ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হল থেকে বের হওয়ার সময় আটক নাজিমের কারাগারে প্রেরণ


হল থেকে বের হওয়ার সময় আটক নাজিমের কারাগারে প্রেরণ

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ থেকে পরীক্ষা দেওয়ার পর বের হওয়ার সময় একদল যুবকের হাতে মারধরের শিকার হন শিক্ষার্থী নাজিম উদ দৌলা (২৫)। তাকে পরবর্তীতে পুলিশের কাছে সোপর্দ করা হয়। খবর অনুযায়ী, বনানী থানার একটি সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে শুক্রবার (২৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নাজিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে আসামি নাজিম উদ দৌলার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। তিনি জানান, তিতুমীর কলেজ থেকে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় নাজিম উদ দৌলাকে মব করে মেরে একদল লোক তাকে পুলিশে ধরিয়ে দেয়। তিনি কোনো ধরনের রাজনীতির সঙ্গে জড়িত নন। কিন্তু আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর বনানী থানাধীন ১১ নম্বর ও ৬ নম্বর রোডের সংযোগস্থলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মিছিল এবং ককটেল বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় হওয়া মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গতকাল তিতুমীর কলেজ এলাকা থেকে নাজিমকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। তিনি কুড়িগ্রামের রৌমারী থানার জাদু চর গ্রামের মমিনুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি গাজীপুরের বাসন থানার টেকনোপাড়া এলাকায় বসবাস করছিলেন।

আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

পুলিশের আটক রাখার আবেদনের সূত্রে জানা যায়, গতকাল তিতুমীর কলেজ প্রাঙ্গণে আটক হওয়ার সময় নাজিম আঘাতপ্রাপ্ত হন। পরে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানায় নিয়ে আসা হয়। আজ বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই কামাল হোসেন আসামিকে আদালতে হাজির করে আটক রাখার আবেদন জানালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানির পাশাপাশি গাছও আমাদের বাঁচার জন্য অপরিহার্য: বৃক্ষরোপণ কর্মসূচিতে এমপি খোকন তালুকদার

আন্তর্জাতিক ডেস্ক

শাওন বল মাদারীপুর প্রতিনিধি

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


পানির পাশাপাশি গাছও আমাদের বাঁচার জন্য অপরিহার্য: বৃক্ষরোপণ কর্মসূচিতে এমপি খোকন তালুকদার

মাদারীপুরের কালকিনি উপজেলায় খাল খনন-পরবর্তী সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের শিকদারকান্দি পরিপত্তর খালে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন তিনি করেন। দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকন তালুকদার বলেন, "পানির পাশাপাশি গাছও আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন। খাল খনন কর্মসূচির আওতায় খালের দুই পাড়ের রাস্তায় বৃক্ষরোপণের যে নির্দেশনা ছিল, তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আমরা যদি সবুজায়ন, অক্সিজেন ও পানির ভারসাম্য বজায় রাখতে পারি, তাহলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব অনেকাংশে মোকাবিলা করা সম্ভব হবে। একই সঙ্গে ভবিষ্যতের পরিবেশগত বিপর্যয় থেকেও দেশকে রক্ষা করা সহজ হবে।"

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকেও বেশি বেশি গাছ লাগাতে এবং সেগুলোর পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি, কালকিনি ও ডাসার উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে অতিথিরা খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদালতে প্রক্সি দেওয়ার অভিযোগে নারীকে রিমান্ডে পাঠানো হলো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


আদালতে প্রক্সি দেওয়ার অভিযোগে নারীকে রিমান্ডে পাঠানো হলো

ঢাকার আদালতে ২৯ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় প্রকৃত আসামির পরিবর্তে আদালতে হাজির হয়ে ধরা পড়া মনোয়ারা বেগমকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (২৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই কামরুল ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৩ মার্চ ২৯ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে নিবেদিতা আহমেদ তুলি নামে এক সরকারি চাকরিজীবী মামলা করেন। মামলার আসামি নাসরিন সিকদার নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় গত ১৬ জুন তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ তানিয়া সুলতানা লিপি। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় ২০ আগস্ট।

বৃহস্পতিবার নাসরিন সিকদারের পরিবর্তে মনোয়ারা বেগমকে আদালতে হাজির করে জামিন আবেদন করেন আইনজীবী মো. হাম্মাদ এমদাদ হোসাইন। শুনানির সময় বিচারকের সন্দেহ হলে মনোয়ারাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পরিচয়পত্র ও নথি যাচাই করে তিনি প্রকৃত আসামি নন বলে নিশ্চিত হন আদালত। এরপর তাকে আটক করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আদালতের বেঞ্চ সহকারী মিয়া মো. ইব্রাহিম খলিল অপু নাসরিন সিকদার, মনোয়ারা বেগম ও আইনজীবী মো. হাম্মাদ এমদাদ হোসাইনসহ অজ্ঞাতনামা আরও এক বা একাধিক ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন।

শুক্রবার মনোয়ারাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালিদ হোসেন তিন দিনের রিমান্ড আবেদন করেন। শুনানির সময় বিচারক মনোয়ারাকে জিজ্ঞাসা করেন, তিনি আগে কখনও এ ধরনের কাজ করেছেন কি না। জবাবে তিনি বলেন, 'না।' নাসরিন সিকদারের সঙ্গে তার কী সম্পর্ক জানতে চাইলে তিনি বলেন, 'কিছু না।' কেন তিনি অন্যের পরিচয়ে আদালতে হাজির হয়েছেন—এ প্রশ্নের জবাবে মনোয়ারা বলেন, 'আমি চেম্বারে কাজ করি। উকিল নিয়ে গেছে।'

পরে বিচারক তাকে তদন্ত কর্মকর্তার কাছে ঘটনার বিস্তারিত জানাতে বলেন এবং দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, নাসরিন সিকদার ও আইনজীবী হাম্মাদ এমদাদ হোসাইন অর্থের প্রলোভন দেখিয়ে মনোয়ারাকে প্রকৃত আসামি সাজিয়ে আদালতে হাজির হতে প্ররোচিত করেন। এভাবে তারা আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন এবং বিচারিক কার্যক্রমে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪৮টি দেশের সঙ্গে সরকারের সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে: সংস্কৃতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


৪৮টি দেশের সঙ্গে সরকারের সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে: সংস্কৃতিমন্ত্রী

দেশের হারিয়ে যাওয়া সুস্থ ধারার সংস্কৃতি ফিরিয়ে আনতে, ৪৮টি দেশের সঙ্গে সরকারের সাংস্কৃতিক এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে, এমন তথ্য জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়। শুক্রবার (২৬ জুন) সকালে, ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, আমাদের হাজার বছরের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। ইতোমধ্যে, আমাদের সঙ্গে ৪৮টি দেশের ‘কালচারাল ডিপ্লোমেসি’ বা সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে। এই লক্ষ্য অর্জনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে পুরাকীর্তি নিদর্শন পুনরুদ্ধারে খনন কাজ শুরু হয়েছে এবং জাতীয় গ্রন্থকেন্দ্রসহ দেশব্যাপী পাবলিক লাইব্রেরিগুলো সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি এ সময় জানান, আমাদের সংস্কৃতির সঙ্গে অশালীন নৃত্য বা অঙ্গভঙ্গির কোনো সম্পর্ক নেই। বিগত দিনের অশ্লীল যাত্রা বাদ দিয়ে, জীবনমুখী এবং ঐতিহ্যভিত্তিক লোকসংস্কৃতি চালুর লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বিলুপ্তপ্রায় ভাটিয়ালি, ভাওয়াইয়া, পুঁথিসাহিত্য, খনার বচন, লালন গীতি এবং জারি-সারির পাণ্ডুলিপি অনুসন্ধান ও সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

মন্ত্রী বলেন, বিএনপি ব্যর্থ হওয়ার জন্য আসেনি। আমাদের সরকার জনগণের ভোটে সরাসরি নির্বাচিত সরকার। দেশের জনগণের কল্যাণই আমাদের প্রধান কাজ। বিগত ১৮ বছরে দেশের শিক্ষা, সংস্কৃতি, আইন এবং আর্থিক প্রতিষ্ঠানসহ সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল। আমরা সেই ভঙ্গুর অবস্থা ও জঞ্জাল পরিষ্কার করে নতুন করে দেশকে ঢেলে সাজাচ্ছি।

জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডিভোকেট এমএ মজিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন এবং অঙ্কুর নাট্য একাডেমির পরিচালক নাজিমুদ্দিন জুলিয়াস প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছেন বেরোবি শিক্ষক

আন্তর্জাতিক ডেস্ক

মাসফিকুল হাসান বেরোবি প্রতিনিধি

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছেন বেরোবি শিক্ষক

যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত বিদ্যাপীঠ, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এফআইইউ) পিএইচডি করার জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ সহ সুযোগ পেয়েছেন লোক প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক মো. মুজাহিদুল ইসলাম, যিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আগামী ২০২৬ সালের আগস্ট মাস থেকে তিনি পাবলিক অ্যাফেয়ার্স বিষয়ে তার পিএইচডি গবেষণা শুরু করবেন। উচ্চশিক্ষার এই গৌরবময় অর্জন নিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী মহলে আনন্দের জোয়ার বইছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মো. মুজাহিদুল ইসলাম এর আগে উচ্চশিক্ষায় সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তিনি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী 'ইউনিভার্সিটি অব সাসেক্স' থেকে অত্যন্ত কৃতিত্বের সাথে 'জলবায়ু পরিবর্তন, উন্নয়ন ও পলিসি' (Climate Change, Development and Policy) বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন। যুক্তরাজ্যে অর্জিত সেই জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, এবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, সম্পূর্ণ সরকারি অর্থায়নে (ফুল ফান্ডেড) পিএইচডি গবেষনাসংক্রান্ত জন্য মনোনীত হয়েছেন। নিজের এই অর্জনে অনুভূতি প্রকাশ করে, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মুজাহিদুল ইসলাম বলেন, "উচ্চশিক্ষার এই সুযোগ আমার জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। জলবায়ু পরিবর্তন ও পাবলিক অ্যাফেয়ার্স নিয়ে কাজ করার যে স্বপ্ন আমার ছিল, এই পিএইচডি প্রোগ্রামটি তা পূরণে বড় ভূমিকা রাখবে। আমি আমার গবেষণা শেষে অর্জিত জ্ঞান দেশের কল্যাণে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে চাই।" শিক্ষকের এই সাফল্যের কথা জানার পর, লোক প্রশাসন বিভাগের একাধিক শিক্ষার্থীর সাথে কথা বললে তারা জানান, "একজন শিক্ষকের এমন আন্তর্জাতিক অর্জন বিভাগের শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেয়। স্যার মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে সফলভাবে তার গবেষণা শেষ করুন এবং বেরোবি'র নাম উজ্জ্বল করুন—এটাই আমাদের কামনা।" তারা আরো বলেন, "মুজাহিদ স্যার শুধু একজন ভালো শিক্ষকই নন, একজন চমৎকার মেন্টরও। উচ্চশিক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নিতে হয়, তা তিনি আমাদের সবসময় গাইড করেন। স্যারের এই সাফল্য আমাদের মতো যারা ভবিষ্যতে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখে, তাদের নতুন করে পথ দেখাবে।" বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় থাকা দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল বলেন, "আমার প্রিয় সহকর্মী মো. মুজাহিদুল ইসলাম আগামী জুলাই মাসে যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে পিএইচডি গবেষণার উদ্দেশ্যে যাত্রা করছেন। তিনি দীর্ঘদিন ধরে আমার সঙ্গে জলবায়ু পরিবর্তন, জলবায়ু শাসনব্যবস্থা ও টেকসই উন্নয়ন বিষয়ে গবেষণা ও পেশাগত কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর গবেষণা ও জ্ঞানচর্চার ক্ষেত্রেও একটি অনুপ্রেরণামূলক মাইলফলক। তাঁর এই অসাধারণ সাফল্যে আন্তরিক অভিনন্দন জানাই এবং নতুন গবেষণা যাত্রার জন্য জানাই শুভকামনা। আশা করি, তাঁর গবেষণা ভবিষ্যতে বাংলাদেশসহ বৈশ্বিক পর্যায়ে জলবায়ু নীতি ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তাঁর একাডেমিক অভিযাত্রা সফল ও সমৃদ্ধ হোক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%