ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহী মেডিকেল কলেজে আরএমসি চ্যাম্পিয়নস কাপের সমাপনী অনুষ্ঠিত


রাজশাহী মেডিকেল কলেজে আরএমসি চ্যাম্পিয়নস কাপের সমাপনী অনুষ্ঠিত

রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত আরএমসি চ্যাম্পিয়নস কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার বিকেলে কলেজ ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। খেলা শেষে তিনি অন্যান্য অতিথিদের সঙ্গে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সরকারের ক্রীড়া উন্নয়ন উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, ক্রীড়াকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ বিশ্ব ফুটবলের বড় আসরেও নিজেদের অবস্থান সুদৃঢ় করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খন্দকার মো. ফয়সাল আলম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ-আল ইসলাম, বিএমএর সাবেক সভাপতি ডা. ওয়াসিম হোসেন, ড্যাব রামেকের সাবেক আহ্বায়ক ডা. মোফাখারুল ইসলাম এবং রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবুসহ অন্যান্য অতিথিরা।

এছাড়া রামেক ছাত্রদলের সভাপতি আমরি মিম, সাধারণ সম্পাদক রিমন আলী, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিব রাইহান রবীন, সদস্য সচিব ইমদাদুল হক লিমন, জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়ক।

টুর্নামেন্টের ফাইনালে ৬১-৩১ ও ৬২-৩২ ব্যাচের ইন্টার্ন দল ১-০ গোলে ৬৫-৩৫ ব্যাচের দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এদিকে অনুষ্ঠানের অংশ হিসেবে প্রধান অতিথি মাহফুজুর রহমান রিটন ও অন্যান্য অতিথিরা রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। আয়োজকদের ভাষ্য, এটি প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকারি কাজে কোনো প্রকার দুর্নীতি এবং অনিয়ম বরদাশত করা হবে না। দেশের সার্বিক অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে হবে এবং প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

শনিবার (৪ জুলাই) নান্দাইল উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত একটি মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত নীতি সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে আমাদের সকলেরকে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষার জন্য দেশের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে।

তিনি যোগ করেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্মতভাবে শেষ করতে হবে যাতে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সে অনুযায়ী সমন্বিতভাবে কাজ করতে হয়।

সভায় প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোল্লাহাটে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


মোল্লাহাটে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে একটি মাদকবিরোধী র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে মোল্লারকুল যুব সংঘের উদ্যোগে মোল্লারকুল স্কুল মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে ছিলেন মোল্লাহাট থানার পরিদর্শক (তদন্ত) মো. হাতেম আলী, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ।

স্থানীয় ব্যক্তি জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভা একাধিক শ্রেণি-পেশার লোকজন, তরুণ-যুবক এবং সচেতন নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ এবং ‘আপনার সন্তান মাদকের ধ্বংসযজ্ঞ থেকে নিরাপদ তো? আসুন, মাদককে প্রতিহত করি, তরুণ ও যুব সমাজের সম্ভাবনা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় একতাবদ্ধ হই’—এমন সচেতনতা বাড়ানোর স্লোগানসংবলিত ব্যানার বহন করেন।

আলোচনাসভায় বক্তারা মন্তব্য করেন, মাদক কেবল একজন ব্যক্তিকেই নয়, বরং একটি পরিবার ও গোটা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, সামাজিক সংগঠন এবং তরুণ সমাজকে ঐক্যে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমেই মাদকের বিস্তার রোধ করা সম্ভব।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজে মাদকের ভয়াবহ প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা, বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করা এবং সুস্থ, নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারকে অর্থনীতি পুনরুদ্ধারে সময় দিতে হবে: আবু আহমেদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


সরকারকে অর্থনীতি পুনরুদ্ধারে সময় দিতে হবে: আবু আহমেদ

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ’র (আইসিবি) চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেছেন, স্বৈরাচার আমলে কোনো বড় বিজনেস হাউজ সেই সরকারকে সন্তুষ্ট না করে ব্যবসা করতে পারতো না। ব্যবসা-বাণিজ্যে অনিয়ম-দুর্নীতিসহ দলের স্বার্থ প্রাধান্য পেত। তিনি উল্লেখ করেন, পালিয়ে যাওয়া সরকার পদ্মা রেলসেতু, কর্ণফুলি টানেল, পায়রা বন্দর ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বহু মেগা প্রকল্পই রাজনৈতিক উদ্দেশ্যে করেছিল। এসব প্রকল্পে দুর্নীতির উদ্দেশ্যে জাতীয় স্বার্থ বিবেচনা করা হয়নি।

শনিবার এফডিসিতে বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারে এবারের বাজেট শীর্ষক এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতাটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

আবু আহমেদ বলেছেন, বর্তমান সরকার মেগা প্রকল্প গ্রহণে রক্ষণশীল। মানব উন্নয়নকেন্দ্রীক প্রকল্পকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফর আমাদের অর্থনীতি পুনরুদ্ধারে ‘গেমচেঞ্জার’ হিসেবে কাজ করবে। তিনি বলেছেন, এই সফর উন্নয়ন সহায়তা, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে।

বড় বাজেট দোষের কিছু নয়। নির্বাচিত সরকার তার কর্মসূচি বাস্তবায়নে বড় বাজেট দিতেই পারে। তবে বাজেট বাস্তবায়নে দক্ষতা বাড়াতে হবে। তিনি এ প্রসঙ্গে উল্লেখ করেন, এই সরকারকে অর্থনীতি পুনরুদ্ধারে সময় দিতে হবে। অতীতে টানেলের শেষে কোন আলো খুঁজে পাওয়া যেত না, কিন্তু এখন আমরা আশাবাদী। হতাশা কাটিয়ে টানেলের শেষের আলো দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে হলে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, সিঙ্গাপুরের মতো দেশে কর্পোরেট করের হার বাংলাদেশের তুলনায় কম। তিনি সতর্ক করে বলেন, আমরা যদি করের হারকে অন্তত এ দেশগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ করতে না পারি তাহলে বিদেশী বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে না।

‘এবারের বাজেট বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সক্ষম’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বিতার্কিকদের পরাজিত করে ঢাকা কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন-অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক মাঈনুল আলম, সাংবাদিক আবুল কাশেম ও সাংবাদিক মাইদুর রহমান রুবেল। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। ছায়া সংসদটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের ৮ বছর পর মা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


বিয়ের ৮ বছর পর মা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী

জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পিয়ান সরকার এবং নির্মাতা রাজা চন্দ। এই তারকা দম্পতি বিয়ের আট বছর পর প্রথমবার বাবা-মা হতে যাচ্ছেন।

স্বামীর জন্মদিনেই তারা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সুখবরটি।

শুক্রবার (৩ জুলাই) ছিল রাজা চন্দের জন্মদিন। এই বিশেষ দিনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে পিয়ান তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি প্রকাশ করেন। তারা এতদিন বিষয়টি একান্ত ব্যক্তিগত পরিসরে রেখেছিলেন।

ঘনিষ্ঠজন ছাড়া টালিউডের অনেকেই এ সম্পর্কে জানতেন না।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে পিয়ান ছয় মাসের অন্তঃসত্ত্বা। চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি বিশ্রামে রয়েছেন। অনাগত সন্তানের সুস্থতার কথা চিন্তা করে আপাতত নতুন কোনো কাজও হাতে নিচ্ছেন না এই অভিনেত্রী।

অন্যদিকে, রাজা চন্দ পেশাগত ব্যস্ততায় কলকাতা ও মুম্বাইয়ের মধ্যে নিয়মিত যাতায়াত করলেও স্ত্রীর যত্নে কোনো কমতি রাখছেন না বলে জানা গেছে। স্বামীর জন্মদিন উপলক্ষে শেয়ার করা ছবিতে স্পষ্টভাবে দেখা যায় পিয়ানের বেবি বাম্প।

সেই পোস্টে পিয়ান লেখেন, ‘শুভ জন্মদিন মাম্মা…ধন্যবাদ আমার জীবনটা এত সুন্দর, নিরাপদ এবং মায়া-মমতায় ভরিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এই বছরটা আমরা তোমাকে একটু বেশি হাসি আর জড়িয়ে ধরার ওমে উদযাপন করছি।’

বর্তমানে কলকাতার বাড়িতে পরিবারের সদস্যদের সান্নিধ্যে সময় কাটাচ্ছেন পিয়ান।

প্রতি বছরের মতো এবারও রাজার জন্মদিন এসেছে, তবে এবারের উদযাপন তাদের জীবনে একেবারেই ভিন্ন মাত্রা যোগ করেছে। কারণ, খুব শিগগিরই তাদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি।

এই তারকা দম্পতির সুখবর প্রকাশ্যে আসার পর থেকেই রাজা চন্দ ও পিয়ান সরকারকে শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছেন সহকর্মী, বন্ধু ও অনুরাগীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%