ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং
সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা ?


ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা ?

বিশ্বকাপের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার পূর্বে পরিসংখ্যান এবং প্রযুক্তির হিসাব বলছে, একটাই কথা, ব্রাজিলই এগিয়ে। তবে এটি মনে রাখতে হবে যে ফুটবল একটি অনিশ্চিত খেলা এবং সেটাও ভুলে যাচ্ছে না কেউ।

গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ডরক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় এই ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে রয়েছে, কারণ দুই দলের সামনে রয়েছে ভিন্ন ভিন্ন লক্ষ্য।

অভিজ্ঞতা ও পরিসংখ্যানের দিক থেকে ব্রাজিল এগিয়ে থাকলেও, প্রথমবার নকআউটে ওঠার স্বপ্ন নিয়ে লড়াই করবে স্কটল্যান্ড। এর মধ্যে ম্যাচের সম্ভাব্য ফলাফল নিয়ে পূর্বাভাস দিয়েছে অপ্টার সুপার কম্পিউটার।

আরও পড়ুন: গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

২৫,০০০ সিমুলেশনের ভিত্তিতে করা বিশ্লেষণে দেখা গেছে, ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৬৯.৬ শতাংশ। বিপরীতে স্কটল্যান্ডের জয়ের সম্ভাবনা মাত্র ১২.২ শতাংশ। আর ড্রয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৮.২ শতাংশ।

গ্রুপ সি-তে অন্তত তৃতীয় স্থান নিশ্চিত করেছে স্কটল্যান্ড। শেষ ম্যাচে এক পয়েন্ট পেলেই তাদের নকআউটের পথ সহজ হয়ে যাবে। এমনকি অল্প ব্যবধানে হারলেও অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে তাদের সুযোগ থাকতে পারে।

টুর্নামেন্টে স্কটল্যান্ড শুরু করেছিল হাইতির বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে। তবে পরবর্তী ম্যাচে মরক্কোর কাছে একই ব্যবধানে হেরে যায় তারা। ফলে শেষ ম্যাচে ভালো কিছু করতেই হবে তাদের।

অন্যদিকে, ব্রাজিল এখন বেশ আত্মবিশ্বাসী রয়েছে। মরক্কোর সঙ্গে ১-১ ড্রয়ের পর হাইতিকে ৩-০ গোলে হারিয়ে শক্ত অবস্থানে আছে দলটি। সেই ম্যাচে কুনহা ও ভিনিসিয়ুসের গোল ব্রাজিলকে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা দলের তালিকায় জার্মানির ওপরে তুলে দিয়েছে। তাদের মোট গোল এখন ২৪১টি।

আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে ফলো-অন করিয়ে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

ইতিহাসও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ১৯৭৪ সালের পর থেকে ব্রাজিল তিনটি জয় ও একটি ড্র করেছে।

এই ম্যাচে ব্রাজিলের আক্রমণভাগ আরও শক্তিশালী হতে পারে নেইমার জুনিয়রের ফেরায়। যা স্কটল্যান্ডের জন্য বাড়তি চিন্তার কারণ হতে পারে।

স্কটল্যান্ডের হয়ে নজর থাকবে বেন গ্যানন ডোকার ও লুইস ফার্গুসনের দিকে। বিশেষ করে মাঝমাঠে ফার্গুসনের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ হতে পারে।

সবে মিলে, পরিসংখ্যান ব্রাজিলকে এগিয়ে রাখলেও, মাঠের লড়াইয়ে সবকিছু নির্ভর করবে পারফরম্যান্সের ওপর।

আরও পড়ুন: ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে পড়ল বাংলাদেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৯ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


২৯ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

দীর্ঘ ২৯ দিন পর দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট এবং ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিট চালু রয়েছে। প্রথম ইউনিট থেকে বর্তমানে প্রায় ৫০ মেগাওয়াট এবং তৃতীয় ইউনিট থেকে ২০০-২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক। তিনি জানান, ৩য় ইউনিটটি আবার সচল করা সম্ভব হয়েছে। আশা করছি, এটি থেকে নিয়মিতভাবে আরও বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাবে। বুধবার তৃতীয় ইউনিট থেকে ২০০-২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে যোগ হয়েছে।

জানা যায়, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে গত ২৫ মে বন্ধ হয়ে যায়। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে ২০২৪ সালের ১ নভেম্বর থেকে দীর্ঘ সময় বন্ধ ছিল ইউনিটটি। ২০১৭ সালের শুরুর দিকে স্থাপিত এই ইউনিটটি প্রায় আট বছর সচল থাকার পর একাধিকবার যান্ত্রিক জটিলতায় উৎপাদন ব্যাহত হয়েছে।

উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে মোট তিনটি ইউনিট রয়েছে। ১ মে মেরামত কাজ শেষে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নং ইউনিটটি পুনরায় চালু করা হয়েছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে দ্বিতীয় ইউনিটটি (১২৫ মেগাওয়াট) ২০২০ সাল থেকে সম্পূর্ণ বন্ধ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

'ফিটনেসবিহীন ও অকেজো যানবাহন চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে'

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


ট্রাফিক আইন ও গতিসীমা নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নের পাশাপাশি সড়কের বাম পাশের লেন সচল রাখা, উল্টো পথে যানবাহন চলাচল বন্ধ করা এবং নির্ধারিত স্থান ব্যতীত গাড়ি থামানো বন্ধে ট্রাফিক পুলিশকে আরও সক্রিয় ভুমিকা পালনের জন্য আহ্বান জানাচ্ছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান।

বুধবার রাজধানীর একটি হোটেলে ঢাকায় গতিসীমা নিয়ন্ত্রণ নির্দেশিকার কার্যকর বাস্তবায়নের মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব বলেন। সড়ক নিরাপত্তায় বৈশ্বিক উদ্যোগ হিসেবে ‘ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস)’ এর আওতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করেছে।

আনিছুর রহমান বলেন, ঢাকার ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে শিগগিরই প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা, ২০ বছরের অধিক পুরোনো, ফিটনেসবিহীন ও অকেজো যানবাহন চলাচল বন্ধ করার লক্ষ্যে এবং যত্রতত্র গাড়ি থামানোর ব্যবস্থা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এতে সড়কে যানজট কমার পাশাপাশি দুর্ঘটনাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া যানবাহনে জিপিএস সিস্টেম চালুর পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেছেন।

ট্রাফিক আইন ও নির্ধারিত গতিসীমা মেনে চলার পাশাপাশি বাম লেন সচল রাখা এবং যত্রতত্র গাড়ি থামানো বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, চালক, মালিক ও সকল সড়ক ব্যবহারকারীর সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই নগরীর সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানে ডিএমপি’র যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক-ঢাকা উত্তর) আ স ম শামসুর রহমান ভূঁঞা বলেন, বিআইজিআরএস-এর আওতায় গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপের সহায়তায় ডিএমপি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বিমানবন্দর সড়ক, ৩০০ ফিট সড়ক এবং লেক রোড, এই তিনটি সড়কে পাইলট প্রকল্পের মাধ্যমে সড়ক নিরাপত্তার কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এসব সড়কে গতিসীমা নিয়ন্ত্রণের পাশাপাশি সড়ক নিরাপত্তার অন্যান্য বিষয়ও নিয়মিত তদারকি করা হবে।

বিআইজিআরএস কোঅর্ডিনেটর ও অতিরিক্ত সচিব (অব.) আবদুল ওয়াদুদ বলেন, দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও হতাহতের সংখ্যা কমিয়ে আনার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানবাহনভেদে সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করেছে। সিটি কর্পোরেশন এলাকায় এক্সপ্রেসওয়ে, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে যানবাহনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪০ কিলোমিটার এবং অন্যান্য সড়কে ঘণ্টায় ৩০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। শহর এলাকায় মোটরসাইকেলের জন্য সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০ কিলোমিটার। এসময় সড়ক দূর্ঘটনাসংশ্লিষ্ট অডিওভিজ্যুয়াল চিত্র উপস্থাপন, গ্রাফ এবং বিভিন্ন দেশের গবেষণালব্ধ তথ্যের মাধ্যমে অতিরিক্ত গতির কারণে সৃষ্ট ঝুঁকিগুলো তুলে ধরা হয়।

আবদুল ওয়াদুদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির যুগ্ন-পুলিশ কমিশনার (ট্রাফিক-ঢাকা উত্তর) আ স ম শামসুর রহমান ভূঁঞা ও উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) মিনা মাহমুদা। অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন জিআরএসপির সিনিয়র রোড পুলিশিং উপদেষ্টা পিটার জোনস এবং ডিএনসিসি, ভাইটাল স্ট্রাটেজিস, ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট, বিআইজিআরএস এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। এছাড়া ডিএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহারে শুল্কমুক্ত সুবিধা চান বস্ত্রকল মালিকেরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


মার্কিন তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহারে শুল্কমুক্ত সুবিধা চান বস্ত্রকল মালিকেরা

বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত একটি বাণিজ্য চুক্তির একটি বিশেষ ধারা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

এই ধারা কার্যকর হলে মার্কিন তুলা এবং কৃত্রিম তন্তু বা Man-Made Fibre (MMF) দিয়ে তৈরি বাংলাদেশের পোশাকগুলি যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে।

বুধবার রাজধানীর গুলশানে বিটিএমএ কার্যালয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদলের সঙ্গে বস্ত্রকল মালিকদের অধিবেশন অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল এই বাণিজ্যিক সুবিধাটি দ্রুত চালুর জন্য আহ্বান জানান।

এসময় বিটিএমএ’র পরিচালক চৌধুরী মো. হানিফ সোয়েব, প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ, মির্জা আহমেদ ইস্পাহানী এবং রুবায়েত হায়দার উপস্থিত ছিলেন। এছাড়া বিটিএমএ’র সাবেক পরিচালক মো. মাসুদ রানা এবং প্রকৌশলী রাজীব হায়দারও বৈঠকে অংশগ্রহণ করেন।

মার্কিন প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে মার্কিন দূতাবাসের পলিটিকাল-ইকোনমিক কাউন্সেলর এরিক গিলান, অ্যাগ্রিকালাচাল অ্যাটাচে এরিন কভার্ট এবং পলিটিকাল-ইকোনমিক কর্মকর্তা চার্লস বেসনার্ড উপস্থিত ছিলেন।

বৈঠকে বিটিএমএ সভাপতি বাংলাদেশের প্রাইমারি টেক্সটাইল শিল্পের টেকসই উন্নয়ন, বৈশ্বিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি, এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ-পরবর্তী সময়ে রপ্তানি সক্ষমতা জোরদারে বিটিএমএ’র অবদান তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের প্রধান ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প হিসেবে বিটিএমএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সভায় বিটিএমএ সভাপতি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান বাণিজ্য সহযোগিতাটি আরও সম্প্রসারণের লক্ষ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির ধারা ৫.৩-এর দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এ ধারার আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা ও ম্যান-মেড ফাইবার ব্যবহার করে বাংলাদেশে উৎপাদিত তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা প্রদানের বিষয়টি উল্লেখ রয়েছে।

বিটিএমএ’র মতে, এই সুবিধা কার্যকর হলে বাংলাদেশি রপ্তানিকারকরা আন্তর্জাতিক বাজারে অধিক প্রতিযোগিতামূলক অবস্থান অর্জন করবে, এবং একই সঙ্গে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের তুলা ও ম্যান-মেড ফাইবার রপ্তানিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এটি উভয় দেশের জন্য পারস্পরিকভাবে লাভজনক হবে। তবে চুক্তি স্বাক্ষরের পরও এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শিল্প উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিটিএমএ সভাপতি ধারা ৫.৩-এর দ্রুত বাস্তবায়নে মার্কিন পক্ষের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণ, টেক্সটাইল ও সংশ্লিষ্ট শিল্পখাতে অংশীদারত্ব জোরদার, মার্কিন তুলার ব্যবহার বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া সেন্ট্রাল ওয়্যার হাউজের দ্রুত বাস্তবায়ন এবং মার্কিন তুলা ও ম্যান-মেড ফাইবার ব্যবহার করে উৎপাদিত বাংলাদেশি টেক্সটাইল ও পোশাকপণ্যের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে অধিকতর বাজারসুবিধা নিশ্চিতকরণের বিষয়েও উন্মুক্ত ও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাগড়াছড়িতে ইউপিডিএফের দুই সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


খাগড়াছড়িতে ইউপিডিএফের দুই সদস্য নিহত

খাগড়াছড়ির রামগড় এবং দীঘিনালা উপজেলার পৃথক দুটি ঘটনায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত গ্রুপ) দুই সদস্য মারা গেছেন।

বুধবার, ২৪ জুন, সকালে রামগড় উপজেলার তৈকাথান এলাকায় প্রথম গোলাগুলির ঘটনা ঘটে। রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলির সময় একজন মারা যান এবং দীঘিনালায় দুর্বৃত্তদের গুলিতে অপর একজন নিহত হন। এছাড়াও, গুলিবিদ্ধ অবস্থায় আরও একজনকে আটক করা হয় এবং একটি একে-৪৭ রাইফেল উদ্ধার হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। টহল দলটিকে লক্ষ্য করে সশস্ত্র ব্যক্তিরা গুলি ছোঁড়ে। এতে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

ওই ঘটনায় ঘটনাস্থলে ইউপিডিএফের সদস্য ববিন ত্রিপুরা (৩২) মারা যান। গুলিবিদ্ধ অবস্থায় আরেক ইউপিডিএফ কর্মী মংসানু মারমা ওরফে জীবন (২৯) আটক হন এবং ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে পুলিশ।

অন্যদিকে, একই দিন দুপুরে দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের মুড়োপাড়া চৌমুহনী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে সুজন চাকমা (৪৮) নামে অপর একজন ইউপিডিএফ সদস্য নিহত হন। জানা যায়, সাংগঠনিক কাজে তিনি স্থানীয় একটি দোকানে ছিলেন। সেই সময় কয়েকজন অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।

দীঘিনালার হত্যাকাণ্ডের ঘটনায় ইউপিডিএফ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস-সন্তু লারমা গ্রুপ) দায়ী করেছে। তবে এ বিষয়ে জেএসএস-এর কোনো বক্তব্য পাওয়া যায়নি। এক বিবৃতিতে, ইউপিডিএফ ববিন ত্রিপুরাকে নিজেদের সাধারণ কর্মী বলে দাবি করেছে।

রামগড় ও দীঘিনালা থানার পুলিশ পৃথকভাবে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উভয় ঘটনার তদন্ত চলছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%