ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ার আহ্বান বাপ্পির


অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ার আহ্বান বাপ্পির

খুলনা জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি মন্তব্য করেছেন, দেশে অরাজকতা, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের কোনো প্রকার বরদাশত করা হবে না। যেখানে অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটবে, সেই স্থানে তা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তুলতে হবে।

তিনি উল্লেখ করেন, ভারতের মাটিতে বসে যারা দেশের শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত করার ষড়যন্ত্র করছে, তাদের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। যারা সাধারণ মানুষের জানমাল এবং ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগাচ্ছে, তাদের চিহ্নিত করে পুলিশের হাতে সোপর্দ করতে হবে। প্রতিটি অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বাপ্পি বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার, নিরাপত্তা ও কল্যাণের পক্ষে রাজনীতি করে এসেছে। দেশের মানুষের বিপদে বিএনপির নেতাকর্মীরা অতীতেও জনগণের পাশে ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। জনগণের জানমাল রক্ষা করা শুধুমাত্র প্রশাসনের দায়িত্ব নয়, এটি আমাদের সকলের সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের ক্ষতি করতে না পারে, সেই বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।

আরও পড়ুন: কলাপাড়ায় হাঁস পালন ও সবজি চাষে ২৪৪ পরিবার স্বাবলম্বী

তিনি আরও বলেন, আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা হরণ করেছে। জনগণের অধিকার কেড়ে নেওয়ার কারণে একসময় মানুষ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ তাদের অন্যায়ের জবাব দিয়েছে। বিএনপি জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। দেশের শান্তি, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ বছরেও রাস্তা না থাকায় মরদেহ ফসলের জমি দিয়ে নিতে হলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


২০ বছরেও রাস্তা না থাকায় মরদেহ ফসলের জমি দিয়ে নিতে হলো

বগুড়ায় সাবেক পুলিশ সদস্যের মরদেহ কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় রাস্তা না থাকায় স্বজনরা ভোগান্তিতে পড়েছেন। পরে ফসলি জমির মধ্য দিয়ে মরদেহ নিয়ে যাওয়া হয়।

রোববার (২৯ নভেম্বর) এই সমস্যার সম্মুখীন হন বগুড়া মহানগরীর সাবগ্রাম এলাকার ফজলুল হকের পরিবার। তাদের অভিযোগ, প্রতিবেশীরা জায়গা না ছাড়ায় সরু গলি দিয়ে মরদেহ নেয়া সম্ভব হয়নি। প্রায় ২০ বছর ধরে রাস্তার অভাবে তারা ভোগান্তির শিকার হচ্ছেন।

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ফজলুল হক সাবগ্রাম এলাকার বাসিন্দা। ১৯৯৩ সালে তিনি এখানে বসতবাড়ি নির্মাণ করেন। শনিবার (২৮ নভেম্বর) রাতে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। রোববার সকালে মরদেহ দাফন করতে গিয়ে পরিবারের সদস্যরা এই প্রতিবন্ধকতার সম্মুখীন হন। পরে ফসলের জমি মাড়িয়ে একই এলাকার পারিবারিক কবরস্থানে মরদেহ নেয়া হয়। দুপুরে সেখানে দাফন সম্পন্ন হয়।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, এই এলাকা একসময় সাবগ্রাম ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে ২০০৬ সালের পর বগুড়া পৌরসভার সীমানা সম্প্রসারণের ফলে এটি ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত হয়। ফজলুল হকের বাড়ির দক্ষিণে মো. বকুল ও মো. মিঠু হোসেনের বাড়ি রয়েছে। প্রায় ২০ বছর আগে বকুল বাড়ি নির্মাণ করেন এবং সে সময় পৌরসভার নিয়ম অনুযায়ী কোনো জায়গা ছাড়েননি। পরবর্তীতে ২০০৯-১০ সালের দিকে মিঠু বাড়ি নির্মাণ করেন, তিনিও একইভাবে জায়গা না ছেড়ে ঘর তোলেন।

বর্তমানে দুটি বাড়ির মাঝের গলিটি মাত্র দেড় ফুট জায়গা রয়েছে। এই সরু গলির মধ্যে দিয়ে অন্তত ১২ ঘরের মানুষদের যাতায়াত করতে হয়।

স্থানীয়রা জানান, এই বিষয়ে পৌরসভা ও কাউন্সিলরের সঙ্গে বিভিন্ন সময় আলোচনা হয়েছে, কিন্তু কোনো সমাধান আসেনি। সবশেষ ফজলুল হক মারা গেলে তার মরদেহ বের করার সময় সমস্যায় পড়তে হয়।

ফজলুল হকের ছেলে কবির হোসেন বলেন, ‘বাড়ি নির্মাণের সময় তারা বলেছিলেন যে রাস্তা দেবেন। কিন্তু সেটা তো করেননি, উল্টো পায়ে হাঁটার রাস্তা আরও সরু করে দিয়েছে। আজ আমার বাবা মারা যাওয়ার পর মরদেহ বের করতে পারি না। খাটিয়া বাড়ির ছাদ দিয়ে তুলে ভিতরে আনতে হয়েছে।’

সিটি করপোরেশনের কাছে সমাধানের দাবিতে কবিরের চাচাতো ভাই সৌরভ জানান, এর চেয়ে দুঃখের বিষয় কি হতে পারে? একজন মানুষের মরদেহ বহনের খাটিয়া আনা যায় না এই রাস্তায়। এটা ইচ্ছাকৃতভাবে রাস্তার জায়গা না দেয়ার কারণে এমন হয়েছে। নগর কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন সমস্যার সমাধান যেন দ্রুত করা হয়।

‎

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, ‘নগর কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে। এ ছাড়া বগুড়া সিটি করপোরেশনের মাস্টার প্ল্যান ও বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ কাজ শুরু করলে এ ধরনের সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর আগমনে দৌলতপুরে বিএনপির আনন্দ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর আগমনে দৌলতপুরে বিএনপির আনন্দ মিছিল

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিল্প শহর আল্লারদর্গায় বিএনপির উদ্যোগে রোববার সন্ধ্যায় আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভাগমন উপলক্ষ্যে আনন্দ মিছিল ও বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির অন্যতম নেতা সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার ছোট ভাই মোঃ শামীম রেজা মোল্লা। বক্তৃতার সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সেক্রেটারি আলহাজ্ব বিল্লাল হোসেন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ শের আলী সবুজ, অধ্যাপক মোঃ আতাউর রহমান, মোঃ মাবুর রহমান লসকর, আলহাজ্ব গোলাম মোস্তফা, মোঃ আরিফুল ইসলাম আরিফ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রাশেদুল হক শামীম, মোঃ মাহবুবুর রহমান, মণি লস্কর, মোঃ শফিকুর রহমান শফি, ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাসুদুজ্জামান রুবেল, ছাত্রদল নেতা মোঃ মিঠু শেখ, এবং মোঃ সুজন রহমান।

বক্তারা আওয়ামী লীগের নানা অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। আয়োজিত সমাবেশে ও আনন্দ মিছিলে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যোগদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গঙ্গা চুক্তি নবায়নে ভারতকে চিঠি পাঠালো বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


গঙ্গা চুক্তি নবায়নে ভারতকে চিঠি পাঠালো বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানিবণ্টন চুক্তির নবায়ন সংক্রান্ত বিষয়ে ভারতকে একটি চিঠি পাঠিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

আজ রবিবার (২৯ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উল্লেখ করেন, বাংলাদেশ নতুন চুক্তির পরিবর্তে বিদ্যমান গঙ্গা পানি বণ্টন চুক্তিটি নবায়ন করতে চায়। তিনি জানান, আলোচনার জন্য ঢাকা প্রস্তুত রয়েছে এবং দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে অমীমাংসিত বিষয়গুলো সমাধান হবে।

তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী এবং বাংলাদেশ ও ভারতের জন্য গঙ্গা চুক্তির গুরুত্ব ভারত জানে।

শামা ওবায়েদ আশা প্রকাশ করেন, ভারত রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বাংলাদেশের চিঠির জবাব দেবে। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে আলোচনা শুরু করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিদ্যমান চুক্তি নবায়ন হবে নাকি নতুন চুক্তি হবে—এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, আলোচনা শুরু হওয়ার আগে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। দুই পক্ষের আলোচনা মাধ্যমেই বিষয়টি নির্ধারিত হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ চায় বিদ্যমান চুক্তিটি পুনরায় নবায়ন হোক। নতুন চুক্তির বিষয়টি বর্তমানে আলোচনায় নেই।

তিনি আরও বলেন, বাংলাদেশ ইতিমধ্যে ভারতকে চিঠি পাঠিয়েছে এবং এখন ভারতের পক্ষ থেকে আলোচনায় বসার জন্য সাড়া দেওয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ ২৩ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


কক্সবাজারে পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ ২৩ জন গ্রেপ্তার

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে ২৩ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে রয়েছে এক শীর্ষ সন্ত্রাসী। গত ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাইকারী ও অপরাধীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে এই অভিযান পরিচালিত হয়।

রোববার (২৯ নভেম্বর) কক্সবাজার সদর মডেল থানা পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন শীর্ষ সন্ত্রাসী রয়েছে, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় দুজন, মাদক সেবনের অভিযোগে ১৩ জন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ছয়জন এবং নিয়মিত মামলার একজন আসামি অন্তর্ভুক্ত রয়েছে।

গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসীর নাম সাইফুল ইসলাম হৃদয় (২৮)। তিনি কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাহারছড়ার আবদুল গফুরের পুত্র। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে হত্যা, আত্মহত্যায় প্ররোচনা, মারামারি, অস্ত্র দিয়ে আঘাত, হত্যাচেষ্টা এবং চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে তিনটি মামলা রয়েছে। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তারকৃত দুজন হলেন উখিয়ার জালিয়াপালংয়ের ছেংছড়ি এলাকার মো. ইউনুছ (২৩) এবং বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আবদুল্লাহ (২২)।

মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ১৩ জনের মধ্যে রয়েছেন—কক্সবাজার সদরের পশ্চিম লাহারপাড়ার মো. কাদের (২৫), পৌরসভার পেশকারপাড়ার মহিন উদ্দিন ওরফে মহিম (৩২), ঝিলংজার দরিয়ারগরের সালমান হাসান ওরফে রফিক (২৭), পৌরসভার সমিতিপাড়ার এরশাদুল্লাহ (২০), ঝিলংজার কলাতলী চন্দ্রিমা মাঠ এলাকার মবিনুল ইসলাম (২৭), নুর হাসান (১৯), রিদওয়ান (২০), মোহাম্মদ জসিম উদ্দিন (২০), খাইরুল বাশার (৩১) ও মো. হোছেন (৩২), চকরিয়ার পূর্ব বড় ভেওলার মো. নিশাদ বিন কাশেম (২৩), পৌরসভার পূর্ব পাহাড়তলীর জসিম উদ্দিন (৩৪) এবং জানারঘোনা এলাকার নুরুল ইসলাম (২১)।

অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হওয়া ছয়জন হলেন—দক্ষিণ রুমালিয়ারছড়ার মো. সালেহ (৪০), বাহারছড়ার শাহীনা আক্তার, সাহিত্যিকা পল্লীর রফিকুল ইসলাম, পিএমখালীর আবচার (২৭), ঝিলংজার চন্দ্রিমা মাঠ এলাকার শাহেদ (২২) ও আরিফ ওরফে বাবু (১৯)।

এছাড়া, নিয়মিত মামলায় পশ্চিম বাহারছড়ার আবদুল গফুর (৫০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%