ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

মাতারবাড়ি বন্দরের অ্যাক্সেস রোডে বালুর দাম নিয়ে রিট দায়ের


মাতারবাড়ি বন্দরের অ্যাক্সেস রোডে বালুর দাম নিয়ে রিট দায়ের

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর সংযোগ সড়ক (পোর্ট অ্যাক্সেস রোড) নির্মাণ প্রকল্পে বালু উত্তোলন ও বিক্রির নামে শত শত কোটি টাকার সরকারি রাজস্ব ক্ষতির সুযোগ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী সোহানা শারমিন দায়ের করা এ রিটে কক্সবাজারের মহেশখালী উপকূল থেকে প্রায় ৬ কোটি ৩৪ লাখ ঘনফুট বালু উত্তোলনের অনুমোদন এবং বালুর মূল্য নির্ধারণের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, সরকারি হিসাবে প্রতি ঘনফুট বালুর ভিত্তিমূল্য ৬ টাকা ৯৪ পয়সা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ড্রেজিং ব্যয় বাবদ ৪ টাকা ৫৭ পয়সা কর্তনের মাধ্যমে কার্যত প্রতি ঘনফুট বালুর মূল্য ২ টাকা ৩৭ পয়সা নির্ধারণ করেছে। এতে ঠিকাদারি প্রতিষ্ঠান টোকিও-এমআইএল-জেভি বিশেষ সুবিধা পেয়েছে এবং রাষ্ট্র বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়েছে।

আরও পড়ুন: দুর্নীতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

দৈনিক যুগান্তরে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন “বালুতেই ঠিকাদারের পকেটে যাবে ৪৫০ কোটি টাকা” শিরোনামে দাবি করা হয়, মাতারবাড়ি পোর্ট অ্যাক্সেস রোড প্রকল্পে ব্যবহৃত বালু সরবরাহকে কেন্দ্র করে সরকারের প্রায় ৪৫০ কোটি টাকার রাজস্ব সুবিধা ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, সমুদ্র থেকে বালু উত্তোলনের রয়্যালটি প্রতি ঘনফুট ৬ টাকা ৯৪ পয়সা নির্ধারণ করা হলেও ড্রেজিং ব্যয় সরকারি কোষাগার থেকে বহন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে সরকারি রাজস্ব হিসাবে জমা হবে মাত্র ২ টাকা ৩৭ পয়সা।

রিটে আরও বলা হয়, প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো ঠিকাদার নিজস্ব ব্যয়ে ড্রেজিং, বালু উত্তোলন এবং সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করে থাকে। সরকার চুক্তি অনুযায়ী কাজের বিল পরিশোধ করে। কিন্তু বর্তমান ক্ষেত্রে বালুর মূল্য থেকেই ড্রেজিং ব্যয় সমন্বয় করে রাষ্ট্রীয় আয় কমিয়ে দেয়া হয়েছে, যা জনস্বার্থ ও আর্থিক শৃঙ্খলার পরিপন্থী।

আবেদনে আরও বলা হয়েছে, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বালু বিক্রি ও ইজারা দেয়ার বিধান রয়েছে। অথচ কোনো প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই একটি নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে বালু উত্তোলন, ভরাট ও ব্যবহার সংক্রান্ত সুবিধা দেয়া হয়েছে। এতে আইনের বিধান লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করা হয়।

রিটে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট প্রকল্পে বালুর প্রয়োজনীয়তা কয়েকগুণ বেশি হলেও প্রাথমিকভাবে মাত্র ৬ কোটি ৩৪ লাখ ঘনফুট বালুর অনুমোদন নেয়া হয়েছে। পরবর্তীতে একই পদ্ধতিতে আরও বিপুল পরিমাণ বালু উত্তোলনের সুযোগ সৃষ্টি হতে পারে, যা রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।

আরও পড়ুন: নেজামে ইসলাম পার্টির উদ্বেগ, আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য আইনশৃঙ্খলার পরিপন্থী

জনস্বার্থে দায়ের করা রিটে সংশ্লিষ্ট অনুমোদন, মূল্য নির্ধারণ এবং প্রশাসনিক সিদ্ধান্তের বৈধতা পর্যালোচনার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি রাজস্ব ক্ষতির সম্ভাবনা এবং একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা প্রদানের অভিযোগেরও বিচারিক তদন্তের দাবি জানানো হয়েছে।

আইনজীবী সোহানা শারমিন বলেন, রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন নিশ্চিত করতেই এ রিট দায়ের করা হয়েছে। আদালত বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সংসদে স্থানীয় সরকারমন্ত্রী

বর্ষা মৌসুমের পর পর্যায়ক্রমে স্থানীয় নির্বাচন, প্রথমে ইউপি ভোট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


বর্ষা মৌসুমের পর পর্যায়ক্রমে স্থানীয় নির্বাচন, প্রথমে ইউপি ভোট

চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা জানান মন্ত্রী। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে এটি উত্থাপন করা হয়। মন্ত্রী আরও জানান, চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। আগামী এক বছর ধরে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তিনি বাজেটের প্রাপ্যতার উপর ভিত্তি করে নির্বাচনগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠানের উল্লেখ করে বলেন, এক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার সংস্থার নির্বাচন হবে। নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন হবে। সরকারের দলীয় এমপি মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, দেশের সব উপজেলায় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মচারীদের জন্য উপজেলা পরিষদের অভ্যন্তরে একটি পরিদর্শন কক্ষ নির্মাণের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে ইতোমধ্যে প্রতিটি উপজেলা পরিষদের অনুকূলে ৬ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরীর প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা মহানগরীর দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটার। যদিও গ্রীষ্ম ও শীত মৌসুমে পানির চাহিদায় পরিবর্তন ঘটে। ঢাকা ওয়াসার বর্তমান দৈনিক পানি উৎপাদনের সক্ষমতা ২৯৫-৩০০ কোটি লিটার। তিনি আরো বলেন, পানি বিশুদ্ধকরণের কাজটি অত্যাধুনিক কেমিক্যাল পিএসি এ্যালাম সালফেট ও ক্লোরিনেশনের মাধ্যমে পরিশোধন করা হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে ওয়াসার নিজস্ব ল্যাবরেটরিতে পরীক্ষা করে পানির গুণগত মান নিশ্চিত হওয়ার পর তা নেটওয়ার্কের মাধ্যমে সরবরাহ করা হয়। ঢাকা ওয়াসা মহানগরীর বিভিন্ন স্থান থেকে প্রতিদিন ৪০-৫০টি পানির নমুনা সংগ্রহ করে বিভিন্ন প্যারামিটার পরীক্ষা করে পানির গুণগত মান নিশ্চিত করে থাকে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমানের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের কার্যক্রম বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে ভ্যানে করে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে নিয়ে যাওয়া হয়। বর্তমানে এই বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনার নিমিত্ত সিটি করপোরেশনের সাথে চুক্তির আওয়ায় আনার জন্য 'কার্যক্রম চলমান রয়েছে। চুক্তির প্রক্রিয়া সম্পন্ন হলে পরবর্তীতে ছোট ছোট কাভার্ড ভ্যানে পরিবেশ সম্মতভাবে ময়লা অপসারণের বিষয়টি বিবেচনা করা হবে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীর প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন সফ্‌টওয়্যার ভার্শন ২ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন সিস্টেমে অনলাইন পেমেন্ট সিস্টেমের ব্যবস্থা রাখা হবে। নতুন সিস্টেমে ব্লক চেইনের মাধ্যমে কোনো প্রকার তথ্য পরিবর্তন হলে তার লগ জানা যাবে। এছাড়া কোন স্তরে তথ্য পরিবর্তন হলো তা উদঘাটন করা সহজ হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা সহজীকরণ ও জনভোগান্তি দূরীকরণের লক্ষ্যে সারা দেশের নিবন্ধক ও নিবন্ধন সহকারীগণের নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমি পাশে না থাকলে ইসরাইলের কোনো অস্তিত্ব থাকত না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


আমি পাশে না থাকলে ইসরাইলের কোনো অস্তিত্ব থাকত না: ট্রাম্প

ফ্রান্সে চলমান জি৭ শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে দুই নেতা মার্কিন-ইরান চুক্তি এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূ-রাজনীতি নিয়ে একাধিক বিস্ফোরক ও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এবং বিশেষ করে তাঁর নিজে পাশে না থাকলে আজ ইসরাইলের কোনো অস্তিত্ব থাকত না। তিনি উল্লেখ করেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র পেয়ে যেত, তাহলে ইসরাইল পৃথিবীর বুক থেকে মুছে যেত। ট্রাম্প আবারও দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে মাত্র দুই সপ্তাহ দূরে ছিল। তবে চলমান যুদ্ধ ইরানের পূর্ববর্তী নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেয়। ট্রাম্প বলেন, ইরানে এখন একটি যৌক্তিক ও বুদ্ধিমান নেতৃত্ব রয়েছে।

লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ভূমিকার সমালোচনা করে ট্রাম্প বলেন, লেবাননের ব্যাপারে নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল হতে হবে। ইরানের সাথে চুক্তি ঘোষণার ঠিক আগে বৈরুতে ইসরাইলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, "আমি বৈরুতে হামলাটি একেবারেই পছন্দ করিনি এবং আমি তাঁদের (ইসরাইল) সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছি।" ট্রাম্প লেবানন পরিস্থিতিকে একটি ‘ছোটখাটো যুদ্ধ’ হিসেবে অভিহিত করে ইসরাইলকে একটি অদ্ভুত পরামর্শ দেন। তিনি বলেন, "আমি ইসরাইলকে পরামর্শ দিয়েছি যেন হিজবুল্লাহর বিষয়টি সিরিয়ার ওপর ছেড়ে দেওয়া হয়, কারণ তারা এই কাজটি আরও ভালোভাবে করতে পারবে।"

বৈঠকে কাতারের ‘সাহসিকতা’ এবং মধ্যস্থতার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, "কাতার যেভাবে পুরো পরিস্থিতি সামাল দিয়েছে, তাতে আমরা অত্যন্ত মুগ্ধ। তারা অত্যন্ত শক্ত ও দৃঢ় অবস্থান দেখিয়েছে।" অন্যদিকে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এই মার্কিন-ইরান চুক্তিকে এই অঞ্চলের জন্য একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। ট্রাম্পের উদ্দেশ্যে তিনি বলেন, "এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি। এখনও অনেক কাজ বাকি আছে, তবে এই গতি যদি বজায় থাকে, তবে আমরা এই অঞ্চলে দারুণ কিছু অর্জন করতে পারব।"

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম রবি জানিয়েছেন, দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে।

তিনি উল্লেখ করেছেন, ঢাকার পাশের ও দেশের দক্ষিণাঞ্চলের ১০ জেলা নতুন করে রেল যোগাযোগের আওতায় আসছে।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব বক্তব্য প্রদান করেন।

শেখ রবিউল আলম রবি বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবং সভাপতিত্বে আজ রেল মন্ত্রণালয়ের সবশেষ কার্যক্রম এবং সামগ্রিক কানেক্টিভিটি, সামগ্রিক সেবা কী অবস্থানে আছে এবং উত্তরণের জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কি কার্যক্রম চলমান এবং আগামীতে কোন নতুন কার্যক্রম গ্রহণ করা হবে, সে বিষয়ে একটি মিটিং ছিল। প্রধানমন্ত্রী সেটা জেনেছেন, দেখেছেন, বুঝেছেন এবং তার মতামতও যুক্ত করেছেন। সামগ্রিক যোগাযোগ কানেক্টিভিটি ও সেবার মান নিয়ে পর্যালোচনাপূর্বক বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তিনি আরও উল্লেখ করেছেন, আমরা বড় কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করতে চলেছি। যেমন, আখাউড়া-সিলেট, সিরাজগঞ্জ-বগুড়া, যেটা তো বর্তমান অবস্থায় আছে। একই সাথে আমাদের ধীরাশ্রমে একটি আইসিডি কনটেইনার প্রকল্প ইতিমধ্যে পাস হয়েছে এবং ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার রাস্তা কিছু মিটারগেজ এবং কিছু ব্রডগেজ হিসেবে নির্মাণ করা হচ্ছে।

রেল যোগাযোগের আওতায় আসা জেলাগুলো হলো, শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর এবং লক্ষ্মীপুর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম টি-টোয়েন্টির একাদশ নিয়ে মুখ খুললেন লিটন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


প্রথম টি-টোয়েন্টির একাদশ নিয়ে মুখ খুললেন লিটন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ দল। মিরপুরে ওয়ানডে সিরিজে পেসারদের দাপটে টাইগাররা জয়ী হয়েছিল। তবে টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে একাদশ নিয়ে অধিনায়ক লিটন দাস ধোঁয়াশা কাটালেন না।

মঙ্গলবার (১৬ জুন) টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।

এসময় একাদশ নিয়ে লিটন বলেন, প্রতিপক্ষের শক্তি, দুর্বলতা, কোন উইকেটে খেলছি, উইকেটের আচরণ কেমন; এসব কিছু বিবেচনায় নিয়েই একাদশ সাজানো হবে। যেহেতু দুইজনের বেশি তিন স্পিনার একসঙ্গে খেলার সম্ভাবনা খুব কম। আবার খেলতেও পারে। দেখা যাক, কাল পর্যন্ত অপেক্ষা করবেন।

স্কোয়াডে রিশাদ হোসেন ও নাসুম আহমেদের সঙ্গে আরও একজন স্পিনার থাকায় একাদশে স্পিন কম্বিনেশন নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। তবে অধিনায়কের বক্তব্য থেকে জানা যায়, চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে ম্যাচের দিন উইকেটের আচরণের ওপর।

একাদশ নিয়ে প্রশ্নের পাশাপাশি দলের আত্মবিশ্বাস নিয়েও কথা বলেছেন লিটন। ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার মত শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ভালো ক্রিকেট খেলাকে তিনি একটি বড় প্রাপ্তি হিসেবে দেখছেন।

লিটন বলেন, ‘অবশ্যই যখন বড় দলের সঙ্গে ভালো ক্রিকেট খেলবেন, শুধু সিরিজ জেতাই নয়, আমরা তিন ম্যাচেই ভালো ক্রিকেট খেলেছি। এটা আমাদের জন্য ইতিবাচক। তবে টি-টোয়েন্টি ভিন্ন ফরম্যাট। আমাদের দলও ভিন্ন, তাদের দলও ভিন্ন। তবে বেশিরভাগ ক্রিকেটার ওয়ানডে সিরিজ খেলেছে, তাই আমাদের আত্মবিশ্বাসটা আছে।’

বাংলাদেশের পেস আক্রমণও এবার পূর্ণ শক্তিতে ফিরেছে। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের ফিরায় প্রতিযোগিতা বেড়েছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন লিটন।

তিনি বলেন, এটা দলের জন্য খুবই ভালো। বেঞ্চ অনেক শক্ত হয়েছে। যেকোনো খেলোয়াড়কে খেলানো সম্ভব। তাসকিন ও ফিজ বড় নাম। তাদের অভিজ্ঞতাও অনেক। আগের সিরিজে বিশ্রামে ছিল, এখন ফিরেছে। পূর্ণ শক্তির দল নিয়েই আমরা মাঠে নামছি।

কিন্তু শুধু বোলিং নয়, ব্যাটিং বিভাগেও আরও উন্নতির সুযোগ দেখছেন অধিনায়ক। বিশেষ করে লোয়ার মিডল অর্ডারের ব্যাটারদের কাছ থেকে বেশি অবদান প্রত্যাশা করছেন তিনি।

ব্যাটিং ইউনিট নিয়ে টাইগার দলপতি আরও বলেন, যেকোনো দলের সাথে জিততে হলে নির্দিষ্ট দিনে ভালো খেলতে হবে। আমাদের লোয়ার মিডল অর্ডারে যারা ব্যাট করে, তাদেরও অনেক দায়িত্ব রয়েছে। সুযোগ পেলে মনে হয় তাদের কাছ থেকে ভালো ফিডব্যাক পেলে দল ভালো ফল এনে দিবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%