০৮:৫৯ এম
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তার আট বছরের শাসনকালে বামপন্থি ভোটারদের মধ্যে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। অভিবাসীদের প্রতি উদার নীতি, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বড় প্রযুক্তি কোম্পানি, ইসরাইলি সরকার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার কারণে তিনি আন্তর্জাতিকভাবে বামপন্থিদের কাছে জনপ্রিয়তা লাভ করেছেন। একই সঙ্গে, দেশের অর্থনীতি শক্তিশালী হয়েছে।
তবে, এসব অর্জন আসন্ন জাতীয় নির্বাচনে তার জন্য খুব একটা কার্যকর নাও হতে পারে।
রোববারের নির্বাচন সানচেজের নেতৃত্বের ওপর গণভোট হিসেবে গণ্য হচ্ছে। জনমত জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে, মধ্যপন্থি রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) এবং উগ্র ডানপন্থি ভক্সের জোটের কাছে পরাজিত হয়ে তিনি ক্ষমতা ছাড়তে পারেন। যদি এমনটি ঘটে, তবে ১৯৭৫ সালে ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর স্বৈরশাসনের অবসানের পর প্রথমবারের মতো স্পেনের সরকারে উগ্র ডানপন্থি জাতীয়তাবাদীরা ফিরে আসবে।
আরও পড়ুন: বার্মিংহামে ১৫ এপ্রিল ২০২৭ অনুষ্ঠিত হবে ‘বিজনেট গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২৭’
আগামী বছর ফ্রান্স, ইতালি ও পোল্যান্ডের গুরুত্বপূর্ণ নির্বাচন সামনে রেখে ইউরোপের বিভিন্ন দেশে উগ্র ডানপন্থীদের শক্তি বৃদ্ধি পাচ্ছে। স্পেনের নির্বাচনও ইউরোপে দীর্ঘদিন প্রান্তিক অবস্থানে থাকা রাজনৈতিক শক্তিগুলোকে আবার ক্ষমতায় ফেরানোর বিষয়ে ভোটারদের মনোভাবের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশে জাতীয়তাবাদী নেতারা সম্প্রতি ক্ষমতা হারালেও ফ্রান্স, জার্মানি এবং স্পেনে উগ্র ডানপন্থীদের উত্থান ঘটছে। ফ্রান্সে মেরিন লে পেন তার প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে রয়েছেন। জার্মানিতে নাৎসিবাদের পর প্রথমবারের মতো একটি রাজ্য সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছে উগ্র ডানপন্থিরা।
মাদ্রিদের কার্লোস থ্রি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী গিয়ের্মো ফার্নান্দেজ-ভাসকেজ মন্তব্য করেন, ‘ফ্যাসিবাদ-পরবর্তী রাজনৈতিক দলগুলো যখন নিজ নিজ দেশে প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয় কিংবা সরকারে জায়গা করে নেয়, তখন তা যুদ্ধ-পরবর্তী ইউরোপীয় রাজনৈতিক দর্শনের জন্য বড় আঘাত।’
তিনি আরও বলেন, সানচেজের পরাজয়ের অর্থ হবে ইউরোপীয় ঐক্য ও সহযোগিতার প্রকল্পের সমর্থকরা ক্রমেই কমে আসছে।
আরও পড়ুন: এশীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে
ভক্সের অভিবাসনবিরোধী অবস্থান
ভক্স নির্বাচনি প্রচারে অবৈধ অভিবাসীদের বহিষ্কার, বৈধ অভিবাসীদের সুযোগ-সুবিধা কমানো এবং স্পেনের অভ্যন্তরীণ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপ সীমিত করার প্রতিশ্রুতি দিয়েছে।
সানচেজ জয়ী হলে, তা ইউরোপের অন্যতম সফল রাজনৈতিক প্রত্যাবর্তনের আরেকটি নজির হবে। ২০১৮ সালে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে তিনি ক্ষমতায় আসেন। এরপর তিনটি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা ধরে রেখেছেন, যার মধ্যে ২০২৩ সালের নির্বাচনেও তার টিকে থাকা অনেকের কাছে অপ্রত্যাশিত ছিল।
নির্বাচনি প্রচারে সানচেজ বলেন, গত কয়েক বছরে নানা পরিস্থিতি মোকাবিলা করেও তিনি মনে করেন, সমাজ, দেশ ও ইউরোপে ইতিবাচক প্রভাব রাখতে পেরেছেন।
আরও পড়ুন: আইওয়ায় সেনাবাহিনীর বিস্ফোরণের পর পানিতে সিসার মাত্রা অপরিবর্তিত: পরিবেশ সংস্থা
ইউরোপে ডানপন্থীদের উত্থান ঠেকানোর লক্ষ্য সামনে রেখে প্রচার চালিয়েছেন তিনি। বহুপক্ষীয় আন্তর্জাতিক সম্পর্ক, শক্তিশালী কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা, পেনশন বৃদ্ধি ও ন্যূনতম আয় কর্মসূচির মতো বামঘেঁষা নীতি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
নির্বাচনের আগে শেষ কয়েক দিনে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি, ন্যূনতম মজুরি বাড়ানো ও স্বজন হারানোর শোক পালনে ছুটির সময় বাড়ানোর মতো নানা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এসব প্রতিশ্রুতি ও নির্বাচনি প্রচারে তার দক্ষতা ভোটের আগে সমর্থন বাড়াতে সাহায্য করেছে। স্পেনের ভোটাররা পার্লামেন্টের ৩৫০ সদস্য নির্বাচন করবেন। সরকার গঠনে সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন হওয়ায় ছোট দলগুলোর সমর্থনও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
সানচেজের সোশ্যালিস্ট পার্টি দুর্বল হয়ে পড়া বামপন্থী দলগুলোর ভোট টেনে জনমত জরিপে এগিয়েছে। তবে এতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জোট তৈরি আরো কঠিন হতে পারে।
আরও পড়ুন: সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার
বামঘেঁষা অবস্থান নেওয়ার পর এখন মধ্যপন্থি ভোটারদের সমর্থন পেতে একজন মধ্যপন্থি অর্থনীতিবিদকে উপপ্রধানমন্ত্রী করেছেন সানচেজ। দীর্ঘদিন রক্ষণশীলদের প্রতীক হিসেবে পরিচিত স্পেনের জাতীয় পতাকাও গ্রহণ করেছেন তিনি। নির্বাচনি বিতর্কে তার আচরণও আগের তুলনায় সংযত ও মার্জিত হয়ে উঠেছে।
তবে ফ্রাঙ্কোর রাজনৈতিক উত্তরসূরি হিসেবে ডানপন্থিদের আখ্যায়িত করে সানচেজের বিভাজনমূলক বক্তব্যে কিছু মধ্যপন্থি ভোটার অসন্তুষ্ট। একই সঙ্গে উগ্র ডানপন্থীদের কঠোর ভাষা ও অভিবাসীবিরোধী মনোভাবও তাদের উদ্বিগ্ন করছে।
রাষ্ট্রবিজ্ঞানী ও ‘অ্যাগেইনস্ট ডিসকনটেন্ট’ বইয়ের লেখক ক্রিস্টিনা মঙ্গে বলেন, বাম দিকে সরে যাওয়ার কারণে হারানো ভোটারদের ফিরিয়ে আনার চেষ্টা করছেন সানচেজ। তবে তার মতে, এবারের নির্বাচনি প্রচার এতটাই আদর্শিক ও বিভাজনমূলক যে ভোটারদের মধ্যে দলীয় আনুগত্যও অনেক বেশি দেখা যাচ্ছে।
সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস
আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেসে ৫ মাত্রার ভূমিকম্প, ৪০টিরও বেশি পরাঘাত অনুভূত
এমএমআর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন