প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দার নবনিযুক্ত প্রশিক্ষণার্থী রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) সততা, শৃঙ্খলা, দক্ষতা এবং দৃঢ় নৈতিক মূল্যবোধের সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানিয়েছেন। বুধবার তিনি নগরীর বয়রায় পুলিশ লাইনসে ৫৯ তম টিআরসি ব্যাচের ওরিয়েন্টেশন কোর্সের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি উল্লেখ করেন, পুলিশ সদস্যদের সকল প্রলোভনের ঊর্ধ্বে উঠে জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলেও তিনি জানান।
বাংলাদেশ পুলিশকে একটি সমৃদ্ধ ও গৌরবোজ্জ্বল ইতিহাসের অধিকারী বাহিনী হিসেবে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, নতুন সদস্যরা তাদের সততা, পেশাদারিত্ব এবং নিষ্ঠার মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত ও উজ্জ্বল করবেন। নিরীহ, দুর্বল এবং দুর্দশাগ্রস্ত মানুষের প্রতি সহায়তা প্রদান, নারী, শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সহানুভূতি ও শ্রদ্ধার সাথে আচরণ করার উপরও তিনি গুরুত্বারোপ করেন।
কেএমপি কমিশনার কর্তব্যরত অবস্থায় সর্বোচ্চ ধৈর্য্য, পেশাদারিত্ব এবং সহনশীলতা বজায় রাখার নির্দেশনা দিয়ে আরও বলেন, কর্তব্যরত অবস্থায় স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা হবে। একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে সকলকে কঠোরভাবে শৃঙ্খলা মেনে চলতে হবে। তিনি মনে করিয়ে দেন যে, পুলিশ বাহিনী ভালো কাজের পুরষ্কার দেয়, তবে অসদাচরণের জন্য বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিধানও রয়েছে।
এ সময় কেএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম.এম. শাকিলুজ্জামান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামীমা আক্তার সুমি এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কেএমপিতে সদ্য যোগদানকারী মোট ৫০ জন পুলিশ সদস্য এই কোর্সে অংশগ্রহণ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন