০২:৫৬ পি.এম
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এবার স্থানীয় একটি ব্যস্ত মোড়ের নাম পরিবর্তন করা হয়েছে। এলাকাটির ব্রাজিল সমর্থকরা ওই মোড়টির নাম রেখেছেন ‘ব্রাজিল মোড়’। ব্রাজিলকে সমর্থন জানাতেই তারা এই অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন। এদিকে, স্থানীয় আর্জেন্টিনা সমর্থকরাও নানাভাবে প্রতিপক্ষ দলের সমর্থকদের বিরুদ্ধে টক্কর দিচ্ছেন।
বুধবার (১০ জুন) সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার চাপ্তা গ্রামের টুকু বাজারের জান্নাত মোড়ে বাংলাদেশ ও ব্রাজিলের ১৩টি ছোট পতাকা এবং ৫০ ফুট দৈর্ঘ্যের অপর একটি পতাকা টাঙ্গিয়েছেন ব্রাজিল ভক্তরা।
জানা গেছে, গ্রামের তরুণ ও যুবকদের মধ্যে বেশিরভাগ ব্রাজিলের সমর্থক হওয়ায় ব্রাজিলের তারকা খেলোয়াড়দের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন টাঙিয়ে আনুষ্ঠানিকভাবে মোড়টির নামকরণ করা হয় ‘ব্রাজিল মোড়’।
আরও পড়ুন: মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
ইতোমধ্যে ব্রাজিল মোড়ের এই নামটি গ্রামবাসীর মধ্যে সাড়া ফেলেছে। এবারের বিশ্বকাপে ব্রাজিলকে সমর্থন দিতে এমন অভিনব আয়োজন করা হয়েছে। তাদের আশা এবার ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে ২৪ বছরের খরা কাটানোর পাশাপাশি হেক্সা মিশন শেষ করবে।
ব্রাজিল সমর্থক রিফাত খাকি বলেন, “আমরা ব্রাজিলকে মনে-প্রাণে ভালোবাসি। আমাদের এই ভালোবাসার একটা প্রতীক দরকার ছিল। এখন থেকে এই মোড়টি আমাদের মিলনমেলা। তাই এই মোড়ে বাংলাদেশ ও ব্রাজিলের ১৩টি ছোট পতাকা ও ৫০ ফুট দৈর্ঘ্যের অপর একটি পতাকা টাঙিয়ে নাম দিয়েছি ‘ব্রাজিল মোড়’।"
অপর ব্রাজিল সমর্থক বর্ণ রহমান বলেন, “আমাদের গ্রামের প্রায় ৭০ ভাগ লোক ব্রাজিলের সমর্থক। তাই আমাদের একটি স্থান দরকার হওয়ায় এ মোড়টির নাম ‘ব্রাজিল মোড়’ দিয়েছি। আশা করি এবারের বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে।”
এদিকে, এই ঘটনার পর আর্জেন্টিনা সমর্থকরাও বসে নেই। তারা এলাকাজুড়ে টাঙ্গিয়েছে এক হাজার ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা। আর্জেন্টিনার তারকা খেলোয়াড়দের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন টাঙ্গিয়েছেন তারা। তবে তাদের কাছে এটি দলের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ বলেই মনে হচ্ছে।
আরও পড়ুন: মদনে বিদ্যালয় রক্ষার কাজে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
আর্জেন্টিনা সমর্থক মো. নাজমুল শেখ বলেন, “ব্রাজিল ভক্তরা মোড়ের নাম ‘ব্রাজিল মোড়’ দিলেও আমরা পিছিয়ে নেই। এলাকাজুড়ে এক হাজার ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা টাঙানোর পাশাপাশি আর্জেন্টিনার তারকা খেলোয়াড়দের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে। আশা করি এবার আর্জেন্টিনা টানা ২য় শিরোপা ঘরে তুলবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন