ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মোরেলগঞ্জে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বাতিঘরের র‌্যালী ও মানববন্ধন


মোরেলগঞ্জে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বাতিঘরের র‌্যালী ও মানববন্ধন

‘মাদকের বিরুদ্ধে, চল যাই যুদ্ধে’ এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন “বাতিঘর” একটি ব্যতিক্রমী মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে র‌্যালী ও মানববন্ধন আয়োজন করেছে। শনিবার বেলা ১১টায় উপজেলার বারইখালী ইউনিয়নের তেতুলবাড়িয়া বাজারে, বাতিঘর-এর ব্যানারে, তেতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে স্থানীয় বিভিন্ন শ্রেনীপেশার মানুষরা মাদক বিরোধী নানা শ্লোগান, ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে র‌্যালী বের করেন। তারা বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করেন।

র‌্যালীটি ঘন্টাব্যাপী চলার পর, পরে মানববন্ধনে বক্তৃতা প্রদান করেন বাতিঘর স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক ওয়াদুত হাওলাদার, ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রসুল বাবুল, তেতুলবাড়িয়া ভ্রাতৃ সংঘের সাধারণ সম্পাদক মামুন মোল্লা, জামায়াত নেতা সহকারি অধ্যাপক মাওলানা সরোয়ার হোসেন, সহযাত্রী সংগঠনের সহ-সভাপতি মশিউর রহমান, ইমাম মাওলানা মাহবুবুর রহমানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। মানববন্ধনের সময়, পরিবার ও সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে সচেতনতায় একটি চিঠি পাঠান পিতার উদ্দেশ্যে সন্তান শিক্ষার্থী জান্নাতুল আরেফিন জিনিয়া।

আরও পড়ুন: দিনাজপুর সীমান্তে নিষিদ্ধ সংগঠনের অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নজরদারি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েতে ইরানের ড্রোন হামলায় ২ ইতালীয় নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


কুয়েতে ইরানের ড্রোন হামলায় ২ ইতালীয় নিহত

কুয়েতে ইরানের ড্রোন হামলায় আহত দুই ইতালির নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় পরিচালিত ড্রোন হামলার ফলে তারা গুরুতর আহত হয়েছিলেন।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র কর্নেল সৌদ আবদুলআজিজ আল-আতওয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ‘নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে। একই সঙ্গে আহত অন্যদের দ্রুত সুস্থতা কামনা করছে।’

এর আগে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছিল, দেশটির আকাশসীমায় ‘ইরানি শত্রুতামূলক ড্রোন’ মোকাবিলায় নিরাপত্তা বাহিনীর কার্যক্রম চলাকালীন ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হন। আহতদের মধ্যে দুজন ইতালীয় নাগরিক ছিলেন।

ইতালির বার্তা সংস্থা আনসা (ANSA)-এর তথ্য অনুযায়ী, নিহত দুই ইতালীয় জার্মান অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের কর্মী ছিলেন।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন আবাবিলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন আবাবিলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

"প্রভাতের আলোয় একঝাঁক পায়রা" এই স্লোগানকে সামনে রেখে "আবাবিল" নামক একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। সমাজের গুণিজনদের সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে এই আত্মপ্রকাশের উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সংগঠনটির প্রধান লক্ষ্য হলো, সমাজের পিছিয়ে পড়া জনগণের আত্ম সামাজিক মান উন্নয়নে সহায়তা করা, মাদকমুক্ত সমাজ গঠন, বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করা। সংগঠনটির কর্মকর্তাদের দৃঢ় প্রত্যয় হলো, সমাজের সকল শ্রেণীর মানুষ এই সংগঠনের পাশে দাঁড়িয়ে তাদের কার্যক্রমকে আরো গতিশীল এবং বিস্তৃত করতে সহযোগিতা ও পরামর্শ প্রদান করবেন।

শুক্রবার ২৯ মে বিকাল সাড়ে ৪টায় উপজেলার চরশ্রীপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ওসমান গনি বাবলা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, বিশিষ্ট ক্রীড়াবিদ শিক্ষক আফসার আলী, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, শিক্ষাবিদ প্রফেসর রবিউল ইসলাম ও আবুল হাসান, দরদীর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং দরদীর অন্যতম পরিচালক নাসিম হোসেন। এ সময় ইউপি সদস্য কামাল হোসেন, "আবাবিল" পরিবারের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সুমন, শরিফুল ইসলাম, কবির হোসেন, খায়রুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন হাফেজে কুরআন, বীর মুক্তিযোদ্ধা, হাজী, বিশিষ্ট কবি ও সাহিত্যিক, ক্রিয়াবিদ, সাংবাদিক, শিক্ষাবিদ, চিকিৎসক, আলোকিত পিতামাতা, কৃত শিক্ষার্থী ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, এই সংগঠনটির মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা দূরীকরণ ও আলোকিত মানুষ তৈরিতে কার্যকরী ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় স্বেচ্ছাসেবী নারী শিক্ষকদের জন্য দিনব্যাপী মিলনমেলা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


গাইবান্ধায় স্বেচ্ছাসেবী নারী শিক্ষকদের জন্য দিনব্যাপী মিলনমেলা

গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবী নারী শিক্ষকদের জন্য দিনব্যাপী মিলনমেলা, যেখানে হাসি-আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ ছিল। রঙিন শাড়িতে সজ্জিত হয়ে অংশগ্রহণকারীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বল পাসিং, চকলেট দৌড়, বেলুন ফোলানো এবং ঝুড়িতে বল নিক্ষেপের মতো প্রতিযোগিতায় অংশ নেন। খেলাধুলার পাশাপাশি গান, নাচ ও নাটকের মাধ্যমে অংশগ্রহণকারীরা যেন শৈশবে ফিরে যান।

বুধবার (২৫ নভেম্বর) গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিভিন্ন পিছিয়ে পড়া এলাকার শিক্ষা ক্লাবের দুই শতাধিক স্বেচ্ছাসেবী নারী শিক্ষককে নিয়ে এই মিলনমেলা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

স্থানীয় বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশন এবং সেভ দ্য চিলড্রেনের আয়োজনে সাঘাটা উপজেলার ১০টি ইউনিয়নে পরিচালিত শিক্ষা ক্লাবের স্বেচ্ছাসেবী শিক্ষকরা এতে অংশগ্রহণ করেন। বিভিন্ন চর ও প্রত্যন্ত এলাকার এসব নারী শিক্ষক খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি নিজেদের কাজের অভিজ্ঞতা ও নানা চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন।

মিলনমেলায় অংশ নেয়া শিক্ষক শান্তি রানি বলেন, "প্রত্যন্ত এলাকার শিশুদের পড়ালেখায় সহযোগিতা করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। তবে শিশুদের শেখার আগ্রহ ও অগ্রগতি তাদের কাজের অনুপ্রেরণা জোগায়। এ ধরনের আয়োজন অন্য শিক্ষকদের সঙ্গে পরিচিত হওয়া এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করেছে।"

অন্য এক শিক্ষক কল্পনা খাতুন জানান, "প্রতিদিনের স্বেচ্ছাসেবামূলক কাজের ব্যস্ততার মধ্যে এমন আনন্দঘন আয়োজন তাদের জন্য ব্যতিক্রমী অভিজ্ঞতা। খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা যেমন আনন্দ পেয়েছেন, তেমনি নতুন করে কাজ করার উৎসাহও পেয়েছেন।"

আয়োজকরা জানান, বিভিন্ন বিদ্যালয়ের ঝরে পড়া ও পড়ালেখায় পিছিয়ে থাকা শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে স্থানীয় পর্যায়ে বিনামূল্যে কাজ করছে এসব শিক্ষা ক্লাব। স্বেচ্ছাসেবী শিক্ষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও কাজের আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের উৎসাহিত করতেই এই আয়োজন করা হয়েছে।

এসকেএস ফাউন্ডেশন গাইবান্ধার উপপরিচালক খন্দকার জাহিদ সরোয়ার বলেন, ‘প্রত্যন্ত ও চরাঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনতে শিক্ষা ক্লাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব কার্যক্রমে স্বেচ্ছাসেবী নারী শিক্ষকদের অবদান অনেক। তাদের কাজের স্বীকৃতি ও পারস্পরিক যোগাযোগ বাড়াতেই এ মিলনমেলার আয়োজন।’

সেভ দ্য চিলড্রেনের গাইবান্ধার সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন বলেন, ‘ঝরে পড়া রোধ এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে শিক্ষা ক্লাবের কার্যক্রম অব্যাহত রয়েছে। স্বেচ্ছাসেবী শিক্ষকদের দক্ষতা, অভিজ্ঞতা ও কাজের আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে বক্তব্য দেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষণ কুমার দাশসহ অন্যান্য অতিথিরা। এসময় ঝরে পড়া রোধে শিক্ষা কার্যক্রমের বিভিন্ন স্টল ঘুরে দেখেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জে আইসিটি ট্রেনিং সেন্টার নির্মাণে নিম্নমানের উপকরণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


কালীগঞ্জে আইসিটি ট্রেনিং সেন্টার নির্মাণে নিম্নমানের উপকরণের অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নির্মাণাধীন আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারের ভবন নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, উপজেলা পরিষদ চত্বরে নির্মিতব্য এই দুই তলা ভবনের নির্মাণে নিম্নমানের ইট এবং ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। এছাড়া, নবনির্মিত ভবনের সামনে থাকা একটি বড় মেহগনি গাছ নিয়মবহির্ভূতভাবে কেটে তা গায়েব করে ফেলার অভিযোগও রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনের জলছাদ ঢালাইয়ের কাজে ব্যবহারের জন্য নিম্নমানের খোয়া নির্মাণসাইটে রাখা হয়েছে। পাশাপাশি, ভবনের চারপাশের গাঁথুনি ও ড্রেন নির্মাণকাজেও শ্রমিকরা নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করছেন। কোরিয়ান অর্থায়নে নির্মিত এ ভবনের কাজ নিয়ে অনিয়মের অভিযোগের খবর পেয়ে ২৬ নভেম্বর সকালে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব নির্মাণকাজ পরিদর্শনে যান। এ সময় তিনি অভিযোগের সত্যতা দেখতে পান এবং সংশ্লিষ্টদের নির্মাণকাজের শিডিউল অনুযায়ী কাজ করার নির্দেশ দেন।

ভবন নির্মাণকাজের দায়িত্বে থাকা কনস্ট্রাকশন ম্যানেজার শিপন মল্লিক বলেন, "নিয়ম অনুযায়ী কাজ হওয়ার কথা। যদি কোথাও নিয়মের ব্যত্যয় ঘটে থাকে, তাহলে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখা হবে।" এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ জানান, নির্মাণকাজের দায়িত্বশীলদের অনিয়মের বিষয়টি জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, "সরকারি কাজে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।" এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন তিনি। তিনি আশা করছেন, তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। স্থানীয়রা নির্মাণকাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকি ও অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%