প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাজ্যের সন্ত্রাসবাদ আইনের আওতায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ওপর আরোপিত পূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবেদন করেছে ‘জিউইশ নেটওয়ার্ক ফর প্যালেস্টাইন’ (জেএনপি)। সংগঠনটি দাবি করছে যে, এই নিষেধাজ্ঞা ব্রিটেনে মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করছে এবং নিজেদের সদস্যদের বিরুদ্ধেই এটি ব্যবহৃত হচ্ছে।
বৃহস্পতিবার, সন্ত্রাসবাদ আইনের ৪ নম্বর ধারার অধীনে নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে হামাসের নাম বাদ দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদনটি জমা দেওয়া হয়। ফিলিস্তিনপন্থি ও ইহুদি-বিরোধী (জায়নবাদবিরোধী) বক্তব্য দেওয়ার অভিযোগে জেএনপির স্টিয়ারিং গ্রুপের সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারের পর মামলার ঘটনার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
২০১৮ সালে প্রতিষ্ঠিত জেএনপিতে বর্তমানে প্রায় ৬০০ সদস্য ও সমর্থক রয়েছেন। গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং পশ্চিম তীরে সহিংসতার বিরুদ্ধে যুক্তরাজ্যের ১১টি ইহুদি ও ইহুদি-নেতৃত্বাধীন সংগঠনের জোট ‘জিউইশ ব্লক ফর প্যালেস্টাইন’-এর মধ্যে এটি অন্যতম।
জেএনপির চেয়ারম্যান ডেভিড ক্যানন জানিয়েছেন, হামাসের ওপর নিষেধাজ্ঞার কারণে ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার ঘটনা নিয়ে খোলামেলা আলোচনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে ওই ঘটনার পর গণমাধ্যমে ছড়ানো ভিত্তিহীন বয়ান নিয়ে জনসমক্ষে কথা বললে আইন লঙ্ঘনের অভিযোগ ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। ক্যাননের মতে, হামাসের রাজনৈতিক শাখাকে নিষিদ্ধ করায় কোনো তথ্য বা প্রমাণ তুলে ধরলেও তা হামাসকে সমর্থন করার অভিযোগের ঝুঁকি তৈরি করছে। এছাড়া, নিষেধাজ্ঞা লঙ্ঘনের শঙ্কায় অভিবাসন মর্যাদা নিয়ে উদ্বিগ্ন হয়ে এক সক্রিয় সদস্য সংগঠন থেকে পদত্যাগ করেছেন বলেও তিনি জানান।
‘অসামঞ্জস্যপূর্ণ হস্তক্ষেপ’
ঠিক পাঁচ বছর আগে যুক্তরাজ্য সরকার হামাসের পুরো সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ ঘোষণা করার দিনেই এই আবেদনটি করা হলো। ২০০১ সালে হামাসের সশস্ত্র শাখা নিষিদ্ধ করা হলেও ২০২১ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল পুরো সংগঠনটির ওপর নিষেধাজ্ঞা বিস্তৃত করেন। তখন ইহুদি সম্প্রদায়কে সুরক্ষা দেওয়ার যুক্তি দেওয়া হলেও জেএনপির দাবি, যে সম্প্রদায়কে রক্ষার কথা বলা হয়েছিল, এখন তাদের বিরুদ্ধেই এই আইন ব্যবহৃত হচ্ছে।
আবেদনে উল্লেখ করা হয়েছে, ইউরোপীয় মানবাধিকার সনদের ৯, ১০ ও ১১ নম্বর ধারা অনুযায়ী চিন্তা, মতপ্রকাশ ও সংগঠনের স্বাধীনতায় এটি ‘অসামঞ্জস্যপূর্ণ হস্তক্ষেপ’। জেএনপির যুক্তি, যুক্তরাজ্যে হামাসের কোনো সাংগঠনিক উপস্থিতি নেই এবং দেশটির জন্য কোনো নির্দিষ্ট হুমকি হিসেবেও তা প্রমাণিত হয়নি। আবেদন জমা হওয়ার পর পরবর্তী ৯০ দিনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে; প্রত্যাখ্যাত হলে আপিল করার সুযোগ পাবে সংগঠনটি।
বাকস্বাধীনতায় শঙ্কা ও আইনি অভিজ্ঞতা
জেএনপির আলোচিত সদস্য, ৭২ বছর বয়সী লেখক ও ব্লগার টনি গ্রিনস্টেইন ২০২৩ সালের ৭ অক্টোবর একটি ব্লগ প্রকাশের পর সন্ত্রাসবাদ আইনের ১২ নম্বর ধারায় অভিযুক্ত হয়েছিলেন। প্রায় তিন বছর আইনি লড়াই এবং একাধিক আদালতে হাজিরার পর চলতি বছরের আগস্টে তিনি খালাস পান। তার বিরুদ্ধে মামলা চলাকালে পাঁচটি ব্যাংক ও বিল্ডিং সোসাইটি তার হিসাব বন্ধ করে দিয়েছিল।
গ্রিনস্টেইন মন্তব্য করেন, কোনো সংগঠন সম্পর্কে নিজের মতামত প্রকাশ করতে গিয়ে আইন ভঙ্গের ভয়ে তটস্থ থাকতে হলে তা বাকস্বাধীনতার জন্য একটি বড় ধরনের হুমকি। তার মতে, ইহুদিদের গ্রেপ্তার করা ব্রিটেনের ইহুদি সম্প্রদায়কে রক্ষার উপায় নয়, বরং এটি জায়নবাদ রক্ষার একটি কৌশল।
গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদের অধিকার
জেএনপির অন্যতম প্রতিষ্ঠাতা, ৮০ বছর বয়সী চলচ্চিত্র নির্মাতা ও অধ্যাপক হাইম ব্রেশিথ-জাবনার ২০২৪ সালের নভেম্বরে উত্তর লন্ডনের সুইস কটেজে এক বিক্ষোভে বক্তব্য দেওয়ার পর গ্রেপ্তার হয়ে ১৩ ঘণ্টা আটক ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য করার কারণে তাকে আটক করা হলেও পরে কোনো অভিযোগ আনা হয়নি।
ব্রেশিথ-জাবনার অভিযোগ করেছেন, গাজায় গণহত্যার বিরুদ্ধে কথা বলার পথ রুদ্ধ করতে এবং ইসরায়েলি বাহিনীর সমালোচনা আটকাতে এই নিষেধাজ্ঞা ব্যবহার করা হচ্ছে। তার ভাষায়, মানবাধিকারের মধ্যে গণহত্যার বিরোধিতা করার অধিকার যেমন রয়েছে, তেমনি গণহত্যার শিকার মানুষের প্রতিরোধের অধিকারও অন্তর্ভুক্ত। সূত্র: আল জাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন