বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:২০ পি.এম
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দার নবনিযুক্ত প্রশিক্ষণার্থী রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) সততা, শৃঙ্খলা, দক্ষতা এবং দৃঢ় নৈতিক মূল্যবোধের সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানিয়েছেন। বুধবার তিনি নগরীর বয়রায় পুলিশ লাইনসে ৫৯ তম টিআরসি ব্যাচের ওরিয়েন্টেশন কোর্সের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি উল্লেখ করেন, পুলিশ সদস্যদের সকল প্রলোভনের ঊর্ধ্বে উঠে জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলেও তিনি জানান।
বাংলাদেশ পুলিশকে একটি সমৃদ্ধ ও গৌরবোজ্জ্বল ইতিহাসের অধিকারী বাহিনী হিসেবে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, নতুন সদস্যরা তাদের সততা, পেশাদারিত্ব এবং নিষ্ঠার মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত ও উজ্জ্বল করবেন। নিরীহ, দুর্বল এবং দুর্দশাগ্রস্ত মানুষের প্রতি সহায়তা প্রদান, নারী, শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সহানুভূতি ও শ্রদ্ধার সাথে আচরণ করার উপরও তিনি গুরুত্বারোপ করেন।
কেএমপি কমিশনার কর্তব্যরত অবস্থায় সর্বোচ্চ ধৈর্য্য, পেশাদারিত্ব এবং সহনশীলতা বজায় রাখার নির্দেশনা দিয়ে আরও বলেন, কর্তব্যরত অবস্থায় স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা হবে। একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে সকলকে কঠোরভাবে শৃঙ্খলা মেনে চলতে হবে। তিনি মনে করিয়ে দেন যে, পুলিশ বাহিনী ভালো কাজের পুরষ্কার দেয়, তবে অসদাচরণের জন্য বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিধানও রয়েছে।
এ সময় কেএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম.এম. শাকিলুজ্জামান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামীমা আক্তার সুমি এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কেএমপিতে সদ্য যোগদানকারী মোট ৫০ জন পুলিশ সদস্য এই কোর্সে অংশগ্রহণ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাজ্যের সন্ত্রাসবাদ আইনের আওতায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ওপর আরোপিত পূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবেদন করেছে ‘জিউইশ নেটওয়ার্ক ফর প্যালেস্টাইন’ (জেএনপি)। সংগঠনটি দাবি করছে যে, এই নিষেধাজ্ঞা ব্রিটেনে মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করছে এবং নিজেদের সদস্যদের বিরুদ্ধেই এটি ব্যবহৃত হচ্ছে।
বৃহস্পতিবার, সন্ত্রাসবাদ আইনের ৪ নম্বর ধারার অধীনে নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে হামাসের নাম বাদ দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদনটি জমা দেওয়া হয়। ফিলিস্তিনপন্থি ও ইহুদি-বিরোধী (জায়নবাদবিরোধী) বক্তব্য দেওয়ার অভিযোগে জেএনপির স্টিয়ারিং গ্রুপের সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারের পর মামলার ঘটনার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
২০১৮ সালে প্রতিষ্ঠিত জেএনপিতে বর্তমানে প্রায় ৬০০ সদস্য ও সমর্থক রয়েছেন। গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং পশ্চিম তীরে সহিংসতার বিরুদ্ধে যুক্তরাজ্যের ১১টি ইহুদি ও ইহুদি-নেতৃত্বাধীন সংগঠনের জোট ‘জিউইশ ব্লক ফর প্যালেস্টাইন’-এর মধ্যে এটি অন্যতম।
জেএনপির চেয়ারম্যান ডেভিড ক্যানন জানিয়েছেন, হামাসের ওপর নিষেধাজ্ঞার কারণে ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার ঘটনা নিয়ে খোলামেলা আলোচনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে ওই ঘটনার পর গণমাধ্যমে ছড়ানো ভিত্তিহীন বয়ান নিয়ে জনসমক্ষে কথা বললে আইন লঙ্ঘনের অভিযোগ ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। ক্যাননের মতে, হামাসের রাজনৈতিক শাখাকে নিষিদ্ধ করায় কোনো তথ্য বা প্রমাণ তুলে ধরলেও তা হামাসকে সমর্থন করার অভিযোগের ঝুঁকি তৈরি করছে। এছাড়া, নিষেধাজ্ঞা লঙ্ঘনের শঙ্কায় অভিবাসন মর্যাদা নিয়ে উদ্বিগ্ন হয়ে এক সক্রিয় সদস্য সংগঠন থেকে পদত্যাগ করেছেন বলেও তিনি জানান।
‘অসামঞ্জস্যপূর্ণ হস্তক্ষেপ’
ঠিক পাঁচ বছর আগে যুক্তরাজ্য সরকার হামাসের পুরো সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ ঘোষণা করার দিনেই এই আবেদনটি করা হলো। ২০০১ সালে হামাসের সশস্ত্র শাখা নিষিদ্ধ করা হলেও ২০২১ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল পুরো সংগঠনটির ওপর নিষেধাজ্ঞা বিস্তৃত করেন। তখন ইহুদি সম্প্রদায়কে সুরক্ষা দেওয়ার যুক্তি দেওয়া হলেও জেএনপির দাবি, যে সম্প্রদায়কে রক্ষার কথা বলা হয়েছিল, এখন তাদের বিরুদ্ধেই এই আইন ব্যবহৃত হচ্ছে।
আবেদনে উল্লেখ করা হয়েছে, ইউরোপীয় মানবাধিকার সনদের ৯, ১০ ও ১১ নম্বর ধারা অনুযায়ী চিন্তা, মতপ্রকাশ ও সংগঠনের স্বাধীনতায় এটি ‘অসামঞ্জস্যপূর্ণ হস্তক্ষেপ’। জেএনপির যুক্তি, যুক্তরাজ্যে হামাসের কোনো সাংগঠনিক উপস্থিতি নেই এবং দেশটির জন্য কোনো নির্দিষ্ট হুমকি হিসেবেও তা প্রমাণিত হয়নি। আবেদন জমা হওয়ার পর পরবর্তী ৯০ দিনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে; প্রত্যাখ্যাত হলে আপিল করার সুযোগ পাবে সংগঠনটি।
বাকস্বাধীনতায় শঙ্কা ও আইনি অভিজ্ঞতা
জেএনপির আলোচিত সদস্য, ৭২ বছর বয়সী লেখক ও ব্লগার টনি গ্রিনস্টেইন ২০২৩ সালের ৭ অক্টোবর একটি ব্লগ প্রকাশের পর সন্ত্রাসবাদ আইনের ১২ নম্বর ধারায় অভিযুক্ত হয়েছিলেন। প্রায় তিন বছর আইনি লড়াই এবং একাধিক আদালতে হাজিরার পর চলতি বছরের আগস্টে তিনি খালাস পান। তার বিরুদ্ধে মামলা চলাকালে পাঁচটি ব্যাংক ও বিল্ডিং সোসাইটি তার হিসাব বন্ধ করে দিয়েছিল।
গ্রিনস্টেইন মন্তব্য করেন, কোনো সংগঠন সম্পর্কে নিজের মতামত প্রকাশ করতে গিয়ে আইন ভঙ্গের ভয়ে তটস্থ থাকতে হলে তা বাকস্বাধীনতার জন্য একটি বড় ধরনের হুমকি। তার মতে, ইহুদিদের গ্রেপ্তার করা ব্রিটেনের ইহুদি সম্প্রদায়কে রক্ষার উপায় নয়, বরং এটি জায়নবাদ রক্ষার একটি কৌশল।
গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদের অধিকার
জেএনপির অন্যতম প্রতিষ্ঠাতা, ৮০ বছর বয়সী চলচ্চিত্র নির্মাতা ও অধ্যাপক হাইম ব্রেশিথ-জাবনার ২০২৪ সালের নভেম্বরে উত্তর লন্ডনের সুইস কটেজে এক বিক্ষোভে বক্তব্য দেওয়ার পর গ্রেপ্তার হয়ে ১৩ ঘণ্টা আটক ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য করার কারণে তাকে আটক করা হলেও পরে কোনো অভিযোগ আনা হয়নি।
ব্রেশিথ-জাবনার অভিযোগ করেছেন, গাজায় গণহত্যার বিরুদ্ধে কথা বলার পথ রুদ্ধ করতে এবং ইসরায়েলি বাহিনীর সমালোচনা আটকাতে এই নিষেধাজ্ঞা ব্যবহার করা হচ্ছে। তার ভাষায়, মানবাধিকারের মধ্যে গণহত্যার বিরোধিতা করার অধিকার যেমন রয়েছে, তেমনি গণহত্যার শিকার মানুষের প্রতিরোধের অধিকারও অন্তর্ভুক্ত। সূত্র: আল জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৪ টায় কয়রা উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মনি শংকর, আনসার ভিডিপি অফিসার অহিদুজ্জামান প্রমুখ।
এর আগে এই উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, পিঠা উৎসবসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজবাড়ীর পাংশা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের তিন সদস্যকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানার পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন পাংশা পৌর যুবলীগের কর্মী আব্দুর রাজ্জাক ওরফে রাজা (৪৫), মৌরাট ইউনিয়ন যুবলীগের কর্মী মো. সাইফুজ্জামান শুভ (৩৬) এবং পাংশা পৌর ছাত্রলীগের কর্মী মো. রুবেল সরদার (২৪)।
