০৯:১৭ এম
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩তম ইমাম শাতিবি আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতা। ২০২৭ সালের এই আসরে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর পাশাপাশি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার নির্দিষ্ট শ্রেণির প্রতিযোগীরাও অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রতিযোগিতায় নগদ অর্থ, গাড়ি, ওমরাহ পালনের সুযোগসহ আকর্ষণীয় পুরস্কার বিভিন্ন বিভাগে রাখা হয়েছে।
প্রতিযোগিতার আয়োজকদের ঘোষণা অনুযায়ী, আগামী ১ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত অনলাইনে নিবন্ধন করা যাবে। তবে ইসলামী শিক্ষা বিভাগে নিবন্ধনের সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত। এই প্রতিযোগিতাটি যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার লক্ষ্য হলো নতুন প্রজন্মকে কোরআন হিফজ, বিশুদ্ধ তিলাওয়াত, কিরাত ও ইসলামী জ্ঞানচর্চায় উৎসাহিত করা।
আরও পড়ুন: ঢাকায় আজকের নামাজের সময়সূচি ও সূর্যোদয়-সূর্যাস্তের তথ্য
প্রতিযোগিতাটি চারটি প্রধান শাখা ও ১২টি বিভাগে বিভক্ত। শাখাগুলো হলো কোরআন হিফজ, ১০ কিরাত, সুমধুর কণ্ঠে তিলাওয়াত এবং ইসলামী শিক্ষা। হিফজ বিভাগে এক, তিন, পাঁচ, ১০, ১৫, ২০ ও ৩০ পারার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
১০ কিরাত বিভাগে ৫, ১৫ ও ৩০ পারার প্রতিযোগিতার ব্যবস্থা রয়েছে। সুমধুর কণ্ঠের বিভাগে মনোনয়নের মাধ্যমে প্রতিযোগী নির্বাচন করা হবে।
বিভিন্ন বিভাগে অংশগ্রহণের জন্য বয়সসীমাও নির্ধারণ করা হয়েছে। পূর্ণ কোরআন হিফজ বিভাগে সর্বোচ্চ বয়স ২৫ বছর। ইসলামী শিক্ষা বিভাগে ১৮ বছর।
অন্যদিকে ১০ কিরাত বিভাগে ৫ ও ১৫ পারার জন্য সর্বোচ্চ বয়স ৩৫ বছর এবং ৩০ পারার জন্য ৪০ বছর নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: তুলনামূলক ধর্মতত্ত্বের চর্চার বর্তমান গুরুত্ব ও প্রাসঙ্গিকতা
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর নাগরিক, বৈধ স্থায়ী বাসিন্দা এবং কর্মানুমতিপত্রধারীরা সব বিভাগে অংশ নিতে পারবেন। এ ছাড়া ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বাসিন্দারা পূর্ণ ৩০ পারা হিফজ বিভাগে অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে পর্যটক ও অস্থায়ী শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
প্রতিযোগিতার বাছাই প্রক্রিয়া তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথমে ২৪ থেকে ৩০ মার্চ ২০২৭ পর্যন্ত অনলাইনে হিফজ বিভাগের প্রতিযোগীদের পরীক্ষা নেওয়া হবে। এরপর ১ থেকে ১০ মে অনুষ্ঠিত হবে প্রাথমিক পর্ব। এতে হিফজ ও ইসলামী শিক্ষা বিভাগের প্রতিযোগীদের অনলাইন মূল্যায়ন এবং সুমধুর কণ্ঠের মনোনীত প্রতিযোগীদের ভিডিও পর্যালোচনা করা হবে। তারপর প্রতিটি বিভাগের সেরা প্রতিযোগীরা অংশ নেবেন চূড়ান্ত পর্বে।
চূড়ান্ত প্রতিযোগিতা ৩ থেকে ১১ জুলাই মিনিয়াপোলিসে সরাসরি অনুষ্ঠিত হবে। ১১ জুলাই বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে।
প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ীদের জন্য এক হাজার ৫০০ থেকে সাত হাজার মার্কিন ডলার পর্যন্ত নগদ পুরস্কারের ব্যবস্থা আছে। পূর্ণ ৩০ পারা হিফজ বিভাগে পুরুষ ও নারী—উভয় শাখার প্রথম স্থান অধিকারীর জন্য থাকছে একটি করে নতুন গাড়ি। এ ছাড়া বিভিন্ন বিভাগের প্রথম স্থান অধিকারীদের জন্য ওমরাহ পালনের সুযোগ রয়েছে। বিজয়ীদের সম্মাননা সনদও দেওয়া হবে। এ ছাড়া ওমরাহর সফর অনুষ্ঠিত হবে ২০২৭ সালের জুলাইয়ের শেষ দিকে অথবা আগস্টের শুরুতে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রত্যেকেই অফেরতযোগ্য নিবন্ধন ফি বাবদ ৫০ মার্কিন ডলার পরিশোধ করতে হবে।
আরও পড়ুন: মানুষের শারীরিক গঠন নিয়ে ব্যঙ্গ করা নিষিদ্ধ
উল্লেখ্য, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় যাত্রা শুরু করে ইমাম শাতিবি কোরআন প্রতিযোগিতা। প্রতিষ্ঠার পর থেকে এটি উত্তর আমেরিকায় কোরআন হিফজ, তিলাওয়াত ও ইসলামী জ্ঞানচর্চার অন্যতম আয়োজন হিসেবে পরিচিতি পেয়েছে। ২০২৬ সালের আসরে এতে এক হাজার ১০০ জনের বেশি প্রতিযোগী অংশ নেন। ২০২৭ সালের আসরে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার প্রতিযোগীদের জন্য পূর্ণ কোরআন হিফজ বিভাগ উন্মুক্ত করার মাধ্যমে আন্তর্জাতিক পরিসর আরো সম্প্রসারিত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন