ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সাতক্ষীরায় শিশু ও নারী সুরক্ষায় সারভাইভার লিডারদের প্রশিক্ষণ সম্পন্ন


সাতক্ষীরায় শিশু ও নারী সুরক্ষায় সারভাইভার লিডারদের প্রশিক্ষণ সম্পন্ন

শিশু যৌন পাচার প্রতিরোধ, ঝুঁকিতে থাকা শিশু ও নারী সুরক্ষিত রাখা এবং তৃণমূল পর্যায়ে নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি করার উদ্দেশ্যে সাতক্ষীরায় সারভাইভার লিডারদের জন্য দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে ‘সিএসটি প্রতিরোধ, নিরাপদ রেফারেল ও নেতৃত্ব বিকাশে সারভাইভার লিডারদের দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এই প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়। রোববার (২৯ নভেম্বর) বিকেলে প্রশিক্ষণটি শেষ হয়।

‘এনহ্যান্সিং প্রটেকশন অব চাইল্ড সেক্স ট্রাফিকিং (সিএসটি) সারভাইভারস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় আয়োজিত এই প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা, শিবপুর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের সারভাইভার লিডার গ্রুপের (এসএলজি) ১০ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে রাইটস যশোর, এবং এতে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করছে দ্য ফ্রিডম ফান্ড। সংশ্লিষ্ট সূত্র জানায়, সারভাইভার লিডাররা নিজেদের জীবনের অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞান ব্যবহার করে স্থানীয় পর্যায়ে শিশু যৌন পাচার প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম। ঝুঁকিতে থাকা শিশু ও নারীদের চিহ্নিত করা, তাদের নিরাপত্তায় সচেতনতা তৈরি করা এবং প্রয়োজনীয় সেবা ও সহায়তার সঙ্গে যুক্ত করার কাজটি তাঁরা সহজেই সম্পন্ন করতে পারেন।

প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর, কলারোয়া ও দেবহাটা উপজেলায় শিশু যৌন পাচার প্রতিরোধ এবং ভুক্তভোগীদের সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে থানা পর্যায়ে অ্যাডভোকেসি সভা, ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির সভা, কমিউনিটি সচেতনতামূলক সভা এবং এনজিও ও কমিউনিটিভিত্তিক সংগঠনের (সিবিও) সমন্বয় সভা।

আরও পড়ুন: কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর আগমনে দৌলতপুরে বিএনপির আনন্দ মিছিল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ নৌবাহিনীতে ৪৬৭ নতুন নাবিকের শপথ গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


বাংলাদেশ নৌবাহিনীতে ৪৬৭ নতুন নাবিকের শপথ গ্রহণ

বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে ৪৬৭ নতুন নাবিক যুক্ত হয়েছেন, যা একটি বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে উদযাপন করা হয়। পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা নৌঘাঁটিতে আয়োজিত শিক্ষা সমাপনী অনুষ্ঠানে লাল-সবুজের পতাকা হাতে নিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গের শপথ গ্রহণ করেন তারা।

নৌবাহিনী প্রধান নতুন নাবিকদের প্রতি আহ্বান জানান যে, তারা যেন সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করে দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করেন।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত বর্ণাঢ্য কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, যিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর আধুনিকায়ন ও অগ্রযাত্রায় সদস্যদের দেশপ্রেম, পেশাগত দক্ষতা এবং নিরলস প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

প্রশিক্ষণে পেশাগত দক্ষতা ও সার্বিক বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষতা অর্জন করে সেরা চৌকস নাবিক হিসেবে 'নৌপ্রধান পদক' লাভ করেন সেজান মাহমুদ। বাহিনী প্রধান তার হাতে পদক তুলে দেন।

নতুন নাবিকদের এই মাহেন্দ্রক্ষণে তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। সন্তানকে দেশের জন্য উৎসর্গ করতে পেরে তারা অভিভূত। অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২২ সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণের পর, এই ৪৬৭ নতুন নাবিক এখন থেকে আনুষ্ঠানিকভাবে দেশের সমুদ্রসীমার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে যুক্ত হলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর নতুন আমির মাওলানা আবুল হাসান, সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর নতুন আমির মাওলানা আবুল হাসান, সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান

দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২৮ সেশনের জন্য নতুন আমির, সেক্রেটারি ও কর্মপরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। জামায়াতে ইসলামীর আমির হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা আবুল হাসান এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা মুশফিকুর রহমান। সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইসমাইল হোসেন।

শুরা ও কর্মপরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মাওলানা শহীদুল্লাহ্, মাওলানা আঃ রহিম, মাওলানা সাইফুল্লাহ মানসুর, মোঃ শওকত মোড়ল, মোঃ শহিদুল ইসলাম মানিক, এবং মোঃ সাইফুল ইসলাম। নির্বাচিত সদস্যরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, "২০২৭-২০২৮ সেশনের জন্য আমাদের ওপর যে নতুন দায়িত্ব অর্পিত হয়েছে, সেজন্য সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছিÑআলহামদুলিল্লাহ।"

তারা আরও জানান, "একই সাথে সংগঠনের সম্মানিত রুকন ও দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাঁরা আমাদের প্রতি আস্থা রেখেছেন।" তারা বিশ্বাস করেন যে, এই দায়িত্ব কোনো পদমর্যাদা বা গৌরবের বিষয় নয়, বরং এটি একটি বড় আমানত। আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে প্রত্যেককে সর্বোচ্চ ত্যাগ ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

নতুন সেশনে তাদের মূল অঙ্গীকার হবে, "পারস্পরিক পরামর্শ, ভালোবাসা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাব।" সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং মানবকল্যাণমূলক কাজে নিজেদের আরও বেশি সম্পৃক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা নিজেদের নৈতিক মানোন্নয়ন এবং দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রাখবেন। তারা উল্লেখ করেন, "আমরা একা নই; আপনাদের সবার পরামর্শ, সহযোগিতা এবং দোয়া আমাদের চলার পথের প্রধান পাথেয়।" মহান আল্লাহ যেন তাদের সবাইকে এই আমানতের হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ভারতে মুসলিমদের জীবন কি আখের চেয়েও সস্তা?’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


‘ভারতে মুসলিমদের জীবন কি আখের চেয়েও সস্তা?’

ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জে ক্ষেত থেকে আখ তোলার অভিযোগে জমির মালিক ও তার সহযোগীদের বেধড়ক পিটুনিতে ১৪ বছর বয়সী দুই মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত কিশোরদের নাম মোহাম্মদ জায়েদ শাহীদী এবং আশরাফ আলী। নিহতদের পরিবারের অভিযোগ, কেবল মুসলিম হওয়ার কারণে তাদের লক্ষ্যবস্তু বানিয়ে পিটিয়ে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে।

আশরাফ আলী দুই মাস আগে দীর্ঘস্থায়ী অসুস্থতায় মাকে হারিয়েছিল। তিন বড় বোনের একমাত্র ভাই এবং পরিবারের সবার ছোট আশরাফ বারহারিয়ার ‘মাদরাসা দারুল উলুম ফয়জানে ওয়ারিস’ থেকে ইতিমধ্যেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করে হাফেজ হয়েছিল। তার বাবার ভাষ্যমতে, আশরাফের স্বপ্ন ছিল বড় হয়ে তার মাদরাসার শিক্ষকদের মতো হবে এবং অন্য শিশুদের কুরআন শেখাবে। কিন্তু ২৬ নভেম্বর সকালে বিহারের গোপালগঞ্জ জেলার একটি পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। এর একদিন আগেই (২৫ নভেম্বর) একই পুকুর থেকে তার সহপাঠী ১৪ বছর বয়সী মোহাম্মদ জায়েদ শাহীদীর মরদেহ উদ্ধার করা হয়েছিল।

নিহতদের পরিবারের অভিযোগ, গত ২৩ নভেম্বর ক্ষেত থেকে আখ তোলার অপরাধে একদল লোক ওই দুই কিশোরকে ধাওয়া করে নৃশংসভাবে পিটিয়ে আহত করে এবং পরে পুকুরের পানিতে ফেলে দেয়।

আশরাফের বাবা মোহাম্মদ আসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সামান্য একটি আখ তোলার জন্য নিষ্পাপ শিশুদের কেউ এভাবে হত্যা করতে পারে? মুসলিমদের জীবন কি একটি আখের চেয়েও সস্তা? একটি আখের জন্য ওদের পিটিয়ে মেরে ফেলা হলো!” পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে।

সংবাদমাধ্যম ‘মাকতুব’কে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ আসলাম জানান, মাদরাসার বাজার-সদাই কেনার জন্য চাঁদা তুলতে পাঁচজন ছাত্র হারপুর গ্রামে গিয়েছিল। বছরে দুবার তারা এই নিয়মিত কাজটি করত। ফেরার পথে বাঙ্গরা গ্রামের কাছে তাদের ই-রিকশাটি বিকল হয়ে গেলে শিশুরা গাড়ি থেকে নিচে নামে। আসলাম বলেন, “চালক যখন ই-রিকশাটি মেরামত করছিলেন, তখন শিশুরা নিচে নেমে দুষ্টুমির ছলে পাশের আখক্ষেতে ঢুকে পড়ে এবং সেখান থেকে এক-দুটি আখ তোলে।”

ই-রিকশা চালক শিশুদের আখ তুলতে নিষেধ করেছিলেন। কিন্তু এরই মধ্যে জমির মালিক সত্যেন্দ্র পান্ডে তার ছেলেদের এবং স্থানীয় আরও কয়েকজন গ্রামবাসীকে নিয়ে সেখানে উপস্থিত হন এবং শিশুদের ধাওয়া করেন। আসলাম জানান, “তারা শিশুদের ধাওয়া করে ধরে ফেলে এবং নির্মমভাবে পেটাতে থাকে। ই-রিকশা চালককেও বেধড়ক মারধর করা হয়, তবে তিনি কোনোমতে পালিয়ে বাঁচেন। বাকি তিন শিশুও দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।”

পরে চালক মাদরাসা কর্তৃপক্ষকে বিষয়টি জানালে মাদরাসার সেক্রেটারি ও একজন শিক্ষক শিশুদের ছাড়িয়ে আনতে ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু ততক্ষণে জায়েদ ও আশরাফ নিখোঁজ হয়ে যায়।

দুই দিন ধরে তল্লাশি

ছেলেরা ফিরে না আসায় পরিবার ও মাদরাসা কর্তৃপক্ষ খোঁজাখুঁজি শুরু করে। ২৫ নভেম্বর ঝোপঝাড় ও কর্দমাক্ত এলাকায় ঘেরা একটি পুকুরে ড্রোন ব্যবহার করে তল্লাশি চালানোর সময় জায়েদের মরদেহ ভেসে ওঠে। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে একই পুকুর থেকে আশরাফের মরদেহ উদ্ধার করা হয়। পুকুরের মাঝখানে শিশুরা কীভাবে গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আসলাম। তার সন্দেহ, প্রচণ্ড মারধরের পর গুরুতর আহত অবস্থায় অথবা হত্যার পর তাদের পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়েছে।

আসলাম অভিযোগ করেন, তল্লাশি চলাকালীন পুলিশের উপস্থিতিতেই সত্যেন্দ্র পান্ডে তাদের হুমকি দিয়েছিলেন এবং নিজেদের সন্তানদের নিজেদেরই খুঁজে নিতে বলেছিলেন। আসলামের দাবি, “পান্ডের ছেলে আমাকে বলেছিল, বাচ্চাদের এমনভাবে পেটানো হয়েছে যে ওরা যেখানেই থাকুক, সারা জীবন তা মনে রাখবে।”

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “একটি আখের জন্য যদি তারা আমাদের সন্তানদের হত্যা করে, তবে আমি যদি তাদের পুরো ক্ষেত কিনে নিয়ে তাদের হত্যা করি, তারা কি তার জন্য প্রস্তুত? সামান্য একটি আখের জন্য কাউকে খুন করা কীভাবে যুক্তিসঙ্গত হতে পারে?”

মামলা ও পুলিশের বক্তব্য

আসলাম জানান, গত ২৭ নভেম্বর সত্যেন্দ্র পান্ডে, তার ছেলেদের এবং হামলায় জড়িত অন্যদের নাম উল্লেখ করে একটি এফআইআর (মামলা) দায়ের করা হয়েছে। ই-রিকশা চালক এবং বেঁচে যাওয়া তিন ছাত্র হামলাকারীদের শনাক্ত করতে পারবে বলেও তিনি উল্লেখ করেন।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ নভেম্বর রাত ৮টার দিকে থাওয়ে থানা পুলিশ খবর পায় যে বারহারিয়া থানাধীন একটি মাদরাসার পাঁচ ছাত্র হারপুর গ্রামে চাঁদা তুলতে গিয়েছিল, কিন্তু মাত্র তিনজন ফিরে এসেছে। এ ঘটনায় থাওয়ে থানায় একটি মামলা (নং- ২৭০/২৬) রুজু করে তদন্ত শুরু হয়েছে। বাঙ্গরা গ্রামের পান্ডে টোলির কাছে একটি নিচু জলাশয় থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং সব দিক খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

সাম্প্রদায়িকতা ও ঘৃণায় কলুষিত সমাজ

ঘটনার পর সংসদ সদস্য (এমপি) পাপ্পু যাদব মাদরাসাটি পরিদর্শন করেন এবং বিহার সরকার ও মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর কাছে নিহত দুই পরিবারের প্রত্যেককে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। একইসঙ্গে তিনি হত্যাকাণ্ডে জড়িতদের ‘এনকাউন্টার’ অথবা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি তোলেন।

পাপ্পু যাদব বলেন, “সৌভাগ্যবশত বাকি তিনটি শিশু পালিয়ে বেঁচেছে; নইলে ওদের সবাইকেই মেরে ফেলা হতো। বিহারের সমাজ এবং সামগ্রিকভাবে পুরো দেশ সাম্প্রদায়িকতা ও ঘৃণায় কলুষিত হয়ে পড়েছে। পুলিশ প্রশাসনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পক্ষপাতদুষ্ট ও ঘৃণায় পরিপূর্ণ।” তিনি মাদরাসার জন্য ১ লাখ রুপি অনুদানের ঘোষণা দেন এবং দুই পরিবারকে তাৎক্ষণিক ২০ হাজার রুপি করে আর্থিক সহায়তা প্রদান করেন।

শুধু মুসলিম হওয়ার কারণেই এই পরিণতি

আসলামের অভিযোগ, ধর্মীয় পরিচয়ের কারণেই শিশুদের ওপর এই নৃশংসতা চালানো হয়েছে। তারা মাদরাসার ছাত্র ছিল এবং ঘটনার সময় তাদের পরনে পাঞ্জাবি-পায়জামা ও মাথায় টুপি ছিল।

মাকতুবকে আসলাম বলেন, “শুধুমাত্র মুসলিম হওয়ার কারণেই ঘৃণার বশবর্তী হয়ে ওদের হত্যা করা হয়েছে। ওদের পরনে পাঞ্জাবি-পায়জামা ও টুপি ছিল। অন্য কোনো সম্প্রদায়ের শিশু হলে এমনটা কখনোই ঘটত না। যদি কোনো মুসলিমের হাতে অমুসলিম শিশু নিহত হতো, তবে এতক্ষণে মুসলিমদের বাড়িঘরে বুলডোজার চালানো হতো। এখন সেই বুলডোজার কোথায়?”

নিহতদের পরিবার এফআইআরে নাম থাকা সকল আসামির অবিলম্বে গ্রেপ্তার দাবি করেছে। পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে আসলাম বলেন, “আমরা আমাদের ছেলেকে আর ফিরে পাব না, কিন্তু ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমরা চুপ করে বসে থাকব না।” নিহত মোহাম্মদ জায়েদের বাড়ি সিওয়ান জেলায় এবং আশরাফ আলীর বাড়ি বারহারিয়া পুরানি বাজারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতপুর সীমান্তে বিজিবির কঠোর অবস্থান, মাদক ও চোরাচালান প্রতিরোধে সাফল্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


দৌলতপুর সীমান্তে বিজিবির কঠোর অবস্থান, মাদক ও চোরাচালান প্রতিরোধে সাফল্য

দৌলতপুর সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। দক্ষিণ-পশ্চিম রিজিয়নের যশোরে চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে ১৬৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া, মোট ৯৩ কোটি ১৪ লাখ ৬৯ হাজার ২৮৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে নিয়মিত অভিযান, টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীনে ৭টি ব্যাটালিয়ন এবং ১১৬টি বিওপির মাধ্যমে প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে। অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৯.৫৩৮৮ কে.জি. স্বর্ণ, ৫টি আগ্নেয়াস্ত্র, ৯৪.২৫ কে.জি. ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি এবং ১০ রাউন্ড গুলি।

এছাড়া, বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৬৯০ বোতল বিদেশি মদ, ৮.৭৭১ কে.জি. হেরোইন, ২২০.৬৭৬ কে.জি. গাঁজা, ৮৫ হাজার ৬১০ পিস ইয়াবা, ১ হাজার ৯৮৮ বোতল ফেনসিডিল, ৭.০৯৭ কে.জি. ক্রিস্টাল মেথ (আইস), ২৪ হাজার ৯৪৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং ৩ লাখ ৩০ হাজার ৩৮৪ পিস বিভিন্ন প্রকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট অন্তর্ভুক্ত রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কুষ্টিয়া জেলা ও মেহেরপুরের গাংনী উপজেলায় পরিচালিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ২১ জনকে আটক করেছে। এসব অভিযানে ৬ কোটি ৪১ লাখ ৯৩ হাজার ১২১ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়নের অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৯৪.২৫ কে.জি. ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি, ২টি আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ৯ হাজার ২৫০ কে.জি. সার এবং অন্যান্য চোরাচালানি পণ্য।

এছাড়া, ৯৭১ বোতল বিদেশি মদ, ১০৬৬ বোতল ফেন্সিডিল, ১১২.৬২৮ কে.জি. গাঁজা, ১২ গ্রাম হেরোইন, ১১৯ পিস ইয়াবা এবং ১ লাখ ৫১ হাজার ৮৭৮ পিস বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে হ্যালোজেন এবং সার্চ লাইট স্থাপনের মাধ্যমে আলোকিতকরণ, টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ টাস্কফোর্সের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। অন্যদিকে, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যশোর রিজিয়নের আওতাধীন বিজিবি ইউনিটগুলো দায়িত্ব পালন করছে। বিশেষ করে গোপালগঞ্জ জেলার চলমান অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করছেন বিজিবি সদস্যরা।

প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তসংক্রান্ত বিরোধ ও অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি এবং পাচার প্রতিরোধেও বিজিবির কার্যক্রম অব্যাহত রয়েছে। বিজিবি মনে করে, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসন, সাংবাদিক সমাজ ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য।

সীমান্তকে অপরাধমুক্ত রাখতে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপরও গুরুত্ব দিচ্ছে বাহিনীটি। সীমান্ত সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে এই প্রত্যয়কে সামনে রেখে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%