আব্দুর রাজ্জাক ওরফে রাজার পিতা হলেন পাংশা পৌরসভার মাগুড়াডাঙ্গী গ্রামের কাউন্সিলর আবুল হোসেন। সাইফুজ্জামান শুভ মৌরাট ইউনিয়নের শওকত আলী সরদারের ছেলে এবং রুবেল সরদার পৌরসভার মৈশালা বড়গাছি গ্রামের আব্দুল রাজ্জাক সরদারের পুত্র।
সূত্রে জানা যায়, পাংশা থানার মামলা নং-৫, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৫, জিআর নং-১৯৬/২৫, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১)/১৫(৩) ধারার মামলার তদন্তের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, গ্রেফতারকৃতরা বর্তমান সরকারবিরোধী বিভিন্ন কার্যকলাপ, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অন্তর্ঘাতমূলক কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারের পর আসামিদের পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুরু হওয়া এই কর্মসূচিতে, স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগীরা অভিযোগ করেছেন যে ৫০ কেজির বস্তায় ৪০ কেজি চাল সরবরাহ করা হচ্ছে। অভিযোগের তীর উপজেলা খাদ্য গুদামের ইনচার্জ (ওসি, এল,এস,ডি) সেলিম রেজার দিকে নির্দেশিত হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ইউনিয়ন পর্যায়ে অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ১০ কেজি চালের পরিবর্তে অনেক ক্ষেত্রে ৬ থেকে ৭ কেজি করে বিতরণ করা হচ্ছে। উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে একই ধরনের অনিয়মের কথা উঠে এসেছে। যদিও সরকারি বরাদ্দ অনুযায়ী চাল সরবরাহ করা হচ্ছে, স্থানীয়রা দাবি করেছেন যে অধিকাংশ বস্তায় নির্ধারিত ওজনের চেয়ে কম চাল পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে ভিজিএফ কর্মসূচির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা গেছে, দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নে প্রায় ২০ হাজারের বেশি কার্ডধারী পরিবার ভিজিএফ সুবিধার আওতায় রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি পরিবারকে ঈদ উপলক্ষে ১০ কেজি করে চাল বিতরণের কথা। ইতিমধ্যে রিফায়েতপুর ইউনিয়নে ১ হাজার ৮০৫টি কার্ডের বিপরীতে ১৮ হাজার ৫০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা ৫০ কেজির ৩৫৫টি বস্তার সমান। তবে ইউনিয়ন পরিষদে চাল পৌঁছানোর পর দেখা যায়, অধিকাংশ বস্তায় ৪০ থেকে ৪৮ কেজি পর্যন্ত চাল রয়েছে। এই কারণে ওই ইউনিয়নে প্রায় ১ হাজার ১০০ কেজি চাল কম পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ভিজিএফের মতো গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে এ ধরনের অনিয়ম অসহায় মানুষের অধিকার ক্ষুণ্ন করছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
চাল পরিবহণ ও খালাস কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, তারা ৩৫৫ বস্তা চাল ইউনিয়ন পরিষদে নামিয়েছেন। বস্তার গায়ে ৫০ কেজি নিট ওজন লেখা থাকলেও বাস্তবে কোনো বস্তাতেই পূর্ণ ওজন পাওয়া যায়নি। রিফায়েতপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান বকুল বলেন, ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দকৃত চালের অধিকাংশ বস্তাতেই ওজন কম পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
অভিযোগের বিষয়ে সেলিম রেজা কথা বলতে অস্বীকৃতি জানান এবং তিনি সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ বলেন, বিষয়টি এখনো তার নজরে আসেনি। কোনো ইউনিয়ন পরিষদ থেকেও সেইভাবে জানানো হয়নি। তবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। এদিকে এর কিছু দিন আগে পলাতক শেখ হাসিনার নাম সম্বলিত বস্তায় খলিষাকুন্ডি ইউনিয়নে ২৩৪ বস্তা চাউল প্রদান করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