ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ট্রলিচালক নিহত


নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ট্রলিচালক নিহত

নড়াইলের কালিয়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ইটভাঙার ট্রলির ধাক্কায় মুত্তাকাব্বির সর্দার (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কালিয়া-নড়াইল সড়কের চাঁচুড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুত্তাকাব্বির উপজেলার কদমতলা গ্রামের আসগর সর্দারের ছোট ছেলে। তিনি পেশায় একজন ইটভাঙার ট্রলি চালক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চাঁচুড়ি বাজারের ভাই ভাই হার্ডওয়্যারের মালামাল খালাসের উদ্দেশ্যে নড়াইলমুখী একটি ট্রাক সড়কের পাশে দাঁড় করানো ছিল। দুপুরের দিকে মুত্তাকাব্বির তার এক সহকারীকে নিয়ে বারইপাড়ার দিক থেকে কাজ শেষে ট্রলি চালিয়ে ফিরছিলেন।

আরও পড়ুন: আলফাডাঙ্গায় প্রবাসী আকাশ মিয়ার বিরুদ্ধে বানোয়াট কুৎসা রটানোর প্রতিবাদ করায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

চাঁচুড়ি বাজারসংলগ্ন সেতু থেকে নামার সময় ট্রলিটির ব্রেক কাজ না করায় মুত্তাকাব্বির নিয়ন্ত্রণ হারান। এক পর্যায়ে ট্রলিটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এই ঘটনায় মুত্তাকাব্বির গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে থাকা সহকারী প্রাণে রক্ষা পান।

কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

 

আরও পড়ুন: বাকেরগঞ্জে পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বি-ক্ষোভ মিছিল ও সমাবেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লন্ডনে আলভারেজের গোপন বৈঠক, কি ঘটতে যাচ্ছে?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


লন্ডনে আলভারেজের গোপন বৈঠক, কি ঘটতে যাচ্ছে?

আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের প্রিমিয়ার লিগে ফেরার গুঞ্জনে নতুন মোড় এসেছে। আর্সেনাল তাকে নেওয়ার জোর চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাদের টপকে চেলসিতে যোগ দেওয়ার বেশ কাছাকাছি পৌঁছে গেছেন অ্যাথলেটিকো মাদ্রিদের এই তারকা।

ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক নিকোলো স্কিরা জানান, গত বৃহস্পতিবার লন্ডনে অ্যাথলেটিকো মাদ্রিদের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছিল চেলসি কর্তৃপক্ষ। সেই বৈঠকেই আলভারেজকে দলে টানার সম্ভাব্য শর্তাবলী নিয়ে আলোচনা হয়। অন্যদিকে, চেলসির সেনেগালিজ স্ট্রাইকার নিকোলা জ্যাকসনকে দলে নিতে আতলেতিকোও প্রাথমিক আলোচনা শুরু করেছে।

ইউরোপীয় দলবদলের খবর প্রকাশ করা মাধ্যম টপস্কিলস স্পোর্টস ইউকে-এর মতে, চুক্তিটি চূড়ান্ত করতে চেলসির দুই মালিক টড বোয়েলি এবং বেহদাদ এগবালি সরাসরি স্পেনে গিয়েছেন আতলেতিকো কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য।

চলতি সপ্তাহেই চুক্তিটি সম্পন্ন হবে বলে আশাবাদী চেলসি ক্যাম্প। ইতিমধ্যেই আর্জেন্টাইন তারকা আলভারেজের সাথে ব্যক্তিগত শর্তাবলীতে সমঝোতায় পৌঁছেছে ব্লুজরা।

আলভারেজের প্রাথমিক বাজারমূল্য ১৫০ মিলিয়ন ইউরো হাঁকিয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদ। তবে চেলসির সাথে চুক্তি হলে তা ১২০ মিলিয়ন ইউরোতে নামিয়ে আনতে রাজি রয়েছে স্প্যানিশ ক্লাবটি। চেলসি বর্তমানে উভয় পক্ষের সুবিধাজনক পেমেন্ট স্ট্রাকচার নিয়ে কাজ করছে।

নতুন চ্যালেঞ্জের খোঁজে চলতি উইন্ডোতেই অ্যাথলেটিকো ছাড়তে রাজি আলভারেজ। আর্সেনাল ও বার্সেলোনা তাকে দলে নিতে আগ্রহী হলেও অ্যাথলেটিকো স্পষ্ট জানিয়ে দিয়েছে, লা লিগার প্রত্যক্ষ কোনো প্রতিদ্বন্দ্বী ক্লাবের কাছে তাকে বিক্রি করা হবে না।

বার্সেলোনা দৌড় থেকে ছিটকে যাওয়ায় আলভারেজকে দলে ভেড়ানোর পথ চেলসির জন্য উন্মুক্ত হয়ে পড়েছে। এখন ক্লাব দুটির মধ্যে চূড়ান্ত কাঠামো নির্ধারিত হলেই ব্লুজদের জার্সিতে দেখা যেতে পারে এই বিশ্বকাপজয়ী তারকাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেল একাধিক গ্রাম, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেল একাধিক গ্রাম, নিহত ১৭

নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় পাহাড়ি ঢল ও ভূমিধসের ফলে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে। পানির তোড়ে সীমান্তের দুপাশের একাধিক গ্রাম ভেসে গেছে এবং সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

বুধবার (২৬ আগস্ট) ভোরের দিকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তরাঞ্চলীয় রাসুয়া সীমান্ত এলাকায় এই জলচ্ছ্বাস আঘাত হানে। ধারণা করা হচ্ছে, হিমালয়ের অতিরিক্ত তুষার গলে সীমান্তবর্তী ভোতে কোশি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে।

মর্মান্তিক এই ঘটনার পর নেপাল ও তিব্বত—উভয় সীমান্ত এলাকাতেই ব্যাপক উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। যৌথ প্রচেষ্টায় এ পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও তিব্বতের দায়িত্বপ্রাপ্ত চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বড় ধরনের প্রাণহানির কথা নিশ্চিত করেছে। নেপাল সরকারের পক্ষ থেকেও অপূরণীয় ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

নেপাল পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে সংবাদমাধ্যমকে জানান, পরিস্থিতি মোকাবিলা ও নিখোঁজদের সন্ধানে দেশের সবকটি নিরাপত্তা সংস্থা যৌথভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা বিভিন্ন ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় দেখা যায়, কাদামাটি ও তুষারগলা পানির প্রবল স্রোত লোকালয় ও ঘরবাড়ি ধ্বংস করে ধেয়ে যাচ্ছে। ভোতে কোশি নদীর ভাটিতে থাকা নিম্নাঞ্চলে ইতিমধ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।

এই প্রাকৃতিক দুর্যোগে তিব্বত ও নেপালের মধ্যকার যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ ও টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি কাঠমান্ডুর সঙ্গে সংযোগকারী প্রধান সড়কটি বন্ধ হয়ে পড়েছে।

উদ্বেগ প্রকাশ করে কাঠমান্ডুভিত্তিক চীনা ব্যবসায়ী ইয়ে লিয়াং জানান, সীমান্ত এলাকায় তাদের লজিস্টিকস কোম্পানির সাতটি কনটেইনার ট্রাক ছিল, যেগুলোতে নেপালি কর্মীরা কর্মরত ছিলেন। ঘটনার পর থেকে তাদের সঙ্গে কোনো ধরনের সংযোগ স্থাপন করা যাচ্ছে না। নেটওয়ার্ক ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় নিখোঁজ কর্মীদের স্বজনদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বজুড়ে অভিবাসী ভিসা আবেদনের সাক্ষাৎকার স্থগিত যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


বিশ্বজুড়ে অভিবাসী ভিসা আবেদনের সাক্ষাৎকার স্থগিত যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র অভিবাসী ভিসার আবেদনকারীদের সাক্ষাৎকারের সময়সূচি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই পদক্ষেপটি নিয়েছে, যা বিশ্বজুড়ে অভিবাসী ভিসার জন্য আবেদনকারীদের ওপর প্রভাব ফেলবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান অভিবাসনবিরোধী কঠোর অভিযানের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এই প্রশিক্ষণের সঙ্গে সমন্বয় করে ভিসা সেবার সাক্ষাৎকারের সময়সূচি পরিবর্তন করা হবে।

প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়ে আসছে, যার মধ্যে রয়েছে ব্যাপক বহিষ্কার অভিযান, ভিসা ও গ্রিন কার্ড বাতিল এবং বিভিন্ন কারণে ভিসার আবেদন প্রত্যাখ্যানের মতো পদক্ষেপ।

রাজনৈতিক মতামত এবং যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলের গাজা অভিযানবিরোধী ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেওয়াও এসব সিদ্ধান্তের পেছনে রয়েছে। ট্রাম্পের দাবি, এসব পদক্ষেপের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা আরও জোরদার করা। তবে তাঁর প্রশাসনের অভিবাসন নীতি বেশ কিছু আইনি বাধার মুখোমুখি হয়েছে। গত শুক্রবার, এক মার্কিন বিচারক ৭৫টি দেশের আবেদনকারীদের অভিবাসী ভিসা দেওয়ার স্থগিত করার ট্রাম্প প্রশাসনের একটি নীতি বাতিল করেন।

বিচারকের মতে, ৭৫টি দেশের আবেদনকারীদের অভিবাসী ভিসা দেওয়ার স্থগিত করার এই নীতি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছে।

এদিকে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন প্রশিক্ষণ কর্মসূচির সময়সীমা বা এর বিস্তারিত কিছু জানায়নি। তবে মন্ত্রণালয় বলেছে, এই প্রশিক্ষণের মাধ্যমে কনস্যুলার কর্মকর্তাদের এমন আবেদনকারী শনাক্ত করতে সহায়তা করা হবে, যারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন। পাশাপাশি, সব ভিসা আবেদনকারীকে যেন একই নিয়মে ও সামগ্রিকভাবে মূল্যায়ন করা হয়, সেটি নিশ্চিত করা হবে।

ভিসা সাক্ষাৎকারের সময়সূচিতে এই বিরতির খবর প্রথম প্রকাশ করে ফিন্যানশিয়াল টাইমস। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে সাক্ষাৎকারের তারিখ পাওয়া অভিবাসী ভিসা আবেদনকারীরা ইমেইল পেয়েছেন। এতে জানানো হয়েছে, তাদের সাক্ষাৎকারের তারিখ পরিবর্তন করা হচ্ছে এবং নতুন তারিখ পরে জানানো হবে।

ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী কঠোর নীতির কারণে মানবাধিকার সংগঠনগুলোও সমালোচনা করছে। তাদের অভিযোগ, এসব পদক্ষেপ বৈষম্যমূলক এবং মতপ্রকাশের স্বাধীনতা ও যথাযথ আইনি প্রক্রিয়ার অধিকারের পরিপন্থী। অধিকারকর্মীদের আরও দাবি, এই অভিযান যুক্তরাষ্ট্রে বিশেষ করে জাতিগত সংখ্যালঘুদের জন্য অনিরাপদ পরিবেশ তৈরি করেছে। তাদের অনেকেই জাতিগত পরিচয়ের ভিত্তিতে অতিরিক্ত নজরদারি বা বৈষম্যের আশঙ্কা করছেন।

২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় ট্রাম্প অবৈধ অভিবাসন বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তাঁর প্রশাসনের পদক্ষেপে বৈধ অভিবাসনও কঠিন হয়ে পড়েছে। এর উদাহরণ হিসেবে নির্দিষ্ট কিছু কর্মভিত্তিক ভিসার আবেদনকারীদের জন্য নতুন ও ব্যয়বহুল ফি চালুর বিষয়টি উল্লেখ করা হয়েছে।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের জানাজা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের জানাজা অনুষ্ঠিত

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং প্রবীণ রাজনীতিক আবুল কালাম আজাদের জানাজা সম্পন্ন হয়েছে। প্রিয় নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে বুধবার সকালে পীরগঞ্জ সরকারি হাই স্কুল মাঠে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হন।

 

বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় পীরগঞ্জ সরকারি হাই স্কুল মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৮টায় উপজেলার মিঠিপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে তার নিজ বাড়িতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় জানাজায় রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন নবী চৌধুরী পলাশসহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বিপুলসংখ্যক মানুষ জানাজায় উপস্থিত ছিলেন।

জানাজায় অংশ নেওয়া ব্যক্তিরা আবুল কালাম আজাদের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে তার অবদান এবং এলাকার মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, জানাজা শেষে তার মরদেহ ঢাকায় নিয়ে যাওয়া হবে। বুধবার রাত ৮টায় রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করার পরিকল্পনা রয়েছে।

এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম আজাদ মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৬ বছর।

 

দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

উল্লেখ্য, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি আসনটি ছেড়ে দিলে ২০০৯ সালে অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন আবুল কালাম আজাদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%