ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আবাসিক হোটেলে ঢুকে দরজা বন্ধ করেন বৃদ্ধ, পরে রহস্যজনক ঘটনা


আবাসিক হোটেলে ঢুকে দরজা বন্ধ করেন বৃদ্ধ, পরে রহস্যজনক ঘটনা

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার একটি আবাসিক হোটেল থেকে মো. ইলিয়াছ কাজী (৬৫) নামে একজন বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে হাজীগঞ্জ থানা পুলিশ মাতৃমায়া নামের ওই হোটেলের কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে।

ইলিয়াছ কাজী ফরিদগঞ্জ উপজেলার ৫ নম্বর গুপ্টি ইউনিয়নের কাজী বাড়ির আদম আলী কাজীর ছেলে।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে দোকানিকে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগ: দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, রাজনৈতিক প্রতিহিংসার দাবি বিদ্যুতের

ইলিয়াছ কাজীর ছেলে মাহদী হাসান জানান, তার বাবা গত ৮ জুন থেকে নিখোঁজ রয়েছেন। আত্মীয় স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করার পর ১২ জুন ফরিদগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। পরে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) থেকে খবর পান হাজীগঞ্জে অজ্ঞাত এক মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর থানায় গিয়ে বাবার মরদেহটি শনাক্ত করেন।

হোটেলের মালিক ফারুক হোসেন লিটন জানান, শুক্রবার সন্ধ্যায় মো. ইলিয়াছ কাজী হোটেলে উঠেন। এরপর শনিবার দুপুর আড়াইটা পর্যন্ত রুমের দরজা বন্ধ থাকায় এবং কিছুবার নক করেও কোনো সাড়া শব্দ না পেয়ে থানায় ফোন করেন। কিছুক্ষণ পরেই থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এসে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মান্নান বলেন, বিকেল পর্যন্ত একাধিক বার দরজা নক করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে মাতৃমায়া আবাসিক হোটেলের ম্যানেজার রায়হান হোটেল মালিক ফারুক হোসেন লিটনকে বিষয়টি জানান। পরে লিটনের থানায় ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। এরপর অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইলিয়াস কাজী কীটনাশক পান করে মৃত্যু বরণ করেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যু কিভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে। থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকবিরোধী অভিযানে ২২০০ ইয়াবাসহ দুইজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১০:৪৬ এম


মাদকবিরোধী অভিযানে ২২০০ ইয়াবাসহ দুইজন আটক

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৯টায় উপজেলার সিরাজদিখান বাজার এলাকার থানা রোড মোড়ে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি দল এসআই মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় শরিফ দেওয়ান (৩৫) ও মো. জাকির শেখ (৫২) নামে দুইজনকে আটক করা হয়। পরে, তাদের কাছ থেকে ২২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত শরিফ দেওয়ান টঙ্গীবাড়ী উপজেলার আমতলী এলাকার বাসিন্দা এবং মো. জাকির শেখ আউটশাহী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল জানান, মুন্সীগঞ্জ জেলায় মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, বাতাসের গতি ৬০ কিমি পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১০:৫১ এম


দেশের ১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, বাতাসের গতি ৬০ কিমি পর্যন্ত

দেশের ১০টি জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (১৪ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের প্রদানকৃত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। সেজন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া সংক্রান্ত সংস্থাটির অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে চলতি সপ্তাহজুড়ে এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মায়ের মরদেহ হস্তান্তরের আগে ছেলেকে শাস্তিমূলক ব্যবস্থা, ওঠবস করালেন চিকিৎসকরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১০:৫৪ এম


মায়ের মরদেহ হস্তান্তরের আগে ছেলেকে শাস্তিমূলক ব্যবস্থা, ওঠবস করালেন চিকিৎসকরা

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসকদের এবং রোগীর স্বজনদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠে এসেছে।

এই ঘটনার প্রেক্ষিতে, ওই রোগীর লাশ আটকে রাখেন চিকিৎসকরা। তারা জরুরি বিভাগের কার্যক্রম তিন ঘণ্টা বন্ধ রেখে রাখেন। তারপর মৃতের ছেলে রিফাত হোসেনকে ডেকে আনা হয় এবং তার মায়ের মরদেহ ফেরত দেওয়ার শর্তে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের একটি কক্ষে কান ধরে ওঠবস করানো হয়। এরপর চিকিৎসকরা রিফাতকে মায়ের মরদেহ ফেরত দেন। এই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। মৃতের ছেলেকে কান ধরে ওঠবস করানো এবং মরদেহ আটকে রাখার ঘটনার বিরুদ্ধে স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করেছেন।

স্বজনদের এবং হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাত আড়াইটার দিকে রংপুর নগরীর নিউ জুম্মপাড়া পাড়া মহল্লার মাহবুব রহমানের স্ত্রী নুরজাহান বেগম (৫৫) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, তিনি ছেলের কাছ থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানকার চিকিৎসকদের কাছে রোগীর জন্য অক্সিজেন দেওয়ার আর্জি জানালে, ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেন। এর মধ্যে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং রাত ৪টায় তার মৃত্যু হয়।

চিকিৎসকদের অভিযোগ রয়েছে যে, রোগীর মৃত্যুর পর, তার স্বজনরা দায়িত্বরত চিকিৎসকদের ওপর হামলা করেন। ঘটনার পর মরদেহ মর্গে রাখা হয়েছিল। দিনের বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জরুরি বিভাগ বন্ধ করে ধর্মঘট পালন করেন চিকিৎসকরা। চিকিৎসকদের দাবি ছিল, রিফাতকে এসে ক্ষমা চাইতে হবে। তারপরই মরদেহ মিলবে। পরে ১১ ঘণ্টা পর, বিকেল ৩টায় রিফাত হাসপাতালে আসেন এবং তাকে একটি কক্ষে নিয়ে কান ধরে ১০ বার ওঠবস করানো হয়। এরপর মায়ের মরদেহ ফেরত দেওয়া হয়।

মৃত নুরজাহানের বড় ছেলে নুরুজ্জামান রিন্টু জানান, তার স্ত্রী ফোন করে মায়ের অসুস্থতার খবর দেন। হাসপাতালে এসে তাদের উত্তেজনাকর পরিস্থিতির শিকার হতে হয়, যেখানে সামান্য ঘটনাকে কেন্দ্র করে মায়ের মরদেহ আটকে রাখা হয়েছিল। অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হলেও মরদেহ নামিয়ে নেওয়া হয়। মরদেহ দিতে গড়িমসি করায়, বেলা দেড়টার দিকে মরদেহ নেওয়ার দাবিতে মেডিকেল মোড় এলাকায় মহাসড়ক অবরোধ করে তারা।

প্রত্যক্ষদর্শী, ইন্টার্ন চিকিৎসক, হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ এবং রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, কার্ডিওলজি বিভাগে অক্সিজেন না দেওয়ার কারণে মায়ের মৃত্যুর পর, দায়িত্বরত সহকারী রেজিস্ট্রার ডা. রাকিবুল হাসান ও ইন্টার্ন চিকিৎসক নাঈমের ওপর চড়াও হন ছেলে রিফাত এবং হাতাহাতির ঘটনা ঘটে।

এর প্রতিবাদে ভোর থেকে কয়েকজন ইন্টার্ন হাসপাতালের ডেড হাউজের সামনে অবস্থান নেন। তারা বলেছিলেন, মৃতের ছেলেকে গ্রেপ্তার না করা পর্যন্ত মরদেহ না দেওয়ার ঘোষণা দেন। সকাল ১০টায় হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু হয়। দুপুর সোয়া ১২টার দিকে চিকিৎসকরা জরুরি বিভাগে তালা দিয়ে ধর্মঘট জানান। এর মধ্যে স্বজনরা কয়েক দফায় মরদেহ নিতে গেলে ব্যর্থ হন। একপর্যায়ে স্বজনরা অ্যাম্বুলেন্স নিয়ে মর্গের সামনে আসেন। খবর পেয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশিকুর রহমান ঘটনাস্থলে এসে মরদেহ স্বজনদের দেওয়ার জন্য চিকিৎসকদের অনুরোধ করেন, কিন্তু চিকিৎসকরা তা রাখেননি। মরদেহ অ্যাম্বুলেন্সে তুলতে যাওয়া হলে বাধা দেওয়া হয় এবং মরদেহ আটকে রাখা হয়।

রংপুর ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মিরাজ বলেন, ‘আমরা সকাল থেকে বলছিলাম, লাশ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তবে যে ব্যক্তি চিকিৎসকদের ওপর হামলা করেছে তাকে এখানে আসতে হবে। আমাদের দাবি, তাকে আইনের আওতায় আনা। এরপরই মরদেহ নিয়ে যেতে দেব।’ বিকেলে অভিযুক্ত ছেলে কান ধরে ওঠবস করে, ক্ষমা চেয়ে মরদেহ নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশিকুর রহমান বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। রোগী হাসপাতাল আসার পরপরই মৃত্যু হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, দায়িত্বরত চিকিৎসকদের গাফিলতি ছিল না। অজুহাতহীনভাবে চিকিৎসক নাঈম, রাকিবসহ অন্যদের মারধরের চেষ্টা করা হয়। এমনকি দায়িত্বরত নার্সের সঙ্গেও অশোভন আচরণ করা হয়েছে। রোগীর স্বজনদের আচরণ গ্রহণযোগ্য নয়।’ মা'র মরদেহ ফেরত দিতে বিটে কান ধরে ওঠবস করানোর বিষয়ে তিনি বলেন, ‘এটিও খুবই নিন্দনীয় ঘটনা।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলের দ্বৈত অবস্থান: ফিলিস্তিনের পক্ষে থেকেও ইসরায়েলকে জ্বালানি সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১০:৫৯ এম


ব্রাজিলের দ্বৈত অবস্থান: ফিলিস্তিনের পক্ষে থেকেও ইসরায়েলকে জ্বালানি সহায়তা

গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কড়া সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি বলেন, এই পরিস্থিতিকে ‘পরিকল্পিত গণহত্যা’ বলেই উল্লেখ করেছেন। তবে একই সময়ে ইসরায়েলের সঙ্গে ব্রাজিলের বাণিজ্যিক সম্পর্ক, বিশেষ করে জ্বালানি রপ্তানি অব্যাহত থাকায় দেশটিতে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।

২০২৫ সালে ফ্রান্স সফরের সময় লুলা গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। এদিকে প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা সেলসো আমোরিম গত সপ্তাহে আইনপ্রণেতাদের জানান, ব্রাজিল ইসরায়েলের সঙ্গে বিভিন্ন চুক্তি পুনর্বিবেচনা করছে। তিনি মূলত সামরিক সহযোগিতার প্রসঙ্গ উল্লেখ করেছেন।

তবে আমোরিম শুরুতেই কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সম্ভাবনা নাকচ করে দেন। তার যুক্তি হল, এমন সিদ্ধান্ত ইসরায়েলে অবস্থানরত ব্রাজিলীয় নাগরিকদের জন্য সমস্যা তৈরি করতে পারে।

সম্পর্ক ছিন্নের বিকল্প পথের প্রস্তাব

সাও পাওলোর পন্টিফিকাল ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ব্রুনো হুবারম্যান এই যুক্তির সঙ্গে পুরোপুরি একমত নন। যদিও তিনি স্বীকার করেন, ইসরায়েলে থাকা ব্রাজিলীয়দের জন্য কনস্যুলার সহায়তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হতে পারে।

তবে তার মতে, এর বাস্তবসম্মত সমাধান রয়েছে। হুবারম্যান বলেন, বর্তমানে তেল আবিবে যেসব ব্রাজিলীয় নাগরিক কনস্যুলার সেবা নেন, তারা চাইলে ফিলিস্তিনে ব্রাজিলের দূতাবাস থেকেও সেই সেবা নিতে পারেন। তিনি স্মরণ করিয়ে দেন, অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরে ব্রাজিল এরই মধ্যে এ ধরনের সেবা দিয়ে আসছে।

তার ভাষায়, রামাল্লাহ ও পূর্ব জেরুজালেমে কনস্যুলার সেবা থাকায় ইসরায়েল নামে পরিচিত ওই ভূখণ্ডে বসবাসকারী ব্রাজীলীয়দের জন্য সহজ বিকল্প তৈরি করা সম্ভব।

অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব

আরেক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও অধ্যাপক ব্রুনো লিমা রোচা মনে করেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে ব্রাজিল সরকারের অনীহার পেছনে অভ্যন্তরীণ রাজনৈতিক কারণ উপস্থিত রয়েছে।

তার মতে, অতীতের আরব-ইসরায়েল যুদ্ধ, ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধ, ১৯৭৩ সালের ইয়োম কিপুর যুদ্ধ কিংবা লেবাননে ইসরায়েলের অভিযানের সময় ব্রাজিলের রাজনীতিতে এত সংখ্যক জায়নবাদপন্থী ও ইভানজেলিক্যাল মতাদর্শের আইনপ্রণেতা ছিল না।

তিনি বলেন, আজকের পশ্চিমা বিশ্বের উগ্র ডানপন্থিদের মতোই এদের অবস্থান শতভাগ ইসরায়েলপন্থি। এটি চরম ডানপন্থার নতুন বিন্যাস।

রোচার মতে, ব্রাজিলের অবস্থান অনেক আরব দেশের মতোই দ্ব্যর্থক। কারণ গত কয়েক দশকে বহু আরব ও মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে, বিশেষ করে বাণিজ্যিক সম্পর্ক, আরও জোরদার করেছে।

তিনি বলেন, লুলা আসলে অনেক আরব ও মুসলিম রাষ্ট্র যা করে, তাই করছেন। তারা যদি কঠোর অবস্থান না নেয়, তাহলে একটি লাতিন আমেরিকান দেশের কাছ থেকে আরও কঠোর অবস্থান কীভাবে আশা করা যায়?

তবে তিনি বর্তমান পরিস্থিতিকে গণহত্যা হিসেবে উল্লেখ করে ব্রাজিল ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক ছিন্নের পক্ষ থেকে মত দেন। অন্তত লুলার বক্তব্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সাময়িকভাবে বাণিজ্য স্থগিত করার পরামর্শ দেন তিনি।

সরকারের ওপর চাপ বাড়াচ্ছে নাগরিক সমাজ

এদিকে সামাজিক আন্দোলন, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, শিল্পী ও শিক্ষাবিদদের একটি বড় অংশ ব্রাজিল সরকারকে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানাচ্ছে। তাদের দাবি, ফিলিস্তিনে গণহত্যা বন্ধে ব্রাজিলকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বাতিল করতে হবে। বিশেষ করে জ্বালানি রপ্তানি বন্ধ এবং ইসরায়েলি পণ্যের বর্জনের দাবি জোরালো হয়ে উঠেছে।

গত ১৫ জুন ব্রাজিলের বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণকারীরা লুলা সরকারের কাছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক শেষ করার আহ্বান জানান।

ব্রাজিল-ইসরায়েল বাণিজ্যের চিত্র

২০২৪ সালে ইসরায়েলের ১২তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ছিল ব্রাজিল। ইসরায়েলের মোট বৈদেশিক বাণিজ্যের ২.১ শতাংশের প্রতিনিধিত্ব করেছে দেশটি।

আমেরিকা মহাদেশে যুক্তরাষ্ট্রের পর ব্রাজিল ছিল ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

একই বছরে ব্রাজিল ইসরায়েলে ৭২৫.১ মিলিয়ন বা ৭২.৫১ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে, যা ২০২৩ সালের তুলনায় ৯ দশমিক ৫ শতাংশ বেশি।

অন্যদিকে, ইসরায়েল থেকে ব্রাজিল আমদানি করে ১.১ বিলিয়ন বা ১১০ কোটি ডলারের পণ্য, যা আগের বছরের তুলনায় ১৪.৯ শতাংশ কম।

রপ্তানি বাড়লেও এবং আমদানি কমলেও ব্রাজিলের বাণিজ্য ঘাটতি অব্যাহত রয়েছে। ২০২৪ সালে দেশটির ঘাটতি ছিল ৪২৫ দশমিক ৭ মিলিয়ন ডলার।

সবচেয়ে বেশি রপ্তানি হয় জ্বালানি

২০২৪ সালে ব্রাজিল থেকে ইসরায়েলে সবচেয়ে বেশি রপ্তানি হওয়া পণ্য ছিল জ্বালানি তেল, যা মোট রপ্তানির ৩০ শতাংশ। এরপর ছিল গরুর মাংস (২৩ শতাংশ) এবং সয়াবিন (১১ শতাংশ)।

অন্যদিকে, ইসরায়েল থেকে ব্রাজিলে রপ্তানির মধ্যে কীটনাশক, জৈব ও রাসায়নিক সার মিলিয়ে ছিল মোট রপ্তানির ৪৪ শতাংশ। বিমান ও বিমানযন্ত্রাংশ ছিল ৪.৮ শতাংশ।

২০২৫ সালেও ঘাটতি

২০২৫ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়েও ব্রাজিলের বাণিজ্য ঘাটতি অব্যাহত রয়েছে।

এই সময়ে ইসরায়েলে ব্রাজিলের রপ্তানি ছিল ২১৯ মিলিয়ন বা ২১ কোটি ৯০ লাখ ডলার। বিপরীতে আমদানি হয়েছে ৫২৮ মিলিয়ন ডলারের পণ্য। ফলে পাঁচ মাসেই ব্রাজিলের ঘাটতি দাঁড়িয়েছে ৩০৮ মিলিয়ন বা ৩০ কোটি ৮০ লাখ ডলার।

সম্পর্ক ছিন্ন করলে কার ক্ষতি বেশি?

অর্থনীতিবিদ ডায়ানা শাইবের মতে, বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করলে অর্থনৈতিক প্রভাব অবশ্যই পড়ে। তবে সেই প্রভাব নির্ভর করে পারস্পরিক নির্ভরতার মাত্রার ওপর।

তিনি বলেন, ইসরায়েল ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার হলেও কেন্দ্রীয় কোনো বাজার নয়। ২০২৪ সালে দেশটি ব্রাজিলের মোট রপ্তানির মাত্র ০.৪ শতাংশের প্রতিনিধিত্ব করেছে।

তার মতে, ব্রাজিল সহজেই নতুন বাজার খুঁজে নিতে পারবে। অন্যদিকে ইসরায়েলের জন্য পরিস্থিতি কিছুটা ভিন্ন।

শাইব বলেন, ব্রাজিল ছিল ইসরায়েলের ১২তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। বিশেষ করে জ্বালানি ও খাদ্যপণ্যের মতো অপরিহার্য পণ্যে ইসরায়েলের নির্ভরতা বেশি।

তার মতে, সম্পর্ক ছিন্নের অর্থনৈতিক প্রভাবের চেয়ে রাজনৈতিক বার্তাই বেশি গুরুত্বপূর্ণ হবে। তিনি বলেন, এটি মানবাধিকার এবং যুদ্ধবিরতির পক্ষে আন্তর্জাতিক চাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি শক্তিশালী কূটনৈতিক বার্তা হবে।

সামরিক সহযোগিতাও রয়েছে

বাণিজ্যের পাশাপাশি ইসরায়েলের সঙ্গে ব্রাজিলের সামরিক সহযোগিতাও রয়েছে। ২০২২ সালের এপ্রিলে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো সংগঠিত অপরাধ দমনে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তিতে গোয়েন্দা তথ্য, তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি সহযোগিতার বিষয় অন্তর্ভুক্ত ছিল।

কূটনৈতিক সংকট

২০২৪ সালের মে মাসে প্রেসিডেন্ট লুলা তেল আবিব থেকে রাষ্ট্রদূত ফ্রেদেরিকো মেয়ারকে প্রত্যাহার করেন। এর আগে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় লুলাকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করেছিল।

সংকটের সূত্রপাত হয়, যখন লুলা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে অ্যাডলফ হিটলারের কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেন।

পরে ব্রাজিলের রাষ্ট্রদূতকে পূর্বঘোষণা ছাড়াই একটি হলোকাস্ট স্মরণ অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়, যা কূটনৈতিক অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

পরবর্তী সময়ে মেয়ারকে জেনেভায় বদলি করা হয়। এরপর থেকে ইসরায়েলে ব্রাজিলের রাষ্ট্রদূতের পদটি শূন্য রয়েছে।

সেলসো আমোরিম এই ঘটনাকে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে ‘নাটকীয় বার্তা’ বলে বর্ণনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%