০৯:১৫ এম
প্রবল এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার দুই দেশ পেরু ও ইকুয়েডরে টানা ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। বিস্তীর্ণ এলাকা নদীর পানি উপচে প্লাবিত হয়ে গেছে। কোথাও কোথাও বাড়িঘর থেকে বাসিন্দাদের উদ্ধার করা হচ্ছে, আবার কোথাও গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ হয়ে গেছে।
দ্য গার্ডিয়ান সূত্রে জানা যায়, শনিবার (২৮ নভেম্বর) উত্তর পেরু ও ইকুয়েডরের উপকূলীয় অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটে। কয়েক সপ্তাহ ধরে চলা ভারি বৃষ্টির ফলে নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করতে হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, শক্তিশালী এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই জলবায়ুগত ঘটনা ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পানির তাপমাত্রা বৃদ্ধি করে এবং বিশ্বজুড়ে বৃষ্টিপাত, তাপমাত্রা ও ঝড়ের ধরনে পরিবর্তন নিয়ে আসে।
আরও পড়ুন: হরমুজে নৌমাইনের আঘাতে এক ট্যাংকারে আগুনের দাবি ইরানের
ইকুয়েডরের ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, আগস্টের শেষভাগ থেকে দেশটির সাধারণত শুষ্ক উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টিপাতে ৩৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভূমিধসে বাড়িঘর চাপা পড়ে দুজন প্রাণ হারান। আবহাওয়াবিদরা আরো বৃষ্টির আশঙ্কা করছেন। পেরুর উত্তরাঞ্চলীয় পিউরা ও টুম্বেস অঞ্চলে সোমবার (৩০ নভেম্বর) পর্যন্ত রেড অ্যালার্ট জারি রাখা হয়েছে। তাদের পূর্বাভাস, ফেব্রুয়ারি পর্যন্ত এল নিনোর প্রভাব অত্যন্ত শক্তিশালী থাকতে পারে।
উত্তর-পশ্চিম ইকুয়েডরের এসমেরালদাস প্রদেশে দুটি নদীর বাঁধ ভেঙে যাওয়ায় পুলিশ ও দমকলকর্মীরা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) সকাল পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসে ৫০টির বেশি সড়কপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রাজধানী কুইটো ও উপকূলের মধ্যে যোগাযোগের প্রধান মহাসড়কসহ অন্তত ১০টি সড়ক বন্ধ রয়েছে।
প্রতিকূল আবহাওয়ার প্রভাব ইকুয়েডরের স্থানীয় নির্বাচনের উপরও পড়েছে। রবিবারের (২৯ নভেম্বর) নির্বাচন সামনে রেখে পাঁচটি প্রদেশে ভোটকেন্দ্র স্থানান্তর করেছে দেশটির জাতীয় নির্বাচন পরিষদ। কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টির কারণে আরো ভোটকেন্দ্র ঝুঁকির মধ্যে রয়েছে।
অন্যদিকে, পেরুর উত্তরাঞ্চলে টুম্বেস নদীর পানি উপচে প্যান-আমেরিকান হাইওয়ের একটি অংশ প্লাবিত হয়েছে। এটি দেশটির উত্তর থেকে দক্ষিণাঞ্চলের মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান সড়ক। চলতি সপ্তাহে নদীর পানিতে আটকা পড়া সাতজন খামারমালিককে উদ্ধার করেছে পুলিশ। উপকূলীয় পর্যটন শহরগুলোতেও বড় ঢেউয়ের আঘাতে হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্ব ছাড়ার বিনিময়ে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব
পেরুর উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পিউরায় ২৪ ঘণ্টায় ১৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা শহরটির জন্য একটি রেকর্ড। এর ফলে রাস্তাঘাট কোমরসমান পানিতে তলিয়ে যায়। দেশটির প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরি জানিয়েছেন, উদ্ধারকারী দল প্লাবিত বাড়িঘর থেকে ৪০০ জনকে উদ্ধার করেছে। তবে তখনো প্রায় বারো জনের বেশি মানুষ পানিবন্দি ছিলেন।
এল নিনোর প্রভাব পেরুর রাজধানী লিমাতেও দেখা যাচ্ছে। সাধারণত শুষ্ক আবহাওয়ার এই শহরের কিছু এলাকায় টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। অন্যদিকে, কয়েকটি এলাকায় তাপমাত্রা বেড়ে ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১০ ডিগ্রি বেশি।
আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাব দেশটির অর্থনীতিতেও পড়েছে। ফসলের উৎপাদন ও মাছ ধরার পরিমাণ কমে যাওয়ায় খাদ্যপণ্যের দাম বেড়েছে। অক্টোবরে লিমায় বার্ষিক মূল্যস্ফীতি ৫ শতাংশ ছাড়িয়েছে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।
লিমার উপকণ্ঠে মিষ্টান্ন বিক্রি করেন পাঁচ সন্তানের মা এলিজাবেথ এসপিনোজা। তিনি বলেন, ‘পরিস্থিতি আরো খারাপ হয়েছে। নিত্যপণ্যের দাম এতটাই বেড়েছে যে আয় দিয়ে এখন আর সংসারের খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে।’ পেরুর কেন্দ্রীয় ব্যাংকের আশঙ্কা, এল নিনোর কারণে চলতি বছর দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় ১ শতাংশ কমতে পারে। ২০২৭ সালেও এর নেতিবাচক প্রভাব অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: থ্যাংকসগিভিংয়ে অ্যারিজোনায় পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু, বাবা গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন