ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এশীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে


এশীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে

বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে পণ্য আমদানি বাড়লেও, রপ্তানি সে তুলনায় বৃদ্ধি পাচ্ছে না। এর ফলে বৈদেশিক বাণিজ্যে ক্রমাগত ঘাটতি বাড়ছে। বিশেষ করে এশীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এই লাফিয়ে বাড়া ঘাটতি বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও প্রভাব ফেলছে। সামগ্রিকভাবে, ঘাটতি বাণিজ্য অর্থনীতির ওপর তীব্র চাপ সৃষ্টি করছে। তবে যুক্তরাষ্ট্র ও ইইউভুক্ত দেশগুলোতে তৈরি পোশাকসহ অন্যান্য পণ্যের রপ্তানি বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ ইতিবাচক অবস্থানে রয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে দেশের সামগ্রিক বাণিজ্য ঘাটতির বড় অংশই চীন ও ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে তৈরি হয়েছে। এই ভিত্তিতে সদ্যসমাপ্ত অর্থবছরে দেশের নিট ঘাটতি (উদ্বৃত্ত ও ঘাটতির পার্থক্য) ১৭.৭৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বিদায়ী অর্থবছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের আমদানি ব্যয় ছিল ৬৬.১৬ বিলিয়ন ডলার, আর একই সময়ে রপ্তানি আয় ছিল ৪৮.৩৮ বিলিয়ন ডলার।

অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরে আমদানি ও রপ্তানির পরিমাণ যথাক্রমে ৬৫.৮৭ ও ৪৮.৩০ বিলিয়ন ডলারের ছিল। সেই হিসাবে চলতি বছরে বাণিজ্য ঘাটতি ২১ কোটি ডলার বা ১.২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আজ শুরু হচ্ছে ইসির সংলাপ

এদিকে, গত ১৫ নভেম্বর জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বাণিজ্যমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ২৪.১৭ বিলিয়ন মার্কিন ডলার। ওই সময়ে বাংলাদেশ ৫৫.১৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে, বিপরীতে আমদানি করে ৭৯.৩৬ বিলিয়ন ডলারের পণ্য।

একই অর্থবছরে বাংলাদেশ বিশ্বের ২০২টি গন্তব্যে পণ্য রপ্তানি করেছে। মন্ত্রী জানান, সার্কভুক্ত দেশ আফগানিস্তান, ভুটান, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। দেশগুলোর মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্য ব্যবধান সবচেয়ে বেশি, যার পরিমাণ ছিল ৭.৮৬ বিলিয়ন ডলার।

বেশি ঘাটতি চীনের সঙ্গে

বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের বৃহত্তম অংশীদার চীন। একই সঙ্গে দেশের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঘাটতিও চীনের সঙ্গে। পরিসংখ্যান অনুযায়ী, সবশেষ অর্থবছরে চীন থেকে বাংলাদেশ ১৮.৯২ বিলিয়ন ডলার সমমূল্যের পণ্য আমদানি করেছে। এর বিপরীতে, দেশটিতে বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে মাত্র ৮৭ কোটি ডলার। ফলে একক দেশ হিসেবে চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১৮.০৫ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের ১৭.৫০ বিলিয়ন ডলারের তুলনায় প্রায় ৩.১৫ শতাংশ বেশি।

আরও পড়ুন: সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার

প্রধানত তৈরি পোশাক ও অন্যান্য শিল্পের কাঁচামাল, মধ্যবর্তী (নতুন পণ্য তৈরির উপকরণ সেমিফিনিশড) পণ্য এবং মূলধনি যন্ত্রপাতির জন্য চীনের ওপর অতিনির্ভরশীলতা এই বিশাল ঘাটতির প্রধান কারণ।

দ্বিতীয় অবস্থানে ভারত, কমেছে আমদানি ও ঘাটতি।

দশকের পর দশক ধরে বাংলাদেশের ঘাটতি বাণিজ্যে শীর্ষে ছিল ভারত। দেশটি আনুষ্ঠানিক বাণিজ্যের চেয়ে অনানুষ্ঠানিক বাণিজ্যে বড় জায়গা দখল করে রাখলেও, গত দুবছরে সে অবস্থায় পরিবর্তন ঘটেছে। ফলে বাণিজ্য ঘাটতির তালিকায় ভারত দ্বিতীয় অবস্থানে নেমে এসেছে।

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আগের অর্থবছরের তুলনায় উল্লেখযোগ্য হারে কমেছে। ২০২৪-২৫ অর্থবছরে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ৭.৭৯ বিলিয়ন ডলার। ২০২৫-২৬ অর্থবছরে তা কমে ৬.৬৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে। অর্থাৎ, এক বছরের ব্যবধানে ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমেছে প্রায় ১.১০ বিলিয়ন ডলার বা ১৪.১৬ শতাংশ।

আরও পড়ুন: আন্দোলনের নামে দেশের ক্ষতি করবেন না: সরকারের সতর্কতা

তবে দেশে ভারত থেকে স্থলপথে অনানুষ্ঠানিকভাবে যেসব পণ্য রপ্তানি হয়, তা সরকারি হিসাবে ওঠে না।

অর্থনীতিবিদ ও বাণিজ্য বিশ্লেষকদের মতে, ভারতের সঙ্গে এই বাণিজ্য ঘাটতি কমার পেছনে রপ্তানি প্রবৃদ্ধির চেয়ে সে দেশ থেকে আমদানি কমে যাওয়াই ছিল মূল কারণ। বিশেষ করে চব্বিশের জুলাই বিপ্লব-পরবর্তী প্রেক্ষাপটে দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন, ভিসা ও যাতায়াত সীমিত হয়ে পড়া, স্থলবন্দরগুলোতে কড়াকড়ি এবং ভারতের পক্ষ থেকে কিছু পণ্যের রপ্তানি ও ট্রান্সশিপমেন্টসংক্রান্ত বিধিনিষেধ এবং অর্থনৈতিক পদক্ষেপের প্রভাব পড়েছে দ্বিপক্ষীয় বাণিজ্যে। এতে ব্যবসায়ীরা বিকল্প উৎস হিসেবে চীন ও অন্যান্য দেশের দিকে ঝুঁকেছেন, যা ভারতের সঙ্গে আমদানি ব্যয় ও বাণিজ্য ঘাটতি কমিয়ে দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা গেছে, চীন ও ভারতের সঙ্গে সম্মিলিত বাণিজ্য ঘাটতি বাকি দেশগুলোর সঙ্গে থাকা মোট ঘাটতির প্রায় দেড়গুণ। এছাড়া একক দেশ হিসেবে কেবল চীনের সঙ্গেই ঘাটতি ১৮.০৫ বিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের সঙ্গে ঘাটতি ৬.৬৯ বিলিয়ন ডলার। সে হিসাবে ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি মোট ঘাটতির বাকি দেশগুলোর তিন ভাগের এক ভাগ।

পরিসংখ্যান অনুযায়ী, সবশেষ অর্থবছরে ভারত ছাড়াও কাতার ও সৌদি আরবের সঙ্গে ঘাটতি কমেছে। তবে যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বড় অঙ্কের বাণিজ্য উদ্বৃত্ত থাকায় তা এশিয়ার দেশগুলোর বিশাল ঘাটতিকে অনেকটা সমন্বয় করেছে। ফলে চীন ও ভারতের সম্মিলিত ঘাটতি দেশের নিট সামগ্রিক ঘাটতির চেয়েও বেশি, অর্থাৎ ১০০ শতাংশের উপরে দেখাচ্ছে।

আরও পড়ুন: রূপপুরের বিদ্যুৎ ও হুমায়ুন ভাইয়ের স্মৃতি: ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের জন্য

ঘাটতির শীর্ষ ১০ দেশের তালিকায় যারা

চীন ও ভারতের পর বাণিজ্য ঘাটতির শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়া, যেখানে ঘাটতি ৩.৮৯ বিলিয়ন ডলার, সিঙ্গাপুর ৩.০৯ বিলিয়ন ডলার, ব্রাজিল ২.৭২ বিলিয়ন ডলার, মালয়েশিয়া ২.০১ বিলিয়ন ডলার, কাতার ১.৬০ বিলিয়ন ডলার, সৌদি আরব ১.১৭ বিলিয়ন ডলার, আর্জেন্টিনা ৯৫ লাখ ৫৩ হাজার ডলার এবং দক্ষিণ কোরিয়া ৯৩ লাখ ৩৯ হাজার ডলার।

ভোজ্যতেল, কয়লা, চিনি, তুলা ও জ্বালানি তেল আমদানির কারণে এসব দেশের সঙ্গে ঘাটতির পাল্লা ভারী হয়েছে। তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরাইলের যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়। মূলত মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানি ব্যয় কমে যাওয়ায় ২০২৫-২৬ অর্থবছরে কাতার ও সৌদি আরবের সঙ্গে ঘাটতি আগের বছরের তুলনায় কিছুটা কমেছে।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এশিয়া ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে বড় ঘাটতি থাকলেও, উত্তর আমেরিকা ও ইউরোপের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের শক্তিশালী বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। বিশেষ করে একক দেশ হিসেবে বৃহত্তম রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়ে ৯.১১ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। দেশটি থেকে আমদানির পরিমাণ ৩.৫৯ বিলিয়ন ডলার। সে হিসাবে উদ্বৃত্ত ৫.৫২ বিলিয়ন ডলারের, যা একক কোনো দেশের সঙ্গে সবচেয় বেশি উদ্বৃত্ত।

আরও পড়ুন: সন্ত্রাস দিয়ে রাজনীতিতে ফেরা অসম্ভব: বিশ্লেষকরা

এছাড়া জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, পোল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে বড় অঙ্কের বাণিজ্য উদ্বৃত্ত দেশের সামগ্রিক বাণিজ্য ভারসাম্য রক্ষা করছে। কেবল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও স্পেনÑএই চার পশ্চিমা দেশ থেকে সম্মিলিতভাবে ১৬.৯৮ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করেছে বাংলাদেশ, যা চীন ও ভারতের সঙ্গে থাকা বিশাল ঘাটতি কমাতে বড় ভূমিকা রেখেছে।

ঘাটতি কমাতে বাণিজ্য কূটনীতিতে জোর অর্থনীতিবিদদের।

দেশের বিশাল বাণিজ্য ঘাটতির কারণ উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপউপাচার্য (প্রশাসন) ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা আমার দেশকে বলেন, আমদানি সবসময় নেতিবাচক হবেÑএমনটা ভাবা ঠিক নয়। কারণ, আমদানির মাধ্যমে অনেক সময় শিল্পায়নের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও যন্ত্রপাতি কেনা হয়। আমাদের রপ্তানিও অনেকাংশে আমদানিনির্ভর। ফলে সামগ্রিক রপ্তানি কার্যক্রমও বিভিন্নভাবে আমদানি দ্বারা প্রভাবিত হয়।

তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে আমাদের মূল সমস্যা হলো বহুমুখীকরণের অভাব। তৈরি পোশাকশিল্পের বাইরে উল্লেখযোগ্য কোনো নতুন রপ্তানি খাত তৈরির বিকল্প নেই। সে কারণে রপ্তানি গন্তব্য ও পণ্যের মধ্যেও বৈচিত্র্য আনতে হবে।

আরও পড়ুন: স্পেনে নির্বাচনের লড়াই, সানচেজের সামনে উগ্র ডানপন্থিদের চ্যালেঞ্জ

ঘাটতি কমিয়ে আনতে অংশীদার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক কূটনীতি জোরদারেও গুরুত্ব দিতে হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন। তিনি বলেন, যেসব দেশের সঙ্গে বড় ধরনের ঘাটতি আছে, তাদের কাছ থেকে কৌশলগতভাবে শুল্কমুক্ত ও অগ্রাধিকারমূলক বাজার সুবিধা নিশ্চিত করতে আলোচনা জরুরি। বিশেষ করে চীনের দেওয়া শতভাগ শুল্কমুক্ত সুবিধার পূর্ণ ব্যবহার এবং অশুল্ক বাধা দূর করতে কূটনৈতিক তৎপরতা বাড়ানো জরুরি। একই সঙ্গে যৌথ বিনিয়োগ ও শিল্পকারখানা স্থাপনের জন্য দেশগুলোকে আহ্বান জানানো যেতে পারে। এর ফলে দেশগুলো থেকে সরাসরি পণ্য আমদানির চাপ কমবে এবং দেশের নাগরিকদের কর্মসংস্থানের পাশাপাশি রপ্তানি সক্ষমতাও বাড়বে।

গবেষণা প্রতিষ্ঠান নলেজ হাব ইনস্টিটিউট ট্রাস্টের সভাপতি ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, অত্যাবশ্যকীয় পণ্য আমাদের আমদানি করতেই হবে। তবে এমন কোনো উৎস থেকে যদি আমদানি করি, যেখান থেকে বেশি দামে কিনতে হচ্ছে অথচ অন্য কোনো উৎস থেকে প্রতিযোগিতামূলক দামে আনার সুযোগ ছিল, তাহলে সেটি ঠিক হবে না। আবার আমদানিতে অতিরিক্ত মূল্য দেখানোর মাধ্যমে দেশ থেকে টাকা পাচার হলেও খরচ বাড়ে কিন্তু সে ব্যয়ের বিপরীতে রিটার্ন পাওয়া যায়নি। দীর্ঘমেয়াদে এসব বিষয় অর্থনীতির জন্য ভালো নয়। এর ফলে আমাদের দায় বাড়ে, যা একসময় বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্মিংহামে ১৫ এপ্রিল ২০২৭ অনুষ্ঠিত হবে ‘বিজনেট গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২৭’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৫ এম


বার্মিংহামে ১৫ এপ্রিল ২০২৭ অনুষ্ঠিত হবে ‘বিজনেট গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২৭’

ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি এবং ইউরোপজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের সৃজনশীলতা, মেধা, উৎকর্ষতা ও অসামান্য অবদানকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার উদ্দেশ্যে আগামী ১৫ এপ্রিল ২০২৭ তারিখে যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিজনেট গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২৭’।

এই উদ্যোগের অংশ হিসেবে শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় স্পেনের বার্সেলোনায় ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিন থেকে প্রথম রোড শোর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এই মর্যাদাপূর্ণ পুরস্কার উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা গত ২০ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা জিল্লুর হোসেন এমবিই প্রদান করেন।

কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের সহযোগিতায় বার্মিংহামের ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে এই জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এটি প্রথমবারের মতো বাংলাদেশি নেতৃত্বাধীন কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠান এনইসি-র মতো বিশ্বমানের ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আয়োজনের মূল লক্ষ্য ও বিশেষত্ব: বিজনেট গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২৭-এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা জিল্লুর হোসেন এমবিইসহ তাঁর সহকর্মী ও সহযোগী প্রতিষ্ঠানের সদস্যরা আলোচনা সভায় জানান, প্রচলিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানের বাইরে গিয়ে এটিকে একটি কার্যকর ও দীর্ঘস্থায়ী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন।

এই আয়োজনের উল্লেখযোগ্য দিকগুলো হলো-

উন্মুক্ত মনোনয়ন প্রক্রিয়া: এই আয়োজন কেবল যুক্তরাজ্যে সীমাবদ্ধ থাকবে না; ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও এতে অংশ নিতে পারবেন। যোগ্য ব্যক্তিদের মনোনীত করতে আগ্রহীরা শিগগিরই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ও নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

সফলদের ডেটাবেজ সংরক্ষণ: কেবল সম্মাননা প্রদানই নয়, বরং সফল ও অনুপ্রেরণাদায়ী ব্যক্তিদের পেশাগত জীবন ও অবদানের তথ্য সংরক্ষণের জন্য একটি বিশেষ ডেটাবেজ তৈরি করা হবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিকনির্দেশক হিসেবে কাজ করবে।

নেটওয়ার্কিং ও নীতি-নির্ধারকদের সংলাপ: অনুষ্ঠানে ব্রিটিশ পার্লামেন্টের একাধিক সদস্য (এমপি), নীতি-নির্ধারক, শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী, তারকা ব্যক্তিত্ব এবং ইউরোপের বিভিন্ন দেশের বিশিষ্ট পেশাজীবীরা উপস্থিত থাকবেন। এর মাধ্যমে কমিউনিটির চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে নীতি-নির্ধারকদের সঙ্গে সরাসরি সংলাপের সুযোগ তৈরি হবে।

আলোচনা সভায় সকল স্তরের সম্মিলিত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম ও গণমাধ্যমকর্মী, স্পেন-বাংলাদেশি নাগরিক ও প্রবাসীরা উপস্থিত ছিলেন। আয়োজকেরা যুক্তরাজ্য ও ইউরোপের প্রতিটি প্রান্তে এই উদ্যোগের বার্তা পৌঁছে দিতে এবং যোগ্য ব্যক্তিদের মনোনয়নে উৎসাহিত করতে সকলের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন ও নৈশভোজের মাধ্যমে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে। অংশগ্রহণকারী সবাই এই ধরনের উদ্যোগ ও অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণের আশা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে বন্যা, জনজীবন বিপর্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৫ এম


এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে বন্যা, জনজীবন বিপর্যস্ত

প্রবল এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার দুই দেশ পেরু ও ইকুয়েডরে টানা ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। বিস্তীর্ণ এলাকা নদীর পানি উপচে প্লাবিত হয়ে গেছে। কোথাও কোথাও বাড়িঘর থেকে বাসিন্দাদের উদ্ধার করা হচ্ছে, আবার কোথাও গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ হয়ে গেছে।

দ্য গার্ডিয়ান সূত্রে জানা যায়, শনিবার (২৮ নভেম্বর) উত্তর পেরু ও ইকুয়েডরের উপকূলীয় অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটে। কয়েক সপ্তাহ ধরে চলা ভারি বৃষ্টির ফলে নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করতে হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, শক্তিশালী এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই জলবায়ুগত ঘটনা ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পানির তাপমাত্রা বৃদ্ধি করে এবং বিশ্বজুড়ে বৃষ্টিপাত, তাপমাত্রা ও ঝড়ের ধরনে পরিবর্তন নিয়ে আসে।

ইকুয়েডরের ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, আগস্টের শেষভাগ থেকে দেশটির সাধারণত শুষ্ক উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টিপাতে ৩৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভূমিধসে বাড়িঘর চাপা পড়ে দুজন প্রাণ হারান। আবহাওয়াবিদরা আরো বৃষ্টির আশঙ্কা করছেন। পেরুর উত্তরাঞ্চলীয় পিউরা ও টুম্বেস অঞ্চলে সোমবার (৩০ নভেম্বর) পর্যন্ত রেড অ্যালার্ট জারি রাখা হয়েছে। তাদের পূর্বাভাস, ফেব্রুয়ারি পর্যন্ত এল নিনোর প্রভাব অত্যন্ত শক্তিশালী থাকতে পারে।

উত্তর-পশ্চিম ইকুয়েডরের এসমেরালদাস প্রদেশে দুটি নদীর বাঁধ ভেঙে যাওয়ায় পুলিশ ও দমকলকর্মীরা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) সকাল পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসে ৫০টির বেশি সড়কপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রাজধানী কুইটো ও উপকূলের মধ্যে যোগাযোগের প্রধান মহাসড়কসহ অন্তত ১০টি সড়ক বন্ধ রয়েছে।

প্রতিকূল আবহাওয়ার প্রভাব ইকুয়েডরের স্থানীয় নির্বাচনের উপরও পড়েছে। রবিবারের (২৯ নভেম্বর) নির্বাচন সামনে রেখে পাঁচটি প্রদেশে ভোটকেন্দ্র স্থানান্তর করেছে দেশটির জাতীয় নির্বাচন পরিষদ। কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টির কারণে আরো ভোটকেন্দ্র ঝুঁকির মধ্যে রয়েছে।

অন্যদিকে, পেরুর উত্তরাঞ্চলে টুম্বেস নদীর পানি উপচে প্যান-আমেরিকান হাইওয়ের একটি অংশ প্লাবিত হয়েছে। এটি দেশটির উত্তর থেকে দক্ষিণাঞ্চলের মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান সড়ক। চলতি সপ্তাহে নদীর পানিতে আটকা পড়া সাতজন খামারমালিককে উদ্ধার করেছে পুলিশ। উপকূলীয় পর্যটন শহরগুলোতেও বড় ঢেউয়ের আঘাতে হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

পেরুর উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পিউরায় ২৪ ঘণ্টায় ১৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা শহরটির জন্য একটি রেকর্ড। এর ফলে রাস্তাঘাট কোমরসমান পানিতে তলিয়ে যায়। দেশটির প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরি জানিয়েছেন, উদ্ধারকারী দল প্লাবিত বাড়িঘর থেকে ৪০০ জনকে উদ্ধার করেছে। তবে তখনো প্রায় বারো জনের বেশি মানুষ পানিবন্দি ছিলেন।

এল নিনোর প্রভাব পেরুর রাজধানী লিমাতেও দেখা যাচ্ছে। সাধারণত শুষ্ক আবহাওয়ার এই শহরের কিছু এলাকায় টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। অন্যদিকে, কয়েকটি এলাকায় তাপমাত্রা বেড়ে ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১০ ডিগ্রি বেশি।

আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাব দেশটির অর্থনীতিতেও পড়েছে। ফসলের উৎপাদন ও মাছ ধরার পরিমাণ কমে যাওয়ায় খাদ্যপণ্যের দাম বেড়েছে। অক্টোবরে লিমায় বার্ষিক মূল্যস্ফীতি ৫ শতাংশ ছাড়িয়েছে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।

লিমার উপকণ্ঠে মিষ্টান্ন বিক্রি করেন পাঁচ সন্তানের মা এলিজাবেথ এসপিনোজা। তিনি বলেন, ‘পরিস্থিতি আরো খারাপ হয়েছে। নিত্যপণ্যের দাম এতটাই বেড়েছে যে আয় দিয়ে এখন আর সংসারের খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে।’ পেরুর কেন্দ্রীয় ব্যাংকের আশঙ্কা, এল নিনোর কারণে চলতি বছর দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় ১ শতাংশ কমতে পারে। ২০২৭ সালেও এর নেতিবাচক প্রভাব অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থ্যাংকসগিভিংয়ে অ্যারিজোনায় পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু, বাবা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৬ এম


থ্যাংকসগিভিংয়ে অ্যারিজোনায় পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু, বাবা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় থ্যাংকসগিভিংয়ের দিন একটি বাড়ির সুইমিংপুলে ডুবে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু ঘটে। এই ঘটনায় শিশুটির ২৯ বছর বয়সী বাবা ডেমিয়ান ট্রাম্বলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানায়।

পুলিশের অভিযোগ অনুযায়ী, বাবা বাড়ির বাইরে একটি খেলার ঘরে ঘুমিয়ে ছিলেন। এই সময় শিশুটি একা পুলের কাছে গিয়ে পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় পানিতে থাকার পর শিশুটিকে উদ্ধার করে কাছের হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা শিশুটিকে বাঁচাতে পারেননি।

এ ঘটনায় বাবার বিরুদ্ধে অবহেলাজনিত হত্যাকাণ্ড ও শিশু নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে এর আগে থেকেই দুটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

সূত্র: এনবিসি নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৩তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার তারিখ ঘোষণা করেছে ইমাম শাতিবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ এম


১৩তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার তারিখ ঘোষণা করেছে ইমাম শাতিবি

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩তম ইমাম শাতিবি আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতা। ২০২৭ সালের এই আসরে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর পাশাপাশি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার নির্দিষ্ট শ্রেণির প্রতিযোগীরাও অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রতিযোগিতায় নগদ অর্থ, গাড়ি, ওমরাহ পালনের সুযোগসহ আকর্ষণীয় পুরস্কার বিভিন্ন বিভাগে রাখা হয়েছে।

প্রতিযোগিতার আয়োজকদের ঘোষণা অনুযায়ী, আগামী ১ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত অনলাইনে নিবন্ধন করা যাবে। তবে ইসলামী শিক্ষা বিভাগে নিবন্ধনের সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত। এই প্রতিযোগিতাটি যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার লক্ষ্য হলো নতুন প্রজন্মকে কোরআন হিফজ, বিশুদ্ধ তিলাওয়াত, কিরাত ও ইসলামী জ্ঞানচর্চায় উৎসাহিত করা।

প্রতিযোগিতাটি চারটি প্রধান শাখা ও ১২টি বিভাগে বিভক্ত। শাখাগুলো হলো কোরআন হিফজ, ১০ কিরাত, সুমধুর কণ্ঠে তিলাওয়াত এবং ইসলামী শিক্ষা। হিফজ বিভাগে এক, তিন, পাঁচ, ১০, ১৫, ২০ ও ৩০ পারার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

১০ কিরাত বিভাগে ৫, ১৫ ও ৩০ পারার প্রতিযোগিতার ব্যবস্থা রয়েছে। সুমধুর কণ্ঠের বিভাগে মনোনয়নের মাধ্যমে প্রতিযোগী নির্বাচন করা হবে।

বিভিন্ন বিভাগে অংশগ্রহণের জন্য বয়সসীমাও নির্ধারণ করা হয়েছে। পূর্ণ কোরআন হিফজ বিভাগে সর্বোচ্চ বয়স ২৫ বছর। ইসলামী শিক্ষা বিভাগে ১৮ বছর।

অন্যদিকে ১০ কিরাত বিভাগে ৫ ও ১৫ পারার জন্য সর্বোচ্চ বয়স ৩৫ বছর এবং ৩০ পারার জন্য ৪০ বছর নির্ধারণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর নাগরিক, বৈধ স্থায়ী বাসিন্দা এবং কর্মানুমতিপত্রধারীরা সব বিভাগে অংশ নিতে পারবেন। এ ছাড়া ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বাসিন্দারা পূর্ণ ৩০ পারা হিফজ বিভাগে অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে পর্যটক ও অস্থায়ী শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

প্রতিযোগিতার বাছাই প্রক্রিয়া তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথমে ২৪ থেকে ৩০ মার্চ ২০২৭ পর্যন্ত অনলাইনে হিফজ বিভাগের প্রতিযোগীদের পরীক্ষা নেওয়া হবে। এরপর ১ থেকে ১০ মে অনুষ্ঠিত হবে প্রাথমিক পর্ব। এতে হিফজ ও ইসলামী শিক্ষা বিভাগের প্রতিযোগীদের অনলাইন মূল্যায়ন এবং সুমধুর কণ্ঠের মনোনীত প্রতিযোগীদের ভিডিও পর্যালোচনা করা হবে। তারপর প্রতিটি বিভাগের সেরা প্রতিযোগীরা অংশ নেবেন চূড়ান্ত পর্বে।

চূড়ান্ত প্রতিযোগিতা ৩ থেকে ১১ জুলাই মিনিয়াপোলিসে সরাসরি অনুষ্ঠিত হবে। ১১ জুলাই বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে।

প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ীদের জন্য এক হাজার ৫০০ থেকে সাত হাজার মার্কিন ডলার পর্যন্ত নগদ পুরস্কারের ব্যবস্থা আছে। পূর্ণ ৩০ পারা হিফজ বিভাগে পুরুষ ও নারী—উভয় শাখার প্রথম স্থান অধিকারীর জন্য থাকছে একটি করে নতুন গাড়ি। এ ছাড়া বিভিন্ন বিভাগের প্রথম স্থান অধিকারীদের জন্য ওমরাহ পালনের সুযোগ রয়েছে। বিজয়ীদের সম্মাননা সনদও দেওয়া হবে। এ ছাড়া ওমরাহর সফর অনুষ্ঠিত হবে ২০২৭ সালের জুলাইয়ের শেষ দিকে অথবা আগস্টের শুরুতে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রত্যেকেই অফেরতযোগ্য নিবন্ধন ফি বাবদ ৫০ মার্কিন ডলার পরিশোধ করতে হবে।

উল্লেখ্য, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় যাত্রা শুরু করে ইমাম শাতিবি কোরআন প্রতিযোগিতা। প্রতিষ্ঠার পর থেকে এটি উত্তর আমেরিকায় কোরআন হিফজ, তিলাওয়াত ও ইসলামী জ্ঞানচর্চার অন্যতম আয়োজন হিসেবে পরিচিতি পেয়েছে। ২০২৬ সালের আসরে এতে এক হাজার ১০০ জনের বেশি প্রতিযোগী অংশ নেন। ২০২৭ সালের আসরে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার প্রতিযোগীদের জন্য পূর্ণ কোরআন হিফজ বিভাগ উন্মুক্ত করার মাধ্যমে আন্তর্জাতিক পরিসর আরো সম্প্রসারিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%