০৮:২৯ পি.এম
ঝিনাইদহের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তিনটি পৃথক মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৪৮ ঘণ্টার লকডাউন ও হরতাল কর্মসূচির সমর্থনে শনিবার রাত থেকে সকাল পর্যন্ত কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে এসব মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলগুলোতে সড়কে টায়ার জ্বালিয়ে মশাল হাতে অংশগ্রহণকারীরা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। এসব মিছিলে প্রবাসী আতিফ আসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খান এবং যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ সাগরের নাম উল্লেখ করে স্লোগান দিতে শোনা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা যায়, প্রথম মিছিলটি শনিবার রাত ৮টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের গাজির বাজার সড়কের পান্তাডাঙ্গা এলাকায় অনুষ্ঠিত হয়। ৫২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সামনে একটি ব্যানার নিয়ে ১০ থেকে ১৫ জন ব্যক্তি সড়কে টায়ার জ্বালিয়ে হাতে মশাল নিয়ে মিছিল করছেন। এ সময় তাঁরা স্লোগান দেন, "আতিফ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আমড়া সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট-বোমা, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে," এবং "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু" সহ বিভিন্ন স্লোগান।
দ্বিতীয় মিছিলটি শনিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভা এলাকার বলিদাপাড়া-সিংগী বাজার সড়কে অনুষ্ঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২ মিনিট ৩১ সেকেন্ডের ওই ভিডিওতে মিছিলকারীদের কথোপকথন ও স্লোগানে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খানের নাম শোনা যায়। সেখানে "আয়ুব ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই" স্লোগান দিতে শোনা গেছে। মিছিলটি তাঁর নির্দেশনায় হয়েছে বলে অংশগ্রহণকারীদের কথাবার্তা থেকে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর আগমনে দৌলতপুরে বিএনপির আনন্দ মিছিল
এদিকে রোববার সকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কের বারোবাজার এলাকায় আরও একটি বিক্ষোভ মিছিল বের করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ওই মিছিলে যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ সাগরের নাম উল্লেখ করে, "সাগর ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই" স্লোগান দিতে শোনা যায়। মিছিলটি তাঁর নির্দেশনায় হয়েছে বলে মিছিলকারীদের বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে।
পৃথক তিনটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে এসব মিছিলের আয়োজক কারা, অংশগ্রহণকারীরা কোন পর্যায়ের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট নেতাদের প্রত্যক্ষ নির্দেশনায় মিছিলগুলো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে দেখা ব্যক্তিদের পরিচয় যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী বলেন, "মিছিলের বিষয়টি তাঁর জানা নেই। তবে কেউ মিছিল করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন