০৮:৩৪ পি.এম
বগুড়ায় সাবেক পুলিশ সদস্যের মরদেহ কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় রাস্তা না থাকায় স্বজনরা ভোগান্তিতে পড়েছেন। পরে ফসলি জমির মধ্য দিয়ে মরদেহ নিয়ে যাওয়া হয়।
রোববার (২৯ নভেম্বর) এই সমস্যার সম্মুখীন হন বগুড়া মহানগরীর সাবগ্রাম এলাকার ফজলুল হকের পরিবার। তাদের অভিযোগ, প্রতিবেশীরা জায়গা না ছাড়ায় সরু গলি দিয়ে মরদেহ নেয়া সম্ভব হয়নি। প্রায় ২০ বছর ধরে রাস্তার অভাবে তারা ভোগান্তির শিকার হচ্ছেন।
অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ফজলুল হক সাবগ্রাম এলাকার বাসিন্দা। ১৯৯৩ সালে তিনি এখানে বসতবাড়ি নির্মাণ করেন। শনিবার (২৮ নভেম্বর) রাতে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। রোববার সকালে মরদেহ দাফন করতে গিয়ে পরিবারের সদস্যরা এই প্রতিবন্ধকতার সম্মুখীন হন। পরে ফসলের জমি মাড়িয়ে একই এলাকার পারিবারিক কবরস্থানে মরদেহ নেয়া হয়। দুপুরে সেখানে দাফন সম্পন্ন হয়।
আরও পড়ুন: করাচিতে বাংলাদেশি মাদরাসা শিক্ষার্থীদের সম্মাননা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, এই এলাকা একসময় সাবগ্রাম ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে ২০০৬ সালের পর বগুড়া পৌরসভার সীমানা সম্প্রসারণের ফলে এটি ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত হয়। ফজলুল হকের বাড়ির দক্ষিণে মো. বকুল ও মো. মিঠু হোসেনের বাড়ি রয়েছে। প্রায় ২০ বছর আগে বকুল বাড়ি নির্মাণ করেন এবং সে সময় পৌরসভার নিয়ম অনুযায়ী কোনো জায়গা ছাড়েননি। পরবর্তীতে ২০০৯-১০ সালের দিকে মিঠু বাড়ি নির্মাণ করেন, তিনিও একইভাবে জায়গা না ছেড়ে ঘর তোলেন।
বর্তমানে দুটি বাড়ির মাঝের গলিটি মাত্র দেড় ফুট জায়গা রয়েছে। এই সরু গলির মধ্যে দিয়ে অন্তত ১২ ঘরের মানুষদের যাতায়াত করতে হয়।
স্থানীয়রা জানান, এই বিষয়ে পৌরসভা ও কাউন্সিলরের সঙ্গে বিভিন্ন সময় আলোচনা হয়েছে, কিন্তু কোনো সমাধান আসেনি। সবশেষ ফজলুল হক মারা গেলে তার মরদেহ বের করার সময় সমস্যায় পড়তে হয়।
ফজলুল হকের ছেলে কবির হোসেন বলেন, ‘বাড়ি নির্মাণের সময় তারা বলেছিলেন যে রাস্তা দেবেন। কিন্তু সেটা তো করেননি, উল্টো পায়ে হাঁটার রাস্তা আরও সরু করে দিয়েছে। আজ আমার বাবা মারা যাওয়ার পর মরদেহ বের করতে পারি না। খাটিয়া বাড়ির ছাদ দিয়ে তুলে ভিতরে আনতে হয়েছে।’
আরও পড়ুন: কক্সবাজারে পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ ২৩ জন গ্রেপ্তার
সিটি করপোরেশনের কাছে সমাধানের দাবিতে কবিরের চাচাতো ভাই সৌরভ জানান, এর চেয়ে দুঃখের বিষয় কি হতে পারে? একজন মানুষের মরদেহ বহনের খাটিয়া আনা যায় না এই রাস্তায়। এটা ইচ্ছাকৃতভাবে রাস্তার জায়গা না দেয়ার কারণে এমন হয়েছে। নগর কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন সমস্যার সমাধান যেন দ্রুত করা হয়।
বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, ‘নগর কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে। এ ছাড়া বগুড়া সিটি করপোরেশনের মাস্টার প্ল্যান ও বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ কাজ শুরু করলে এ ধরনের সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে।’
আরও পড়ুন: প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন