদি করোনারি আর্টারিতে পূর্বে ব্লক থাকে, তাহলে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠতে পারে।'
ডা. অঞ্জন সিয়োটিয়া আরও উল্লেখ করেন, ঠান্ডা আবহাওয়া রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকেও প্রভাবিত করতে পারে। শীতে রক্তের প্লেটলেটের সক্রিয়তা এবং রক্তের ঘনত্ব বৃদ্ধি পায়। এর ফলে রক্ত জমাট বাঁধার প্রবণতা বৃদ্ধি পায়। যাদের ধমনি আগে থেকেই সংকুচিত, তাদের জন্য এই পরিবর্তন আরো বিপজ্জনক হয়ে দাঁড়ায়। কারণ রক্তের এই জমাট ধমনিকে আটকে দিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি বৃদ্ধি করে।
তিনি বলেন, শীতে শারীরিক সক্রিয়তা কমে যায়। শরীরচর্চার জন্য এনার্জি থাকে না। অধিকাংশ সময়ই জবুথবু হয়ে শুয়ে-বসে থাকার ইচ্ছা হয়। এর পাশাপাশি বিয়েবাড়ি, পিকনিকের আয়োজনও থাকে। ফলে ফ্যাটযুক্ত ও নোনতা খাবার গ্রহণের প্রবণতা বাড়ে। এতে শুধু ওজন বৃদ্ধি পায় না, বরং রক্তচাপ, কোলেস্টেরল ও রক্তে শর্করার মাত্রাও বৃদ্ধি পেতে থাকে। প্রতিটি বিষয়ই হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে তোলে।
চলুন জেনে নেওয়া যাক, যে লক্ষণে সতর্ক হওয়া প্রয়োজন—
হার্ট অ্যাটাকের কিছু লক্ষণ কখনোই অবহেলা করা উচিত নয়। বিশেষ করে বুকের মাঝখানে দীর্ঘক্ষণ ধরে ব্যথা, চাপ, টান বা ভারি ভাব। কারণ বুকের ব্যথা হাত, কাঁধ, পিঠ, ঘাড় বা চোয়ালে ছড়িয়ে পড়তে পারে। শ্বাসকষ্ট বৃদ্ধি পায়। ঠান্ডা ঘাম ঝরে। বমি বমি ভাব হয়। বমি বা মাথা ঘোরে। এবং হঠাৎ অস্বাভাবিক দুর্বলতা দেখা দেয়।
তবে সব হার্ট অ্যাটাকে তীব্র বুকের ব্যথা অনুভূত হয় না। বিশেষ করে নারী, বয়স্ক এবং ডায়াবেটিসে আক্রান্তদের ক্ষেত্রে অস্বাভাবিক ক্লান্তি, শ্বাসকষ্ট বা পেটের উপরের দিকে অস্বস্তির মতো লক্ষণও দেখা দিতে পারে।
হার্ট অ্যাটাক প্রতিরোধে নিজেকে সুস্থ রাখার কয়েকটি উপায় জেনে নিন।
১. রক্তচাপ, শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখুন।
২. শীতেও শরীরকে সচল রাখুন। হালকা শরীরচর্চা করুন।
৩. প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। পাতে রাখুন মৌসুমি শাকসবজি ও ফল।
৪. কায়িক পরিশ্রমের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম নিন।
৫. ধূমপান ও মদপান এড়িয়ে চলুন।
৬. ঠান্ডায় শরীরকে উষ্ণ রাখুন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন