০৭:৪২ পি.এম
নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার ঘটনা নিয়ে উত্তেজনা সৃষ্টি হওয়ায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসআরবি, অতিরিক্ত পুলিশ এবং থানা পুলিশের সমন্বয়ে বিভিন্ন স্থানে টহল অব্যাহত রয়েছে।
এদিকে সহিংসতায় নিহত কালিয়া উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম ও উপজেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানার হত্যার বিচারের দাবিতে আনুমানিক চার থেকে পাঁচ হাজার মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই মিছিলে অংশ নেন।
শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিছিলটি বের করা হয়। মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: ঘুমের মাঝে আগুনে ৩ বছরের আনাসের মৃত্যু, দগ্ধ ২ বছরের বোন হাসপাতালে
স্থানীয় পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় প্রায় ১৬ জন এসআরবি সদস্য, ৪৫ জন অতিরিক্ত পুলিশ সদস্য এবং থানা পুলিশের ৬০ সদস্য মোতায়েন রয়েছে বলে জানা গেছে। বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে। পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের কালিয়ার বড় কালিয়াসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করতে দেখা গেছে।
নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম মন্তব্য করেছেন, "এআই দিয়ে তৈরি ভিডিওচিত্র ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সমর্থকেরা কালিয়াকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। যারা এ ধরনের অপপ্রচারে জড়িত, তারা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।"
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, বেন্দারচর গ্রামের লোকজন ধীরে ধীরে বাড়িঘরে ফিরছেন এবং নিজেদের সংসার গোছানোর কাজে ব্যস্ত রয়েছেন। তিনি দাবি করেন, বড় কালিয়ায় কোনো হিন্দু পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম জানিয়েছেন, কালিয়ায় দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: বিএনপির মতো দল করবেন না, আওয়ামী লীগের মতো কথা বলবেন না: জহির উদ্দিন স্বপন
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু বলেন, "সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণ মাধ্যমে হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগের বিষয়ে যেসব তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বিষয়টি তদন্ত করলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।" তিনি দাবি করেন, কালিয়ায় হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর কোনো হামলা হয়নি এবং তাঁরা স্বাভাবিকভাবে ব্যবসা-বাণিজ্য করছেন।
এদিকে দুই বিএনপি নেতা হত্যার ঘটনায় বেন্দারচর গ্রামের দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে শুক্রবার সকাল ১১টার দিকে নিহত দুই নেতার কবর জিয়ারত করতে কালিয়ায় আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ স্থানীয় বিএনপির নেতারা।
অগ্নিসংযোগ ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা অনুসন্ধান করতে গিয়ে বেন্দারচর গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার চিহ্ন দেখা যায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুই নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন। তবে এ বিষয়ে স্থানীয়দের বক্তব্যের স্বাধীনভাবে যাচাই করা যায়নি। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: কোম্পানীগঞ্জে টিসিবি পণ্য বিতরণে ওজনে কারচুপির অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন